কোনো ক্যাচ হাতে পাননি। সারা দিনে বল খুব একটা পিছু নেয়নি তাঁর। বোলিং তো করেনই না বলতে গেলে। মিরপুর টেস্টের প্রথম দিনে দৃশ্যপটের আড়ালেই ছিলেন অনেকটা। তবু টেস্ট খেলার হাফ সেঞ্চুরি ছুঁলেন বলেই হয়তো দিন শেষে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে এলেন রস টেলর

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ম্যাচটাকে কী অবস্থায় দেখছেন?
রস টেলর: আমার মনে হয়, দ্বিতীয় সেশনের তিন উইকেট মোমেন্টাম নিশ্চিতভাবেই আমাদের পক্ষে এনেছে। তবে মাত্রই শুরু, ম্যাচের এখনো অনেক বাকি। বাংলাদেশ ওভারপ্রতি চারের বেশি রান করেছে। ৫৫ ওভার হলেও ম্যাচ তাই আরেকটু বেশি এগিয়ে গেছে।
উইকেট কেমন মনে হলো?
টেলর: উইকেট চট্টগ্রামের চেয়ে একটু বেশি শুষ্ক, আরেকটু বেশি রুক্ষ। ৫৫ ওভারেই বেশ কিছু ফুটমার্ক দেখা যাচ্ছে। আমি নিশ্চিত, এই উইকেটে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে বোলিংয়ের জন্য মুখিয়ে থাকবে স্পিনাররা। তবে চট্টগ্রামের চেয়ে পুরোই ভিন্ন উইকেট। এই উইকেট অবশ্যই ভাঙবে। বৃষ্টি হলে একটু বেশি সময় টিকতে পারে, এই যা।
মোমেন্টাম যখন আপনাদের দিকে, তখনই বৃষ্টিটা এল। হতাশ নিশ্চয়ই?
টেলর: হতাশ তো বটেই। তবে আবহাওয়া তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই! ম্যাচ এখনো অনেকটাই সমতায়। বৃষ্টিটা বরং আমাদের ফাস্ট বোলারদের বাড়তি খানিকটা বিশ্রাম দিয়েছে। আশা করি, আবহাওয়া ভালো থাকলে কাল (আজ) আমরা দ্রুতই আঘাত হানতে পারব এবং দ্বিতীয় নতুন বলের আগেই সাত-আট উইকেট তুলে নিতে পারব।
দলে ফিরে নিল ওয়াগনার তো দারুণ বোলিং করলেন...
টেলর: বুঝতে পারলাম না ছেলেরা মজা করছিল কি না, ওয়াগনার নাকি আজ স্রেফ ১১৫ কিমি গতিতে বোলিং করছিল! গত ম্যাচে ওকে বাইরে রাখা হয়েছিল, নিজেকে তাই প্রমাণ করতে চেয়েছিল ও। এই গরমে সকালে ৯ ওভারের স্পেল করেছে, কৃতিত্ব দিতেই হবে ওকে। চট্টগ্রামের চেয়ে এই উইকেটে বাউন্স খানিকটা বেশি। সুইংও একটু বেশি করেছে। এটাও ওকে সাহায্য করেছে।
এক স্পিনার কমিয়ে চার পেসার নিয়ে খেলছেন। দলের এই কম্বিনেশনটাকেই কি সঠিক মনে হচ্ছে?
টেলর: এত তাড়াতাড়ি বলা মুশকিল। দলে ফিরেই ওয়াগনারের এমন বোলিং করাটা ছিল দারুণ। তবে টেস্টের এখনো অনেক বাকি। আশা করি, কাল (আজ) দ্রুত উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে পারব।
গত টেস্টের মতো তামিম ইকবাল আবারও দুবার জীবন উপহার পেলেন!
টেলর: শুরুতেই দুটি ক্যাচ হাতছাড়া করলে মোমেন্টাম সব সময়ই হাতছাড়া হয়। তবে কেউ তো আর ইচ্ছা করে ছাড়ে না! তামিমের ক্যাচ ছাড়ার মূল্যও দিতে হয়েছে আমাদের। তার পরও আমরা খুশি, কারণ আরও বেশি মূল্য দিতে হতে পারত। আমার মতে, ডগ ব্রেসওয়েল আজ আমাদের সেরা বোলার ছিল, কিন্তু ভাগ্য পাশে পায়নি।
৫ উইকেট নিলেও আপনাদের বোলাররা রান কি একটু বেশি দিয়ে ফেললেন?
টেলর: আমার তা মনে হয় না। মার্শাল ও তামিম শুরু থেকেই শট খেলছিল। মাঠের দুই দিকেই সীমানা ১০ মিটারের মতো করে ভেতরে আনায় বাউন্ডারিও ছোট হয়েছে। রান আরেকটু কম হলে অবশ্যই ভালো হতো। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তবে যেভাবে খেলায় ফিরেছি, তাতে আমরা খুশি।
বেশ কবারই দেখা গেছে দুটি গালি, দুটি শর্ট কভার, দুটি শর্ট মিড উইকেট—এমন ফিল্ডিং সাজানো হয়েছে। বিশেষ করে, তামিম ও মার্শালের জন্য। সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল এটা?
টেলর: ব্যাটসম্যান দেখে নয়, আসলে উইকেটের জন্যই এটা করা হয়েছে। নতুন বল ভালোই ব্যাটে আসছিল, কিন্তু বল একটু পুরোনো হওয়ার পর ব্যাটে এসেছে একটু ধীরে। আর উপমহাদেশের উইকেটে ওই ফিল্ডিং পজিশনগুলো শুধু আক্রমণাত্মকই নয়, অনেক সময় রানের চাকাও আটকে দেয়। এই ভাবনা থেকেই ওভাবে ফিল্ডিং সাজানো হয়েছিল।
বাংলাদেশকে কততে আটকে রাখতে চান?
টেলর: বিশ্রাম পেয়ে আমাদের পেসাররা তরতাজা থাকবে। মাঠে নেমেই তাই দ্রুত উইকেট নিতে চাই আমরা। আগে যেমন বলেছি, দ্বিতীয় নতুন বলের আগে সাত-আট উইকেট নেওয়া আমাদের লক্ষ্য। এরপর বাংলাদেশের রান যা-ই হোক, টস হেরেছি বিবেচনায় আমরা সন্তুষ্টই থাকব।