২০০৬ সালের ফেব্রুয়ারি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন রাজিন সালেহও। ব্যাটে রান নেই বলে আপাতত জাতীয় দল থেকে দূরে। তবে কাল বাংলাদেশ ২৬০ রান করার পর আর সবার মতো আশাবাদী হয়ে উঠেছিলেন তিনিও আজ (গতকাল) তো শ্রীলঙ্কার সামনে ২৬১ রানের টার্গেট দিল বাংলাদেশ দল। কী মনে হয়?রাজিন সালেহ: শ্রীলঙ্কার জন্য এটাকে চ্যালেঞ্জিং স্কোরই বলব। এই রান করেও বাংলাদেশ জেতার জন্য চেষ্টা করতে পারে। এবারের শ্রীলঙ্কা দলটাকে কেমন মনে হয়? অনেক ভালো ভালো ক্রিকেটার তো দলে নেই...রাজিন: শ্রীলঙ্কা দল বরাবরই ভালো। জয়াসুরিয়া-মুরালিধরনরা না থাকলেও এবারের দলটাকেও আমি ভালো বলব। দিলশান-সাঙ্গাকারারা ভালো ক্রিকেটার। তবে বাংলাদেশ দলকেও খুব খারাপ বলব না আমি। কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া তো বোলিং আক্রমণ বেশ দুর্বল...রাজিন: এ ব্যাপারে কিছু বলব না। তবে আমি মনে করি, মাশরাফির জায়গায় এ ম্যাচে সৈয়দ রাসেলকে খেলালে ভালো হতো। এ ধরনের উইকেটে রাসেল খুব কার্যকর বোলার। বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে আপনিও ছিলেন বাংলাদেশ দলে। মাঠের পারফরম্যান্স ছাড়া আর কিছু কি কাজ করেছিল সে ম্যাচ জয়ের পেছনে?রাজিন: আসলে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যেদিন ম্যাচ জিতি, সেদিন সকাল থেকেই কীভাবে যেন সবাই বুঝতে পারে সেটা। মনে হয় ভালো কিছু করব...দলের আচরণটাই বদলে যায়। সেদিনও তাই হয়েছিল। আর মাঠেও সবাই যার যার দায়িত্ব পালন করেছে। আপনার কথা বলুন। একটু কি দূরেই সরে গেলেন জাতীয় দল থেকে...রাজিন: বাংলাদেশ দলে খেলার আশা আমি এখনো করি। যদিও ভালো পারফর্ম করতে পারছি না। আশা করি, পারফর্ম করে আবার ফিরতে পারব। সেজন্য নিজেকে তৈরিও করছি। সিলেটে একটা ক্রিকেট একাডেমি খুলেছেন শুনেছি। ঠিক কী পরিকল্পনা নিয়ে এ কাজে নামলেন?রাজিন: আসলে আমাদের এখানে সুরমা নদীর ওপারের ছেলেরা কিছুটা বঞ্চিত। খেলা বা অনুশীলনের সুযোগ তারা খুব একটা পায় না। আমার উদ্দেশ্য সাউথ সুরমা ক্রিকেট একাডেমির মাধ্যমে নদীর ওপারের প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনব। সেজন্যই ক্রিকেট একাডেমিটা নদীর ওপারে করেছি। নিজে যা শিখেছি চেষ্টা করব সেটাই ছেলেদের শেখাতে। একাডেমির বয়স ছয়-সাত মাস হবে। এর মধ্যেই একাডেমির কয়েকজন ক্রিকেটার বয়সভিত্তিক বিভিন্ন দলে সুযোগ পেয়েছে। মানুষ তো একাডেমি করে নিজে খেলা ছাড়ার সময় হলে। আপনি এখনই এ কাজে নেমে গেলেন কেন?রাজিন: অবসর সময়ে কিছু একটা নিয়ে থাকার জন্যই এটা করা। আর ভবিষ্যতে আমার কোচিংয়ে আসার ইচ্ছা আছে, ইচ্ছা আছে ফিল্ডিং কোচ হওয়ার। সামনে লেভেল-১ কোর্স করব। যেহেতু এখন বাংলাদেশ দলে নেই, এই সময়টা কাজে লাগাব।