‘রিয়ালকে থামাতে পারে ডর্টমুন্ড’
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে বুরুশিয়া ডর্টমুন্ডের। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি খেলায় মাঠে নামার সময় ওয়েস্টফালেনস্টেডিওনে জয়ের সেই স্মৃতিই বুরুশিয়া ডর্টমুন্ডকে অনুপ্রাণিত করছে। বুরুশিয়ার কোচ ইয়ুর্গেন কোপ বলেছেন, রিয়ালের প্রতি শ্রদ্ধা থাকলেও তাদের ভয় পাওয়ার কিছু নেই।কোপ বলেছেন, ‘আমাদের জন্য ম্যাচটা কঠিন হবে এ জন্য যে রিয়াল আজ তাদের নিজেদের মাঠে খেলতে নামবে। তবে ম্যাচটি রিয়ালের জন্য কোনোমতেই “পুষ্পশয্যা” হবে না। কারণ আমরা তাদের কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম।’৪৫ বছর বয়সী এই কোচের কণ্ঠে অবশ্য রিয়ালের আক্রমণভাগের প্রতি শ্রদ্ধাই ঝরেছে। তিনি বলেছেন, রিয়ালের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী। গোল স্কোরিংয়েও তারা তাদের শক্তিমত্তা ফুটিয়ে তোলে। তবে তিনি জানান, এই ম্যাচে বুরুশিয়া তাদের দুই উইং ব্যবহার করে লস ব্ল্যাঙ্কোসদের সমস্যায় ফেলবে।কোপের মতে, ‘এই ম্যাচে আমাদের কৌশল খুবই পরিষ্কার। আমরা রক্ষণভাগ অটুট রেখে আক্রমণ করব। দুর্বলতা ঢেকে প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’ নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে জয়টিই বুরুশিয়া ডর্টমুন্ডকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। কোপ বলেন, ‘এই ম্যাচে আমরা খুবই উজ্জীবিত হয়ে মাঠে নামছি। আমাদের দলে রয়েছে দারুণ মানের সব খেলোয়াড়। আমাদের খেলোয়াড়েরা আজকের ম্যাচটি নিয়ে এমনভাবে ভাবছে যেন তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে।’প্রতিপক্ষ কোচ হোসে মরিনহোকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে আখ্যা দিয়ে কোপ বলেন, ‘মরিনহো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি একজন ভালো মানুষ এবং সহকর্মী হিসেবে অসাধারণ এক ব্যক্তি।’রিয়ালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলকেও দারুণ পছন্দ ইয়ুর্গেন কোপের। তিনি বলেন, ‘ওজিল দুর্দান্ত ফুটবলার। আমি ওজিলকে পছন্দ করি।’ ওজিলকে নিয়ে ভাবতে গিয়ে রিয়ালের বাকি ফুটবলারদের ভুলে যাননি কোপ। কোপের মতে, ‘ওজিলকে নিয়েই কেবল নয়, আমার ভাবনা গোটা রিয়াল মাদ্রিদ দলটিকে নিয়েই। রিয়ালের খেলোয়াড়েরা যেকোনো সময় ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার সামর্থ্য রাখে।’প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়েরা দারুণ আগ্রহ ও উত্তেজনা নিয়ে মাঠে নামবে বলে ধারণা কোপের। তবে তাঁর বিশ্বাস বার্নাব্যুর প্রতিকূল পরিস্থিতিতে ডর্টমুন্ডের খেলোয়াড়েরা চাপে পড়বে না; বরং প্রতিকূল পরিস্থিতির চাপকে জয় করে সেই চাপ তারা শক্তিতে পরিণত করবে।এই ম্যাচটা যে বুরুশিয়া ডর্টমুন্ড জিততে পারে—এ বিশ্বাসই দলকে শক্তি জোগাবে বলে মনে করেন কোপ।