'রহস্য' ভাঙলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বেশ আনন্দময় কিছু মুহূর্ত কাটালেন মেসি ছবি: রয়টার্স
ব্যাংককে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বেশ আনন্দময় কিছু মুহূর্ত কাটালেন মেসি ছবি: রয়টার্স

কী সেই সাফল্যসূত্র? কী সেই রহস্য? এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে অনেকেই হয়রান। কী এমন রসায়ন লিওনেল মেসিকে যা ‘মেসি’ বানিয়ে তুলেছে? সেই ধাঁধাটার উত্তর মেসি নিজেই দিলেন। প্রকৃতি-প্রদত্ত প্রতিভা তো আছেই। মেসির মতো প্রতিভা ক্ষণজন্মা এবং অবশ্যই সহজাত। এদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় না। প্রশিক্ষণ দিয়ে আরও শাণিত, পথ চলাটাকে আরও সুগম করা যায় মাত্র। কিন্তু মেসি জানালেন, শুধু প্রতিভাই শেষ কথা নয়। সেরাদের সেরা হতে চাইলে জীবনে অনেক আত্মত্যাগ করতে হয়। অনেক ছাড় দিতে হয়। করতে হয় কঠোর পরিশ্রম। সংক্ষিপ্ত এক সফরে তিন বছর পর আবার এশিয়ায় এসেছে বার্সেলোনা। গতকাল থাইল্যান্ডে দেশটির জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছে। এর আগে ইউনিসেফের সৌজন্যে ব্যাংককে এক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। সেখানেই নিজের সাফল্যের রহস্য জানিয়ে বলেছেন, ‘নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাদের লড়াই করতে হবে। এর জন্য তোমাকে অনেক ত্যাগস্বীকার করতে হবে, করতে হবে কঠোর পরিশ্রম। অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখন কোনো প্রতিযোগিতা নেই, কিন্তু আমরা অনেক অনুশীলন করছি। যখন মৌসুম শুরু হবে, ম্যাচ খেলতে হবে জন্য আমরা তখন দিনে এক বা দুই ঘণ্টা করে অনুশীলন করব।’

অনুষ্ঠানে উপস্থিত থাইল্যান্ডের প্রতিবন্ধী ফুটবল দলকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন মেসি। দলটি আগামী বছর ব্রাজিলে গ্লোবাল ইউনিফাইড কাপ খেলতে যাবে। ব্রাজিলে খেলতে যাবেন মেসিও—বিশ্বকাপে। মেসি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতাটাকে উপভোগ করা। নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়া...জিতলে কি হারলে, সেটা অত গুরুত্বপূর্ণ অংশ নয়।’