বাংলাদেশের মহিলা দাবা মানেই রানী হামিদ। মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ মানেই তাঁর আরেকটি শিরোপার হাতছানি। এবার নারায়ণগঞ্জে মহিলা দাবায় অংশ নিতে গেছেন গিনেস রেকর্ড বইয়ে নাম লেখানোর আশায়। কিন্তু হার দিয়ে শুরু হলো এ পর্যন্ত ১৭টি শিরোপা জেতা রানী হামিদের এই মিশন। এই টুর্নামেন্ট, বাংলাদেশের মহিলা দাবা ও নিজের কথা বলেছেন রানী হামিদ গত বছর তো গিনেস রেকর্ডটা করতে পারলেন না। এ বছর কতটা প্রস্তুত?রানী হামিদ: রেকর্ডের জন্য একদম প্রস্তুত নই। পারিবারিক কিছু অনুষ্ঠান নিয়ে সারা বছর খুব ব্যস্ত ছিলাম। একদম প্র্যাকটিস করতে পারিনি। ফলে এবার শিরোপার আশা করাটা কঠিন। রেকর্ডটা নিয়ে কি এক বছর ধরেই ভাবছিলেন?রানী হামিদ: ভাবছিলাম। কিন্তু ভাবলেই তো কাজ হবে না। প্রস্তুতি থাকতে হবে। এবার নিজের কোনো প্রস্তুতিই নেই। এবার তো প্রথম ম্যাচেই হেরে গেলেন...রানী হামিদ: হ্যাঁ, প্রথম ম্যাচেই লিজার কাছে হেরে গেলাম। হারে কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি যেভাবে হেরেছি সেজন্য। কেমনভাবে হারলেন?রানী হামিদ: শুরু থেকেই সময়ে এগিয়ে ছিলাম, পজেশনে এগিয়ে ছিলাম। লিজার বিপক্ষে এত ভালো যে খেলতে পারব এখন, সেটাই কল্পনা করিনি। কিন্তু শেষ পর্যন্ত একটা গুরুতর ভুল করে বসলাম। এখন বিশ্বাসই হচ্ছে না যে ওই চালটা আমি দিয়েছি! হেরে কি মনটা খুব খারাপ?রানী হামিদ: একদমই না। আমি জিতব, সেই আশা তো করিইনি। বরং এতটা ভালো খেলব, এটাই আশায় ছিল না। অনুশীলন না করতে পারলেও এ বছর খেলায় অংশ নিয়েছেন নিয়মিত?রানী হামিদ: নিয়মিত বলা যাবে না। কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছি। ঢাকার বাইরে এবারই প্রথম মহিলা দাবা হচ্ছে। আয়োজন কেমন মনে হচ্ছে?রানী হামিদ: খারাপ বলা যাবে না। কিছু টুকটাক সমস্যা তো থাকবেই। প্রথম আয়োজন। তার পরও দ্যাখো, আমাদের খেলার জন্য হল রুমটা খুবই ভালো করেছে। অনেক ভালো আপ্যায়ন করেছে। দাবাটা এতে একটু ছড়ানোর সম্ভাবনা আছে। সমস্যা কী কী দেখছেন?রানী হামিদ: যা আছে, সেটা বলার মতো কিছু না। এই ধরো, থাকার জায়গা-টায়গা খুব আরামদায়ক না। আসলে আমাদের তো একটু আরামে জীবন কাটানো অভ্যাস হয়ে গেছে। তাই অল্পেই কাতর লাগে। নতুন ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এখনো কিছু খেলোয়াড় দাবা বর্জন করে যাচ্ছেন। বিষয়টা কীভাবে দেখছেন?রানী হামিদ: না। বর্জন করছে, এটা এখন আর বলা যাবে না। সমস্যা সমাধান হয়ে আসছে। এই তো লিজা এই টুর্নামেন্টে খেলছে। আর ছেলেরা দু-এক জন যা খেলছিল না, তারাও নিশ্চয়ই আবার খেলবে। দাবাড়ুরা কি দাবা ছেড়ে থাকতে পারে! আপনি কি মনে করেন ফেডারেশন ঠিক পথে আছে?রানী হামিদ: এটা এখনই বলা যাবে না। মাত্র কয়েক মাস বয়স হলো ফেডারেশনের। কিছু চেষ্টা-চরিত্র তো করছে। আরও সময় গেলে বোঝা যাবে। এই যে কমনওয়েলথ গেমস আছে সামনে। ওখানে কেমন দল পাঠাতে পারে, তাদের জন্য কেমন অনুশীলন আয়োজন করতে পারে; এসব বলে দেবে ফেডারেশন ঠিক পথে আছে কি না। খেলা আর কত দিন চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে?রানী হামিদ: ইচ্ছে তো করে অনেক দিন খেলে যাই। কিন্তু আর বেশি দিন বোধহয় পারব না। কেন?রানী হামিদ: মেয়েরা আর খেলতে দেবে না। দেখছ না, মেয়েরা কেমন ভালো খেলছে। লিজারা এভাবে আমাকে রোজ হারাতে থাকলে আর খেলা চালাই কী করে (হাসি)!