‘রুব্বি’কে চান টেরি-ল্যাম্পার্ডরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো ডি মাত্তেও চেলসির দায়িত্ব নিয়েছিলেন এই চ্যাম্পিয়ন্স লিগেই। দ্বিতীয় রাউন্ডে নাপোলির বিপক্ষে ফিরতি লেগের খেলাতে দায়িত্ব নিয়ে তিনি নিজেকে চিনিয়েছিলেন। প্রথম লেগে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে হেরে যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির বিদায়-ঘণ্টা বাজছে, ঠিক তখনই তাঁর অধীনে ঘুরে দাঁড়ায় ব্লুজরা। নাপোলিকে প্রয়োজনীয় ব্যবধানে হারিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় চেলসি। এর পরের গল্পটা গল্প নয়, যেন জলজ্যান্ত ইতিহাস! শেষ পর্যন্ত ইউরোপ-সেরা চেলসি। অথচ এই দলটিই আন্দ্রে ভিয়াস বোয়াসের অধীনে মৌসুম শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগে টেনে-টুনে ষষ্ঠ স্থানে থাকতে পেরেছে।গভীর জলের খাবি খেতে থাকা একটি দলকে সেখান থেকে টেনে তোলা চাট্টিখানি কাজ নয়। তার ওপর দলকে ইতিহাসের সেরা সাফল্যের ভাগীদার করা। এতকিছুতে যে কোচের অবদান, সেই কোচ নাকি এখন তাঁর চাকরিটা স্থায়ী করতে পারেননি। চেলসি-ব্যবস্থাপনা নাকি এখনো তাঁর সঙ্গে এ প্রসঙ্গে কোনো কথাই বলেননি!চেলসির খেলোয়াড়েরা অবশ্য অত কিছু বোঝেন না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইউরোপ-সেরা মর্যাদা পেয়ে যাওয়ার পর তাঁরা সবাই একবাক্যে দাবি জানিয়েছেন, ডি মাত্তেওর চাকরিটা স্থায়ী করে দেওয়ার।লাল কার্ডের খাঁড়ায় পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা খেলতে না পারা চেলসি অধিনায়ক জন টেরি শনিবার রাতে আইটিভি নামের একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের এই ট্রফিটা আমাদের দীর্ঘদিনের আরাধ্য ছিল। “রুব্বি” (ডি মাত্তেওকে চেলসির খেলোয়াড়েরা এই নামেই ডাকেন।) আসার পর থেকেই দলটা দারুণ উজ্জীবিত।’তাঁর মতে, ‘এটা পুরো দলেরই দারুণ এক পারফরম্যান্স। যখনই আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই আমরা ঘুরে দাঁড়িয়েছি।’ ফাইনালে টাইব্রেকার ঠেকিয়ে হিরো দলের গোলরক্ষক পিওতর চেকও গলা মিলিয়েছেন অধিনায়ক টেরির সঙ্গে। তিনি বলেছেন, ‘যত যা-ই বলুন, ডি মাত্তেও আমাদের দুটো দারুণ সাফল্য উপহার দিয়েছে। সে যা করেছে, তার চাকরিটা স্থায়ী হওয়ার জন্য তা যথেষ্ট। বাকিটা ম্যানেজমেন্টের হাতে।’ফাইনালে ভারবাহী অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতে, ‘চ্যাম্পিয়ন হয়েছি বলে বলছি না, ডি মাত্তেও দলের দায়িত্ব নিয়েই দলকে কোনো এক জাদুবলে একেবারে পাল্টে দিয়েছেন। একটা খারাপ অবস্থা থেকে তাঁর অধীনেই আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছি। ম্যানেজমেন্টের মাথায় এগুলো অবশ্যই আছে।’এদিকে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, চেলসি নাকি আগামী মৌসুমের জন্য ইংল্যান্ডের সাবেক ম্যানেজার ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে কথা বলছে। এ প্রসঙ্গে অবশ্য চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ মুখে কুলুপই এঁটে আছেন।ডি মাত্তেও নিজেও এ ব্যাপারে কিছু বলতে রাজি নন। তিনি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ উদযাপনেই বেশি উত্সাহী বলে স্পষ্ট জানিয়েছেন। রয়টার্স।