‘রবিন হুড’ বরুসিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সর্বাধিক নয়বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ডটিও আছে এই স্প্যানিশ জায়ান্টদের দখলে। অন্যদিকে, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড এই ইউরোপ সেরার মুকুট পড়েছে মাত্র একবার। দুই ক্লাবের ব্যবধানটা শুধু শিরোপা জয়ের পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, অর্থবিত্তের দিক থেকেও অনেক ব্যবধান আছে বরুসিয়া ও রিয়াল মাদ্রিদের। ইউরোপিয়ান ফুটবল অঙ্গনের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। এ বিবেচনায় অনেক পিছিয়েই আছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বরুসিয়ার কাছেই চূর্ণ হয়েছে রিয়াল মাদ্রিদের দর্প। গতকাল ৪-১ গোলের দুর্দান্ত এক জয়ের পর যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না বুরুশিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ। ধনী ক্লাব রিয়ালের বিপক্ষে শিষ্যদের অসাধারণ পারফরমেন্সের পর নিজেদেরকে রবিন হুডের সঙ্গে তুলনা করেছেন এই জার্মান কোচ। ধনীদের ধনসম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন রবিন হুড। এই কাজের মাধ্যমে তিনি ধনীদের চক্ষুশূলে পরিণত হলেও ভালোবাসা কুড়িয়েছিলেন হতদরিদ্র মানুষের। প্রতীকী অর্থে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডও যেন আবির্ভূত হয়েছিল রবিন হুডরূপে। রিয়াল মাদ্রিদের অর্থবিত্ত-তারকা খেলোয়াড়ের সমাহার-সেরা কোচের তত্ত্বাবধান, কোনো কিছুই পাত্তা পায়নি ‘রবিন হুড’রূপী বরুসিয়া ডর্টমুন্ডের সামনে। শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুরুশিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘ডর্টমুন্ড অবিশ্বাস্য রকমের পারফরম্যান্স দেখিয়েছে। আমি ইংরেজিতে এটা ব্যাখ্যা করতে পারব না। আমরা যেন রবিন হুড হয়ে উঠেছিলাম। এক কথায় এটা দুর্দান্ত। আমি রক্ষণভাগে দুজন খেলোয়াড় রেখেছিলাম। আর তারাও বারবার আক্রমণ করেছে রিয়ালের গোলপোস্টে। এটাই হলো টোটাল ফুটবল। খুবই ভালো লেগেছে এই পারফরম্যান্স দেখে।’সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জয়ের পর ফাইনালের স্বপ্নটা অনেক জোরদার হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের। দ্বিতীয় লেগের খেলায় অনেকটা নির্ভার হয়েই মাঠে নামতে পারবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৩০ এপ্রিল দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে রিয়াল ও বরুসিয়া। গোল ডটকম