'রিবেরির কোচ হওয়া সম্মানজনক'

কোচ থাকেন ডাগআউটে। কিন্তু খেলোয়াড়েরা খেলেন মাঠে। প্রতিটি দলেই কিছু খেলোয়াড় থাকেন, যাঁরা নিজেদের ব্যক্তিত্ব কিংবা পারফরম্যান্সের কারণেই হয়ে ওঠেন কোচের ভরসাস্থল। ফ্রাঙ্ক রিবেরি হয়তো এমনই একজন খেলোয়াড়, যিনি বায়ার্ন কোচ পেপ গার্দিওলাকে সেই ভরসার জায়গাটিই দেখিয়ে যাচ্ছেন নিরন্তর। গার্দিওলা নিজেও এই ফরাসি ফুটবলারের কোচ হয়ে ধন্য মনে করছেন।
বায়ার্ন মিউনিখে তাঁর কাজকে অনেকটাই সহজ করে দিয়েছেন রিবেরি—গার্দিওলা এমনটাই মনে করেন। ক্লাব বিশ্বকাপে ফাইনালটা নিশ্চিত করে গার্দিওলা কৃতিত্ব দিয়েছেন সবাইকে—রিবেরি তো এই তালিকায় আছেনই। গার্দিওলার কৃতজ্ঞতার ছোঁয়া পাচ্ছেন সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেসও, ‘রিবেরিকে কোচিং করানো তো দারুণ সম্মানের। ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাওয়ার কৃতিত্বটা সবারই। খেলোয়াড়েরা তো আছেই, দলকে দারুণ একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেসও।’
চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন জিতেছিল হেইঙ্কেসের অধীনে। গার্দিওলা এখনো জার্মান জায়ান্টদের হয়ে কিছু না জিতলেও আপাতত ক্লাব বিশ্বকাপকেই করেছেন পাখির চোখ, ‘আশা করছি প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপাটা জার্মানিতে আনতে পারব।’
তবে ফাইনালকে সহজ মনে করছেন না গার্দিওলা। তিনি জানেন ফাইনালে লাতিন চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মিনেইরো কিংবা আফ্রিকান চ্যাম্পিয়ন রাজা কাসাব্ল্যাংকার সঙ্গে কঠিন সময়ই অপেক্ষা করছে তাদের জন্য, ‘ফাইনালটা মোটেও সহজ হবে না। বিশ্বের সেরা ক্লাব হওয়াটা তো সব সময়ই কঠিন। ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই সত্যটি মাথায় রেখেই মাঠে নামব আমরা।’