'রেফারির চামড়া হতে হয় মোটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ারলুইজি কলিনা
পিয়ারলুইজি কলিনা

ফুটবল মাঠের কেন্দ্রীয় চরিত্র রেফারি। কাজটা সব সময়ই ধন্যবাদহীন। এই কাজের কোনো প্রশংসা নেই। কিন্তু পান থেকে চুন খসলেই অপেক্ষা করে থাকে একরাশ সমালোচনা। খেলোয়াড়দের খিস্তি, দর্শকদের চিত্কার—সবকিছু উপেক্ষা করেই কাজ চালিয়ে যেতে হয় রেফারিকে। এই কঠিন কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে ফুটবল দুনিয়ায় অনন্য অবস্থানে আছেন একজনই। ন্যাড়া মাথার ‘রক্তচক্ষু’ সেই পিয়ারলুইজি কলিনা খুব সম্ভবত ইতিহাসের একমাত্র রেফারি, যিনি দর্শকদের মনের-মণিকোঠায় স্থান করে নিয়েছেন একজন সেলিব্রেটি হিসেবে। টানা ছয়বার ফিফার ‘রেফারি অব দ্য ইয়ার’ কলিনা পরিচালনা করেছিলেন ২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল। অর্থনীতিতে স্নাতক কলিনার জন্ম ১৯৬০ সালে ইতালির বোলগনায়। নব্বইয়ের দশকের পুরোটা সময় ফুটবল মাঠে কলিনা নিজের অসাধারণ ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে গেছেন। কলিনাকে তাঁর প্রজন্মের সেরা রেফারি হিসেবে অভিহিত করলে বোধ হয় খুব বেশি বাড়াবাড়িও হয়ে যায় না।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়মিত প্রকাশনা ফিফা উইকলির সর্বশেষ সংখ্যায় সম্প্রতি কলিনার একটি সাক্ষাত্কার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন রেফারি হিসেবে তাঁর দর্শন ও ভাবনার কথা। সাক্ষাত্কারটিতে দারুণভাবে ফুটে উঠেছে কলিনার পুরো ব্যক্তিত্বও। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সেই সাক্ষাত্কারটির ঈষত্ সংক্ষেপিতভাবে তুলে ধরা হলো...


প্রশ্ন: কীভাবে একজন রেফারি সেলিব্রেটি হয়ে উঠতে পারে?
উত্তর: আমি সত্যিই জানি না। এই প্রশ্নের উত্তরে কী বলব, বুঝতে পারছি না।


প্রশ্ন:
কিন্তু আপনিই বোধ হয় ইতিহাসের একমাত্র রেফারি, যিনি সত্যিকার অর্থেই সেলিব্রেটির মর্যাদায় অধিষ্ঠিত। আপনি একজন তারকা। এবারের বিশ্বকাপের খেলাগুলো যে রেফারিরা পরিচালনা করবেন, তাঁদের জন্য আপনার নিশ্চয়ই কোনো পরামর্শ আছে...
উত্তর: আমি সব সময়ই আমার নিজের কাজটা ঠিকভাবে করেছি। রেফারিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার পর কাজটা করে গেছি সর্বোচ্চ সতর্কতার সঙ্গেই। ভুলটা এড়িয়ে চলার চেষ্টা করে গেছি নিরন্তর।


প্রশ্ন: আপনি টানা ছয়বার ফিফার ‘রেফারি অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন; যা যেকোনো বিচারেই এক অনন্য অর্জন। আপনার অধ্যবসায়টা এই অর্জনের পথে কেমন ছিল?
উত্তর: আমি নিজের কাজটা খুব পেশাদারির সঙ্গে করেছি। এ বিষয়ে কখনোই আমার মধ্যে কোনো গড়িমসি ছিল না। খুব সম্ভবত আমি এই পেশাদারিত্বে কিছুটা ভিন্নমাত্রা দিয়েছিলাম। সবার থেকে একধাপ এগিয়ে থাকতে চেয়েছি। নব্বইয়ের দশকে রেফারিকে রুলবুকটা প্রায় ঠোটস্থ করেই রাখতে হতো। সেই সঙ্গে হতে হতো শারীরিকভাবে ফিট। অনেকটা খেলোয়াড়দের মতো। আগেই বলেছি, আমি সব সময়ই অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছি। দৌড়াতে চেয়েছি অতিরিক্ত দূরত্ব। এ ইচ্ছাটাই আমাকে এই জায়গায় এনেছে। খেলা পরিচালনা করতে গেলে প্রতিটি দলের খেলোয়াড়দের আচার-আচরণ এমনকি কৌশল সম্পর্কেও আপনার সম্যক ধারণা থাকতে হবে। আমার মনে আছে, আমি সব সময়ই দলগুলোকে নিয়ে নিজের মনে বিশ্লেষণ করতাম। ২০০২ সালে জাপান-কোরিয়ার বিশ্বকাপেও আমি বেশির ভাগ সময়ে হোটেলকক্ষে বসে এসবই করতাম।


প্রশ্ন:
একজন ভালো রেফারির কী কী গুণাবলি থাকা উচিত?
উত্তর: একজন ভালো রেফারিকে অবশ্যই সময়ের চেয়ে এগিয়ে থাকতে হয়। খেলায় কী কী হতে পারে, সে সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে। এর পাশাপাশি ঘটনাগুলোকে সঙ্গে সঙ্গে ধরতে পারাও একটা বড় গুণ। সঠিক সিদ্ধান্তের বিষয়টা ভুলে গেলেও চলবে না। ওটা তো অবশ্য কর্তব্য।


প্রশ্ন: রেফারির আচরণটা কেমন হওয়া উচিত? ছাড় দেওয়ার মানসিকতা জরুরি, নাকি তাঁর আচরণ খুব কড়া হতে হবে?
উত্তর: একজন ভালো রেফারি সব সময়ই সঠিক সিদ্ধান্ত দেবে। আমি সব সময়ই মাঠে ম্যাচের সময় নিজের সর্বোচ্চটা দিতে চেষ্টা করতাম। সবার প্রতি আমার দৃষ্টি ছিল সমান। আমি নিশ্চিত, একজন ভালো রেফারির এতটুকু গুণই থাকতে হয়।


প্রশ্ন: মানুষ মাত্রই ভুল হয়। আপনি নিশ্চয়ই আপনার ক্যারিয়ারে অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছেন। সেই ভুলগুলো নিয়ে নিশ্চয়ই অনেক আফসোস আছে মনে?
উত্তর: আফসোস শব্দটা ব্যবহার করা বোধ হয় ঠিক হলো না। আমি এখানে ‘দুঃখিত’ শব্দটিই ব্যবহার করব। আমার ক্যারিয়ারে যেসব ভুল হয়েছে, সেগুলোর ব্যাপারে আমি সত্যিই দুঃখিত।


প্রশ্ন: ভুল হলে আপনার প্রতিক্রিয়া কেমন হতো?
উত্তর: আমি ভুলটার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করতাম। নিজেকে প্রশ্ন করতাম, তুমি এই ভুলটা কীভাবে করলে! আমার কাছে মনে হয়, প্রতিটি ভুলেরই একটা নির্দিষ্ট ব্যাখ্যা থাকে। আমি নিজেকে আরও
প্রশ্ন করতাম, তুমি কী এই ম্যাচের প্রস্তুতিটা ঠিকভাবে নাওনি! তবে ভুলটা নিয়েই পড়ে থাকাটা আমি ভালো কিছু মনে করতাম না।


প্রশ্ন: একজন রেফারির কী উচিত তাঁর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা?
উত্তর: কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? রেফারি তখনই ক্ষমা প্রার্থনা করবে, যখন তাঁর ইচ্ছাকৃত ভুল ধরা পড়বে। আপনি যদি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, তাহলে ক্ষমা প্রার্থনা করার কিছুই নেই।


প্রশ্ন: আপনার শক্তিশালী দিক কোনটি?
উত্তর: আমি সব সময়ই আমার পেশার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি সব সময় পেশায় আমার সর্বোচ্চটা দিয়ে এসেছি।


প্রশ্ন: একজন সাবেক রেফারি হিসেবে এই পেশাটার প্রতি আপনার মূল্যায়ন কী?
উত্তর: একজন খেলোয়াড় পেনাল্টি মিস করলে দলের বাকি খেলোয়াড়দের সহানুভূতি সে পেতে পারে। গোল মিস করলেও তাঁর সামনে ভালো কিছু করার সুযোগ থাকে।
কিন্তু একজন রেফারি? ভুল করলে সে কোথায় যাবে? ভাবুন তো হাজার হাজার দর্শক রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাঁকে গালি দিচ্ছে। সে কোথায় যাবে? একজন রেফারির চামড়া হতে হয় অনেক মোটা।