‘রিভার্স সুইং খুবই গুরুত্বপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশে অনুষ্ঠানরত বিশ্বকাপে স্পিনারদের নিয়ে অনেক আলোচনা থাকলেও এখন পর্যন্ত অনেক ম্যাচে পেসাররাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে দারুণ অবদান রেখেছেন। চারদিকে একটা ‘স্পিন’ ‘স্পিন’ রব উঠলেও অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো শন টেইট, মিচেল জনসন কিংবা ডেল স্টেইনের মতো দ্রুতগতির বোলারদের ওপরই বেশিমাত্রায় নির্ভরশীল। স্টেইন, টেইটের মতো বোলারদের ১৫০ কিলোমিটারের বেশি পেস একটা পর্যায়ে এসে ফল নির্ধারণী ভূমিকা পালন করছে।বিশ্ব ক্রিকেটে এককালের সবচেয়ে দ্রুতগতির বোলার, ‘সাদা বিদ্যুত্’খ্যাত সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের মতে, উপমহাদেশের কন্ডিশন বিচারে রিভার্স সুইং ও হঠাত্ বলের গতি কমিয়ে দেওয়া বিশ্বকাপে কার্যকর প্রমাণিত হয়েছে। অ্যালান ডোনাল্ড এ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নিউজিল্যান্ড আগামী সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচের আগে দলের অনুশীলন সেশনে ডোনাল্ড বলেছেন, ‘এ বিশ্বকাপের কন্ডিশন একটু অন্য রকম। এখানে পেসারদের “চেঞ্জ অব পেস” কার্যকর প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যে পেসাররা নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারছে, তারাই ভালো করছে।’৪৪ বছর বয়সী ডোনাল্ড আরও বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলোতে বল উভয় দিকে তেমন একটা সুইং করছে না। তবে, ইনিংসের শেষ দিকে রিভার্স সুইং অনেক বেশি হচ্ছে। এ অস্ত্রটি যে বোলার ভালো ব্যবহার করতে পারছে, সাফল্য তার হাতেই ধরা দিচ্ছে। সে সঙ্গে এই কন্ডিশনে বোলারের লাইন ও লেংথ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ধীরগতির উইকেটে আপনি বেশি সুইং করতে পারবেন না, তবে আপনাকে উইকেট টু উইকেট বল করে ব্যাটসম্যানকে চাপে ফেলতে হবে।’বর্তমান নিয়মানুযায়ী ৩৪ ওভার পর বল পরিবর্তন করা হচ্ছে, যে কারণে রিভার্স সুইং পেতে বোলারদের যথেষ্টই ঘাম ঝরাতে হচ্ছে বলে মনে করেন অনেকেই। এ ব্যাপারে ডোনাল্ডের অভিমত, ‘আপনি যদি ব্যাটসম্যানদের ওপর সার্বক্ষণিক চাপটা চালিয়ে যেতে পারেন, সেই সঙ্গে ৩৪তম ওভারের আগেই বেশ কয়েকটি উইকেট ফেলে দিয়ে ব্যাটিং দলকে চাপে ফেলে দিতে পারেন, তাহলে তো কোনো সমস্যা দেখছি না।’নিউজিল্যান্ডের আগামী ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সম্পর্কে ডোনাল্ডের অভিমত হচ্ছে, ‘দলটি অবশ্যই বিপজ্জনক, ওদের হালকাভাবে নেওয়ার কোনোই অবকাশ নেই।’অ্যালান ডোনাল্ড মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে নিউজিল্যান্ড আহমেদাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলাটাই খেলবে। ওয়েবসাইট।