‘রাজসাক্ষী’ নিয়ে অন্ধকারে পিসিবি
ঝড়ের মধ্যে এমন দেখা যায় প্রায়ই। একটু সময়ের জন্য থমকে যায় দমকা হাওয়া। অপেক্ষা চলে আবার ঝড় ছুটে আসার। ওই অবস্থায় ক্ষয়ক্ষতির হিসাব করে ওঠা দুরূহ। পাকিস্তানের সাম্প্রতিক ক্রিকেট-কেলেঙ্কারি যেন এমনই পরিস্থিতি সৃষ্টি করেছে।হইচই নেই বা বড় কোনো ঘটনা এই সময়ে ঘটছে না। নতুন নতুন গুঞ্জন বাতাসে। কিন্তু কোনো পক্ষের অবস্থান ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। একদিকে শোনা যাচ্ছে আজীবন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে আইসিসির রাজসাক্ষী হতে পারেন মোহাম্মদ আমির। আরেক দিকে পিসিবি বলছে, তারা এ সম্পর্কে কিছুই জানে না। লন্ডনে হয়ে গেছে ‘চতুর্থ ক্রিকেটার’ ওয়াহাব রিয়াজের জিজ্ঞাসাবাদ। কিন্তু জিজ্ঞাসাবাদে কী জানা গেল, তা জানার কোনো উপায় নেই! স্কটল্যান্ড ইয়ার্ড ওয়াহাবের নাম উল্লেখ না করে একটা বিবৃতি দিয়েছে, ‘আমরা নিশ্চিত করতে পারি, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সতর্কতার সঙ্গে আরেকজন পাকিস্তানি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’এই ক্রিকেটার যে ওয়াহাব, তা বের করতে শার্লক হোমস হতে হয় না। তারপরও পাকিস্তানের ম্যানেজার ইওয়ার সাঈদ জানিয়েছেন, ‘তারা (স্কটল্যান্ড ইয়ার্ড) আমাদের বিকেলে ডেকেছিল এবং আমরা সাক্ষাৎকারের জন্য ওয়াহাবকে নিয়ে (পুলিশ) স্টেশনে গিয়েছিলাম।’খবরটি নিশ্চিত করে পিসিবির লন্ডনভিত্তিক আইনজীবী অ্যাডলশ গডার্ড জানিয়েছেন, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটের পক্ষ থেকে গত পরশু আইসিসির কাছে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের দাবি জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের জবাব দিতে আরও কিছুটা সময়ও চাওয়া হয়েছে একই সঙ্গে।পিসিবি ওয়াহাবের ব্যাপারে বা তিন ক্রিকেটারের আবেদনের ব্যাপারে অনেক কিছুই বলতে পারছে। কিন্তু আমিরের ‘রাজসাক্ষী’ হওয়ার বিষয়ে কিছু বলতে পারছে না। পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভী বলছেন, ‘আমার মনে হয় না যে এমন কিছু ঘটবে। আইনের ভাষায় বললে বলতে হয়, কারোর রাজসাক্ষী হওয়া মানেই তার নিস্তার পেয়ে যাওয়া নয়।’সে পিসিবি কি ভাবছে না ভাবছে তাতে আমিরের হয়তো কিছুই যায় আসে না। তবে পিসিবির বর্তমান কর্তাদেরই দুশ্চিন্তা করার মতো যথেষ্ট কারণ ঘটতে যাচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি নাকি বোর্ডে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন। জারদারিকে এই পরিকল্পনাটা দিয়েছেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। মিয়াঁদাদ সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে দীর্ঘ সময় ধরে তাঁকে বর্তমান ক্রিকেট পরিস্থিতি বুঝিয়েছেন এবং বেশ কিছু সুপারিশও করেছেন। একটি সূত্র বলছে, ইজাজ বাট এসব পরিবর্তন আনতে ব্যর্থ হলে তাঁকেই সরে যেতে হতে পারে। ওয়েবসাইট।