শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক এখন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক। নিজের শহর মাতারাতে অবশ্য তাঁর আরেকটি পরিচয়ও আছে। স্থানীয় সংসদ সদস্য। কাল সকালে মাতারার ওয়াইনওয়াত্তা স্টেডিয়ামে বাংলাদেশের তিন দিনের ম্যাচ দেখতে দেখতে রাজনীতিক ও প্রধান নির্বাচক দুই সনাৎ জয়াসুরিয়ারই সাক্ষাৎকার নিলেন উৎপল শুভ্র
‘রাজনীতিতে এসেছি উদাহরণ সৃষ্টি করতে’
কী নামে সম্বোধন করব আপনাকে? মিস্টার এমপি, মিস্টার চিফ সিলেক্টর নাকি সনাৎ জয়াসুরিয়া?সনাৎ জয়াসুরিয়া: (হাসি) আপনার যা ইচ্ছা বলতে পারেন...তবে সনাৎ জয়াসুরিয়াই আমার পছন্দ। নানা ভূমিকার মধ্যে কোনটি মূল পরিচয়?জয়াসুরিয়া: আমি সবকিছুই উপভোগ করছি। হ্যাঁ, কাজগুলো চ্যালেঞ্জিং। আর আমি চ্যালেঞ্জ ভালোবাসি। প্রধান নির্বাচকের ভূমিকায় আপনাকে দেখা প্রত্যাশিতই। কারণ এটা আপনার পরিচিত আঙিনাই। কিন্তু রাজনীতির মাঠে তো আপনি নতুন... জয়াসুরিয়া: হ্যাঁ, আমার জন্য নতুনই। আড়াই-তিন বছর ধরে আমি আমার শহরের লোকজনের জন্য কাজ করছি। যতটা পারছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। সরকারও খুব ভালো করছে। প্রেসিডেন্ট থেকে শুরু করে দলের সব লোক দেশকে আরও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যুদ্ধ শেষে শ্রীলঙ্কা এখন ঠিক পথেই যাচ্ছে। রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন?জয়াসুরিয়া: মূলত মিস্টার প্রেসিডেন্টের কারণে। আমার দেখা সবচেয়ে ভালো মানুষ উনি। শ্রীলঙ্কার জন্য অনেক কিছু করেছেন, ক্রিকেটেও অনেক অবদান। শুধু ক্রিকেট কেন, শ্রীলঙ্কার খেলাধুলার জন্যও। তো উনি যখন আমার নিজের শহরের জন্য কিছু করতে বললেন, আমি ‘না’ করতে পারলাম না। কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব কি কাজ করেনি? আগে যেমন পুরো মাতারাই আপনার ভক্ত ছিল, রাজনীতিতে আসার পর তো অনেকে আপনার প্রতিপক্ষ দল হয়ে গেছে।জয়াসুরিয়া: সিদ্ধান্তটা কঠিনই ছিল। আমি জানতাম, আমার ভক্তরা দুই ভাগ হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কায় দুটি প্রধান রাজনৈতিক দল। এক দলে যোগ দেওয়া মানেই অন্য দলের চক্ষুশূল হওয়া। তবে আপনি রাজনীতি করেন বা না করেন, একটা পরিচয় কিন্তু হয়েই যায়। এটা আমাদের চরিত্রেই আছে। এখন শুধু আমার গায়ে একটা লেবেল লেগে গেছে, এই আরকি! আগেও মানুষ কোনো না কোনো লেবেল লাগিয়েই দিত। খেলা আর রাজনীতির মধ্যে কোনো মিল কি খুঁজে পান?জয়াসুরিয়া: মিল বলতে দুটির কোনোটাই সহজ নয়। তবে আমি ক্রিকেট খেলাটা শুরু করেছিলাম যখন আমার বয়স সাত বা আট। ক্রিকেটে আমার তাই পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা। আর রাজনীতির খেলায় আমি একেবারে নতুন। আমি এখনো রাজনীতির ‘অ আ ক খ’ শেখার চেষ্টা করছি। তবে আমি বুঝি, আমি যদি আমার এলাকার জন্য ঠিক কাজগুলো করি, তাহলেই হবে। খেলার সময় ব্যাট হাতে বা বল হাতে নিজের ইচ্ছামতো সব করতে পারতেন। রাজনীতিতে তো সব সময় তা করা যায় না। এটা কি সমস্যা মনে হয় কখনো? জয়াসুরিয়া: ঠিক বলেছেন। রাজনীতির নিয়ম আলাদা। ক্রিকেটে আপনার শুধু ১৫ জন খেলোয়াড়কে চালাতে হয়। সেখানে রাজনীতিতে অনেক লোকের সঙ্গে কাজ করতে হয়। প্রেসিডেন্টকে চালাতে হয় পুরো দেশ। ক্রিকেট আর রাজনীতি পুরো আলাদা জিনিস। আমার জন্য সেটিই ভালো হয়েছে। এই দুটি না মেশানোই ভালো। উপমহাদেশে রাজনীতিকদের সম্পর্কে তো মানুষের অনেক নেতিবাচক ধারণা। রাজনীতিতে আসার আগে এটি মাথায় ছিল?জয়াসুরিয়া: এ কারণেই আমি রাজনীতিতে এসেছি। অন্য সবার সামনে উদাহরণ সৃষ্টি করতে চাই। আমরা যদি অবস্থার পরিবর্তন করতে না পারি, কেউই পারবে না। আমি তাই সব সময় ঠিক কাজটা করার ব্যাপারে সচেতন থাকি। নইলে মানুষ ভুল বার্তা পাবে। প্রধান নির্বাচকের ভূমিকায় তো মাত্র শুরু। শ্রীলঙ্কা দলে এমন অনেকে আছে, যাঁদের সঙ্গে আপনি খেলেছেন। হয়তো কখনো সমস্যাও হয়েছে। কেউ যদি আশঙ্কা করে, সেটি আপনার দল নির্বাচনে প্রভাব ফেলতে পারে? জয়াসুরিয়া: এই অবস্থানে থেকে অমন চিন্তাই করা উচিত না। এখানে আপনাকে বড় মনের হতে হবে। একসঙ্গে থাকলে সমস্যা হতেই পারে। আমাদের মধ্যেও হয়েছে। কিন্তু প্রধান নির্বাচক হওয়ার পর সেসব মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না। নিজের কাজটা ঠিকভাবে করাটাই আসল। খেলোয়াড়ি জীবনে নিশ্চয়ই অনেক সময় নির্বাচকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। অনেক প্রধান নির্বাচকও দেখেছেন ক্যারিয়ারে। নিজে প্রধান নির্বাচক হিসেবে নতুন কী করতে চান?জয়াসুরিয়া: সেভাবে নতুন কিছু নয়। তবে তরুণদের বেশি করে সুযোগ দিতে চাই। যথেষ্ট সুযোগ, যাতে ওরা শ্রীলঙ্কার পক্ষে খেলতে পারে। মুরালিধরনরা সব সময় জন্মায় না জানি। তার পরও আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো বোধ হয় মুরালির মতো আরেকজন ম্যাচ উইনিং বোলার খুঁজে বের করা, তাই না?জয়াসুরিয়া: (হাসি) আরেকটা মুরালি আপনি কোথায় পাবেন? কঠিন। তবে ভালো অনেক তরুণ বোলার উঠে আসছে। তরুণ অফ স্পিনার থারিন্ডু কৌশল...ও ভালো। ও এগিয়ে যাবে। ক্লাব ক্রিকেটে ভালো খেলছে। আশা করি, ওর মাধ্যমে শ্রীলঙ্কা আরেকজন ভালো অফ স্পিনার পাবে। এবার আসল প্রশ্ন, গলে বাংলাদেশ শ্রীলঙ্কার কোন দলের সঙ্গে খেলবে?জয়াসুরিয়া: কোন শ্রীলঙ্কা মানে? আমার মনে হয়, প্রশ্নটা আপনি বুঝেছেন। শ্রীলঙ্কা মূল দল খেলবে নাকি জোড়াতালি দেওয়া কোনো দল?জয়াসুরিয়া: শ্রীলঙ্কা দলই খেলবে। হ্যাঁ, নাম তো শ্রীলঙ্কাই থাকবে। কিন্তু ম্যাথুস-চান্ডিমালরা খেলবেন, নাকি জোড়াতালি দেওয়া কোনো দল?জয়াসুরিয়া: দেখুন, সব জায়গাতেই এ ধরনের সমস্যা হয়। আবার তা মিটেও যায়। অতীতে এখানেও হয়েছে, সেটির সমাধানও হয়েছে। এবারও সব মিটে যাবে। তার মানে আপনি আশাবাদী, প্রথম টেস্টে শ্রীলঙ্কার সম্ভাব্য সেরা দলই নামবে?জয়াসুরিয়া: ইয়েস, ইয়েস, ইয়েস।