'রহস্যময়' প্রতিপক্ষ নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভালোই চমক দেখিয়েছে নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভালোই চমক দেখিয়েছে নেপাল

কত রহস্যই না জানি লুকিয়ে আছে হিমালয়ের আনাচ-কানাচে। সেই রহস্যাবৃত হিমালয়ের কন্যা নেপালও এখন পর্যন্ত রহস্যই হয়ে আছে বাংলাদেশের জন্য। আজই ভাঙতে যাচ্ছে সেই রহস্যের ভাঁজ। ক্রিকেটে এই প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে নেপালকে পাচ্ছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে বাংলাদেশ নিশ্চিতভাবেই এগিয়ে আছে অনেকখানি। কিন্তু খেলাটা টি-টোয়েন্টি বলেই উড়িয়ে দেওয়া যাবে না নেপালের সম্ভাবনাও। একজনই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক মুশফিকও। রহস্যের বাতাবরণে ঢাকা নেপালের শক্তিমত্তাও যেহেতু বাংলাদেশের অজানা তাই আপাতত নিজেদের সেরা খেলাটাই চোখ বুজে খেলে যাওয়ার লক্ষ্য টাইগারদের।
ক্রিকেটের উদীয়মান শক্তি নেপাল গর্ব করতে পারে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। পরেশ খড়কা তাদের অন্যতম। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই হংকংকে উড়িয়ে দেওয়ার ম্যাচ পরেশ ছিলেন অনন্য। ব্যাট হাতে নেপালের অন্যতম নির্ভরতার প্রতীক এই ডানহাতি ব্যাটসম্যান। বল হাতেও পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাছাইপর্বের প্রায় প্রতিটি ম্যাচেই হেসেছে খড়কার ব্যাট। নয়টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২২৮ রান। এই পরিসংখ্যান দিয়ে হয়তো ঠিক বোঝা যাবে না খড়কার অপরিহার্যতা। ৪ নম্বরে ব্যাট করতে নেমে প্রায় প্রতিটি ম্যাচেই তিনি খেলেছেন গুরুত্বপূর্ণ সব ইনিংস। হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচেও করেছেন ৩৭ বলে ৪১ রান।
উদ্বোধনী ব্যাটসম্যান সুভাষ খাকুরেলও নিজের দিনে ভালোই বিপজ্জনক হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের বোলারদের জন্য। বাছাইপর্বের বেশ কয়েকটি ম্যাচে তিনিই দলকে গড়ে দিয়েছিলেন বড় সংগ্রহের ভিত্তি। হংকংয়ের বিপক্ষে তিনি খেলেছেন ১৬ বলে ২২ রানের ইনিংস।
নেপালের আরেক ব্যাটিং ভরসার নাম জ্ঞানেন্দ্র মাল্লা। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটা। বাছাইপর্বেও দেখিয়েছেন সমীহ জাগানিয়া পারফরম্যান্স। গত নভেম্বরে হল্যান্ডের বিপক্ষে করেছেন ৪৪ রান। এ ছাড়া বলতে হবে বিনোদ ভান্ডারির কথা। খুব বেশি ধারাবাহিক না হলেও ৫ নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী এই ডানহাতি ব্যাটসম্যান। বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে ছয়টি ছক্কা মেরে করেছেন ২৩ বলে ৫১ রান। বাংলাদেশে এসে এখনো পর্যন্ত অবশ্য দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি। কিন্তু বড় শট খেলার সক্ষমতা বেশ ভালোমতোই আছে ভান্ডারির।
ব্যাটের মতো বল হাতেও নেপালের প্রধান ভরসা অধিনায়ক খড়কা। তবে বাংলাদেশের উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বসন্ত রেগমি ও শক্তি গৌচান। বামহাতি এই দুই স্পিনারই হংকংয়ের বিপক্ষে নিয়েছেন তিনটি করে উইকেট। ডানহাতি অফস্পিনার সাগর পুন ও ডানহাতি পেসার জিতেন্দ্র মুখিয়াও বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে।