টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাজে কেটেছে। কিন্তু জাতীয় লিগে ফিরেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন ফরহাদ রেজা। এটি ছাড়াও রাজশাহীর অলরাউন্ডার কথা বললেন আরও কিছু প্রাসঙ্গিক বিষয়ে

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার অনুভূতিটা কেমন?
ফরহাদ রেজা: ভালো লাগছে তো অবশ্যই। শুধু আমি ডাবল সেঞ্চুরি পেয়েছি বলে না, সেটা দলের কাজে লেগেছে বলেও।
পরের প্রশ্ন এটাই। ব্যাট করতে নামার সময় দল ৬ উইকেটে ৭৭। তখন মাথায় কী চিন্তা ঘুরছিল?
ফরহাদ: তখন আসলে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি এসব কিছুই মাথায় ছিল না। আমার সঙ্গে সানজামুল ছিল। আমরা শুধু চেয়েছি যতক্ষণ বেশি পারা যায় উইকেটে থাকতে। নিজেদের ভুলে যাতে উইকেট না দিয়ে আসতে হয় সেটা নিশ্চিত করতে চেয়েছি, আর কিছু না।
কিন্তু আপনাদের জুটিটাই তো পরে প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেলল। রাজশাহীর রানটাও জাতীয় লিগে দলীয় তৃতীয় সর্বোচ্চ...
ফরহাদ: সত্যি বলতে কি আমি এসব রেকর্ডের কথা জানতামই না। আপনার কাছ থেকেই শুনলাম।
কী বলেন, এখনো কেউ বলেনি আপনাকে?
ফরহাদ: নাহ্। একটু আগে অন্য একজন সাংবাদিক ভাই ফোন করে ছিলেন, তাঁর কাছ থেকে একটা রেকর্ডের কথা শুনেছি। এখন আপনার কাছ থেকে আরও কয়েকটা রেকর্ডের কথা শুনলাম। আমরা তো বিকেএসপিতে। পত্রিকা দেখিনি, খবরও শুনিনি। খেলা নিয়েই ব্যস্ত আছি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের মতো আপনারও বিশ্বকাপটা খুব বাজে কাটল...
ফরহাদ: আমরা চেষ্টা করেছি। কিন্তু কেন জানি আমরা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং—এই তিনটা বিভাগে একসঙ্গে ভালো খেলতে পারিনি। একদিন দেখা গেল বোলিং-ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু সেদিন ব্যাটিং খুব খারাপ হয়ে গেল। অন্য এক ম্যাচে আবার উল্টোটা হয়েছে। বিশ্বকাপের মাঝেই চেষ্টা করেছি কোথায় ভুলগুলো হচ্ছে সেগুলো শুধরে নিতে। অনুশীলনে সবাই সবার সঙ্গে কথা বলেছি। কীভাবে ভালো করা যায় চেষ্টা করেছি। কিন্তু সত্যিটা হচ্ছে, পারিনি। আর এটাও মাথায় রাখতে হবে, যাদের বিপক্ষে আমাদের খেলতে হয়েছে তারাও খুব ভালো দল ছিল।
সেটি তো সুপার টেনে। প্রথম পর্বেও তো বাংলাদেশ হংকংয়ের কাছে হেরেছে!
ফরহাদ: সেটার কারণ তো বললামই। আমরা একসঙ্গে তিনটা বিভাগে ভালো খেলতে পারিনি।
আর আপনার নিজের পারফরম্যান্স?
ফরহাদ: দেখেন আমি বলব না যে, সুযোগ পাইনি। পেয়েছি। প্রত্যেক খেলোয়াড়ই চায় সুযোগ পেলে তার শতভাগ দিতে। আমি চেষ্টা করছি। কিন্তু কী বলব, হয়নি আর কী! হয়তো আউট হয়ে গেছি অথবা বোলিংটা বাজে হয়েছে। যদি পরে সুযোগ পাই চেষ্টা করব যে ভুলগুলো করেছি সেগুলো আর না করার।
আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ওয়ানডে অভিষেকেই হাফ সেঞ্চুরি দিয়ে। পরে কখনোই আর প্রত্যাশা মেটাতে পারেননি। কারণটা কী মনে হয়?
ফরহাদ: অজুহাত মনে হতে পারে। আমার ব্যাটিং অর্ডারটা দেখলে কিছুটা বুঝবেন। শুরুর দিকে আমি ৬ নম্বরে ব্যাট করতাম। পরে ৮ নম্বরে নামতে হয়েছে। দুটি পজিশনে কিন্তু ব্যাটিংয়ের ধরন আলাদা। হয়তো আট নম্বরে নামার পর দেখা গেছে, মেরে ব্যাটিং করতে হবে। আমি মারতে গিয়ে আউট হয়ে গেছি। আমার কাছে এটা একটা কারণ মনে হয় আরকি।
অভিষেকের পর এত বছর হয়ে গেছে, কখনো টেস্টও খেলা হয়নি। এখনো স্বপ্ন দেখেন টেস্ট অভিষেকের?
ফরহাদ: প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে টেস্ট খেলার। আমি চেষ্টা করতে পারি, তবে আমার ওপরই তো আর সবকিছু না। দলের গঠনটা কী রকম হবে সেটাও একটা ব্যাপার। ওসব ভেবে তারপর যদি নির্বাচকেরা মনে করেন দলে আমি কোনো ভূমিকা রাখতে পারব, তাহলে ডাকবেন। তবে হ্যাঁ, আমি এখনো আশা রাখি যে একদিন টেস্ট খেলতে পারব।