'রিয়ালের হয়ে খেলাটা স্বপ্নপূরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ হাজার দর্শকের অভিবাদনের জবাবে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল  এএফপি
২০ হাজার দর্শকের অভিবাদনের জবাবে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল এএফপি

গত কয়েক দিন মাদ্রিদ আচ্ছন্ন ছিল বেল-উন্মাদনায়। আরও একবার বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কেনার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ, টটেনহাম থেকে গ্যারেথ বেলকে নিয়ে এসেছে এক হাজার কোটি টাকা দিয়ে! পরশু নতুন ক্লাবে উষ্ণ একটা পরিচিতি পর্বও হয়ে গেছে ওয়েলশ উইঙ্গারের। বার্নাব্যুতে গায়ে চড়িয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সি, ভাঙা ভাঙা স্প্যানিশে ‘জয়তু মাদ্রিদ’ বলে পেয়েছেন হর্ষধ্বনি। ‘গ্যালাকটিকোসের’ নবীনতম সদস্য গ্যারেথ বেল পরে রিয়াল মাদ্রিদ ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নতুন ক্লাবে আসার পর তাঁর অনুভূতি, ভবিষ্যৎ লক্ষ্যসহ আরও অনেক কিছু নিয়েই

 ২০ হাজারেরও বেশি মানুষ আজ আপনাকে স্বাগত জানাতে এসেছে। আপনি এত মানুষ আশা করেছিলেন? শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি পরে মাঠে নামতে পারার অনুভূতিটা কেমন?
গ্যারেথ বেল: ধন্যবাদ। এখানে আসাটা দারুণ এক অভিজ্ঞতা। আমি আসলে এত মানুষ আশা করিনি। ছুটির পরের দিনও এত মানুষের আমাকে শুভকামনা জানাতে আসাটা আসলেই দারুণ একটা ব্যাপার। তাদের কারণেই মনে হচ্ছে, আমি যেন নিজের ঠিকানাতেই আছি। সবাইকে ধন্যবাদ। আশা করি, মাঠে ভালো কিছু করে দেখাতে পারব।
 এর আগেও আপনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়িয়েছিলেন। তখন আপনার বয়স নয় কি দশ। ওই অল্প বয়সে রিয়ালের কোন ব্যাপারটা আপনাকে আকৃষ্ট করেছিল?
বেল: আমার মনে হয়, এই স্টেডিয়াম দারুণ একটা জায়গা। ছোটবেলায় প্রচুর খেলা দেখতাম। আর তখন থেকেই রিয়াল মাদ্রিদ আমাকে টানত। সে জন্যই এ পর্যন্ত আমি রিয়ালকেই অনুসরণ করে আসছি। তখন আমি সাদা জার্সি গায়ে চড়াতে দেখে ভাবতাম, ‘একদিন আমিও...’। সেই দিনটা এসেছে, আমার স্বপ্ন সত্যি হয়েছে।
 রিয়ালে এমন কেউ কি ছিলেন তখন, যাঁকে আপনি অনুসরণ করতেন?
বেল: এটা বলা কঠিন। কারণ, এখানে অনেক প্রতিভা এসেছে। আমাদের সময়ের আগে ছিলেন পুসকাস, ডি স্টেফানোসহ আরও অনেকে। হ্যাঁ, অবিশ্বাস্য খেলেছেন, বিশ্বমানের এবং কিংবদন্তিও হয়েছেন, এমন অনেকেই ছিলেন এখানে। আশা করি, নিজেকেও আমি তেমন উচ্চতায় নিয়ে যেতে পারব।
 আপনি গতবার টটেনহামের হয়ে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন। এর আগে একই মৌসুমে এটা করতে পেরেছেন মাত্র তিনজন। আরেকজন ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি আগে তাঁর বিপক্ষে খেলেছেন। এখন তাঁর সঙ্গে খেলবেন। কেমন লাগছে?
বেল: হ্যাঁ, এটাও বিরাট একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ইউনাইটেডে খেলার সময় থেকেই তাকে আমি দেখে আসছি। আমার কাছে সে-ই বিশ্বের সেরা খেলোয়াড়। ব্যাপারটা দারুণ আনন্দের হবে। আপনি সেরাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। আর সে তো সে রকমই একজন। আশা করি, আমরা একসঙ্গে খেলে রিয়ালকে অনেক ট্রফি এনে দিতে পারব।
 গত মৌসুমে আপনার অর্জন নিয়ে কিছু বলুন। রিয়ালের হয়ে নিজেকে কোথায় দেখতে চান?
বেল: আমি উন্নতি করতে চাই। সেরাদের মধ্যে এসেছি। এখানে সেরা ম্যানেজার, সেরা কোচ, সেরা খেলোয়াড়েরা আছেন। আমি খেলোয়াড় হিসেবে আরও উন্নতি করতে চাই। আশা করি, নিজের সম্ভাবনাটা এখানে দেখাতে পারব।
 কার্লো আনচেলত্তির দলে তরুণ প্রতিভা অনেকেই আছেন। আপনার বয়সও এখন মাত্র ২৪। কার্লো আনচেলত্তির এই তরুণ দল নিয়ে কিছু বলুন...
বেল : আমার চোখে তিনি গ্রেট একজন ম্যানেজার। আমি তাঁর অধীনে খেলা যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই বলেছে তাদের দেখা সেরা ম্যানেজার তিনিই। তাঁর সঙ্গে কাজ করতে চাওয়ার এটা আরেকটা কারণ ছিল। আমাকে প্রথম একাদশে জায়গা করে নিতে অনেক খাটতে হবে। আমি সেই চেষ্টা করব। চাইব ট্রফি জিততে।
 নতুন একটা লিগে খেলতে যাচ্ছেন। লা লিগা নিয়ে আপনার ধারণা কেমন?
বেল: এখানে আসতে পেরে আমি রোমাঞ্চিত। সেরা খেলোয়াড়েরাই এখানে খেলে। আমি প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছি।
 চ্যাম্পিয়নস লিগ ফুটবল নিয়ে কিছু বলুন। সবাই দশম শিরোপার দিকে তাকিয়ে। আপনি রিয়ালকে সেটা জেতাতে কীভাবে সাহায্য করতে চান?
বেল: চ্যাম্পিয়নস লিগ এখানে আসার বড় একটা কারণ। আমি শুধু এখানে খেলতেই চাই না, জিততেও চাই। রিয়াল মাদ্রিদ সেটার জন্য আদর্শ জায়গা। আমি নিশ্চিত, ক্লাবের সবাই এটা চায়। আমিও তাতে অবদান রাখতে চাই।
 আপনার দলবদল নিয়ে এই কয়েক মাস পত্রপত্রিকায় অনেক কিছুই লেখা হয়েছে। এটা কি চাপ হয়ে দাঁড়িয়েছিল আপনার জন্য?
বেল: আমি কোনো চাপ অনুভব করিনি। বরং খুবই রোমাঞ্চিত ছিলাম। সবকিছু ভালোয় ভালোয় হয়ে গেছে। এখন নতুন একটা শুরু করতে চাই। সবাইকে দেখাতে চাই, আমি কী করতে পারি। গত মৌসুম যেখানে শেষ হয়েছে, শুরুটা সেখান থেকেই করতে চাই।
 নতুন একটা দেশে এসেছেন। নতুন ভাষা, নতুন সংস্কৃতি—কী ভাবছেন এসব নিয়ে? চ্যালেঞ্জটা কি নিতে পারবেন?
বেল: আমি চ্যালেঞ্জ নিতেই সামনের দিকে তাকিয়ে আছি। এটা জীবনের নতুন একটা অধ্যায়। ভাষা শেখাটা অবশ্যই জরুরি। আর নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়ও দারুণ একটা ব্যাপার। লুকা মদরিচকে আমি চিনি (সাবেক টটেনহাম সতীর্থ), তার কাছ থেকে সাহায্য নিতে পারব।
 আপনি নাকি স্প্যানিশ বলে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন...
বেল: হ্যাঁ, আমি এটা শিখছি। কিন্তু আমি এখনো খুব আত্মবিশ্বাসী নই। আগে যেটা বলেছিলাম, সেটাই আবার বলি (স্প্যানিশ ভাষায়), রিয়ালের হয়ে খেলাটা স্বপ্নপূরণ। আপনাদের সবাইকে ধন্যবাদ।