‘রিয়ালের ইতিহাসের কাছে আমি কিছুই না’
ইংলিশ মিডিয়ার সামনে সদম্ভে ঘোষণা দিয়েছিলেন, তিনি ‘স্পেশাল ওয়ান’। স্পেনে এসে দাবি করলেন, তিনি ‘অনলি ওয়ান’। অথচ এখন বলছেন, তিনি ‘নো ওয়ান’!বিনয় তাঁর ধাতে নেই। কিন্তু রিয়াল মাদ্রিদের ১০০ বছরের ইতিহাসে নিজেকে নাকি সামান্য একটা নুড়ি পাথর মনে হয় হোসে মরিনহোর। স্বভাববিরুদ্ধ বিনয় নিয়ে রিয়ালের পর্তুগিজ কোচ বলেছেন, ‘মাদ্রিদের ইতিহাসে আমি কিছুই না। কিংবা খুবই সামান্য কিছু। কেবল ৩২ নম্বর লিগ শিরোপা জিতিয়েছি; আর কোপা, যে ট্রফিটা অনেক দিন ধরেই জিততে পারছিল না মাদ্রিদ, আর জিতিয়েছি একটা সুপার কোপা। খুবই সামান্য অবদান আমার।’মরিনহোর এই কথা খুবই ইঙ্গিতবহ। কারণ, তিনি ভালো করেই জানেন, রিয়াল তাঁকে নিয়ে এসেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাটির জন্যই। ইউরোপের সবচেয়ে সফল দল, নয়বারের ইউরোপিয়ান কাপজয়ী রিয়াল ব্যর্থতার এক দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে। ১০ বছর হয়ে গেল পরম আকাঙ্ক্ষিত ট্রফিটা ঘরে তুলতে পারছে না রিয়াল। মরিনহো জানেন, মাদ্রিদের শতবর্ষের ইতিহাসে ঠাঁই করে নিতে হলে ইউরোপ চ্যাম্পিয়ন করতেই হবে দলকে। ভিন্ন দুই দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ইতিহাসের তিনজন কোচের একজন মরিনহো রিয়ালের হয়ে গত দুই মৌসুমে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সে পথে। দুবারই সেমিফাইনালে গিয়ে বিদায় নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। গতবার তো হারতে হয়েছে পেনাল্টি শ্যুটআউটে।পঞ্চাশের কোঠায় দাঁড়িয়ে থাকা মরিনহোর গুণমুগ্ধ যেমন আছে, তেমনি তাঁর সমালোচকেরও অভাব নেই। কিছুদিন আগে সংবাদমাধ্যমে রিয়াল খেলোয়াড়দের কড়া সমালোচনা করেও বিতর্কের জন্ম দিয়েছিলেন। জন্ম দিয়েছিলেন বেশ কিছু গুঞ্জনের। মরিনহো অবশ্য এসব পাত্তা দেন না। তাঁর দর্শনে একটা কথাই বারবার আসে: ‘মাঠে সবটুকু উজাড় করে দিতে হবে।’ বলেছেন, ‘রিয়ালের খেলোয়াড়কে মাঠের “দরকার হলে জীবন দিয়ে দেব”র মতো শরীরী ভাষা নিয়ে খেলতে হবে।’ এই ‘আগ্রাসী মানসিকতার’ সমালোচনা সানন্দে মাথা পেতে নিচ্ছেন মরিনহো, ‘কথাবার্তায় আমি খুব আগ্রাসী—কোচ হিসেবে আমি বরং এভাবেই সমালোচিত হতে চাই। কারণ, আমি খেলোয়াড়দের অহংবোধে আঘাত করে তার ভেতর থেকে সেরাটা বের করে আনি।’অনেক সমালোচনাই এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে দেন মরিনহো। সবাইকে রিয়ালের খাঁটি সমর্থক মানতেও রাজি নন তিনি, ‘আমার তো মনে হয়, আমি অভিনন্দিতই হয়েছি। সবার কাছে অবশ্য নয়, সেটা হওয়া সম্ভবও নয়। তারা (সব সময়ই সমালোচনা করে যারা) আসলে রিয়ালের ছদ্ম-সমর্থক। আসল সমর্থক তারাই, যারা নিজেদের ঘাড়ে পেঁচিয়ে রাখা মাদ্রিদের মাফলারটির জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে। তারাই আসল সমর্থক, যাদের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়। আমি অনুভব করি, এই সমর্থকদের আস্থা আমার ওপর আছে।’এবারের মৌসুমটা ভালো-মন্দ মিশিয়েই শুরু হয়েছে। বার্সেলোনাকে হারিয়ে সুপার কোপা জেতার পর চ্যাম্পিয়নস লিগে টানা দুই জয়। কিন্তু একই সঙ্গে লিগে বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধানও। মরিনহোকে পোড়াচ্ছে এটাই। এএফপি, ওয়েবসাইট।