‘রিভার্স সুইংই কাজে দেবে’
পূর্বানুমানমতো এখন পর্যন্ত বিশ্বকাপে আধিপত্য বজায় আছে স্পিনারদেরই। কোন নিয়ম নীতির পরোয়া না করে শুরুতেই স্পিনার দিয়ে বোলিং আক্রমণের সূচনা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি দল। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার প্রথম দু’জন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরও পরিচয়ে স্পিনার।আগামী ১২ মার্চ নাগপুরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচটাতেও ইমরান তাহির বা ইয়োহান বোথার দিকেই দৃষ্টি থাকবে প্রোটিয়া সমর্থকদের। তবে পেসাররাও ঐ ম্যাচে একটা ভালো ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। আর অতীত অভিজ্ঞতাও মরকেলের এই কথায় বেশ ভালোই সমর্থন জোগাচ্ছে। গত বছর ভারতের বিপক্ষে নাগপুরেই একটি টেস্টে আগুন ঝড়ানো বোলিং করেছিলেন মরকেলের উদ্বোধনী বোলিং সঙ্গী ডেল স্টেইন। মাত্র ৫১ রানের বিনিময়ে সাতটি উইকেট নিয়ে ভারতকে দিয়েছিলেন হারের স্বাদ। এবার বিশ্বকাপেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আশাবাদী মরকেল। গতকাল অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘এখানে আইপিএল বা অন্যান্য খেলাগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, নাগপুরে ফাস্ট বোলাররা খুব ভালো বল করে।’ভারতের বিপক্ষে ম্যাচটিতে রিভার্স সুইং একটা ভালো ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করছেন মরকেল। তাঁর ভাষায়, ‘রিভার্স সুইং ব্যাটসম্যানদের ঘায়েল করার খুব ভালো একটা অস্ত্র। আর স্টেইন এটাতে খুবই পারদর্শী। নাগপুরের পিচে রিভার্স সুইংয়ের বেশ ভালো সুযোগ পাওয়া যেতে পারে। ভারতীয় ব্যাটসম্যানরা খুবই বিপদজনক। কখনো কখনো খুব বিধ্বংসীও বটে। কিন্তু আমাদের একটা ইউনিট হিসেবে বল করে যেতে হবে। সবাইকে মাথায় রাখতে হবে, তাঁরা তো আমাদের মতোই মানুষ।’বিশ্বকাপে এখন পর্যন্ত মরকেল নিজে খুব একটা সফল হতে পারেন নি। তিনটি ম্যাচে নিয়েছেন মাত্র ২টি উইকেট। এজন্য মাঝেমধ্যে কিছুটা সমালোচনার মুখেও পড়তে হচ্ছে এই প্রোটিয়া পেসারকে। তবে উইকেট পাওয়া না পাওয়া নিয়ে অত কিছু ভাবতে রাজি নন মরকেল। শুরুটা খুব একটা ভালো না হলেও দ্রুতই বল হাতে বিধ্বংসী ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদী তিনি। বলেছেন, ‘উপমহাদেশের মাটিতে খাপ খাইয়ে নিতে আমার কিছুটা সমস্যাই হচ্ছে। এখানকার পিচগুলো খুব ধীরগতির।’ তবে আমি খুব দ্রুতই উইকেট পাওয়া শুরু করব বলে আশা করছি।’ ওয়েবসাইট