'রহস্যময় অসুখ' সেরে গেছে আকমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ‘রহস্যময়’ অসুখ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সেটা অবশ্য নিছক গুঞ্জন ছিল না। ব্যাপারটা রহস্যময় করে তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি)। মুখে কুলুপ এঁটে সেই রহস্যে নতুন মাত্রা যোগ করেছিলেন বিমানের ভেতর দাঁতকপাটি লেগে অজ্ঞান হয়ে পড়া আকমল নিজেও।
সেই রহস্যময় পরিস্থিতি কাটিয়ে আকমল খেলায় ফেরার জন্য প্রস্তুত। নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত পরশু স্নায়ুবিদেরা জানান, আকমলের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার কিছু নেই। তাঁর কোনো ওষুধ সেবনেরও প্রয়োজন নেই। ঘুম কম হওয়ার ফলেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। এর পরই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ‘ফিট’ বলে ঘোষণা করে পিসিবি। বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান নজম শেঠির ভাষ্য, ‘আগামী দিনে পাকিস্তানের হয়ে লড়াইয়ের জন্য আকমল প্রস্তুত।’
আকমলের শারীরিক অবস্থা নিয়ে রহস্যের সূচনা গত মাসে। তিনি তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন। ত্রিনিদাদ থেকে অ্যান্টিগা যাওয়ার পথে বিমানের ভেতরেই দাঁতকপাটি লেগে জ্ঞান হারিয়ে ফেলেন আকমল।
পিসিবি আকমলের অসুস্থতা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি। পিসিবির একটি সূত্র এর আগে জানায়, ওয়েস্ট ইন্ডিজে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা জানিয়েছিলেন, মৃগী রোগে ভুগছেন আকমল। রোগের মাত্রাটাও নাকি বেশি। আকমলের এক আত্মীয়ও শুরুর দিকে দাবি করেছিলেন, মৃগী রোগ আছে আকমলের। তবে পিসিবির চিকিত্সকদের পরীক্ষায় ভিন্ন ফলাফল আসে। পরে পাকিস্তানি স্নায়ুবিদদের শরণাপন্ন হন তিনি।
রোগ বা রোগের মাত্রা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন আকমল নিজেও। দাঁতকপাটি লেগে জ্ঞান হারিয়ে যাওয়ার পর দ্রুতই দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। তাঁর ক্যারিবীয় লিগে খেলা শেষ হয়ে যায়। জিম্বাবুয়ের সফরের দলেও তাঁকে রাখেননি পাকিস্তানি নির্বাচকেরা। তবে দেশে ফিরেই আকমলভাইদের ছোটজন সংবাদমাধ্যমকে জানান, তিনি বেশ ভালো আছেন। তেমন কিছু হয়নি। জিম্বাবুয়ে সফরের দলে যোগ দিতে তিনি প্রস্তুত।
স্নায়ুবিদদের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আকমলের কথাটাই সত্যি হলো। তেমন কিছুই হয়নি তাঁর। এর পরও প্রশ্নটা থেকে যায়, সত্যি কি ঘুম না হওয়ার কারণে দাঁতকপাটি লেগে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আকমল! সূত্র: জিনিউজ।