‘রেফারেল থাকলে খুব ভালো হতো’
উইকেট এখনো ব্যাটসম্যানদেরই পক্ষে। তার ওপর আম্পায়ারদের একের পর এক ভুলে অপমৃত্যু হচ্ছে সুন্দরতম সম্ভাবনার। নিশ্ছিদ্র আম্পায়ারিংয়ের স্বার্থে ক্রিকেটের সর্বাধুনিক সংযোজন রেফারেল পদ্ধতির সুযোগ থাকার পরও সেটা নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হতাশার কথাই বললেন বেশি- একটু কি হতাশ?সাকিব আল হাসান: হ্যাঁ। আরেকটু ভালো হতে পারত। আরেকটু ভালো হলে আমরা হয়তোবা আজকে (গতকাল) ব্যাটিংও করতে পারতাম। সে ক্ষেত্রে ওরা লিড নিতে পারত না। তার পরও আমি মনে করি আমরা খুব বেশি খারাপ অবস্থানে নেই। ভারসাম্যপূর্ণ অবস্থায় আছি। তবে দ্বিতীয় ইনিংসে আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে। টেস্টের তৃতীয় দিনে উপমহাদেশের দলগুলো উইকেট থেকে একটু সাহায্য পায়। আপনারও নিশ্চয়ই আশা ছিল। সেটা না পাওয়াতে কতটা হতাশ?সাকিব: এ রকম সব সময়ই হয়। যখনই শুনি যে উইকেটে বল ঘুরবে তখনই বল ঘোরে না। এটা নতুন কিছু না। তবে আমাদের মনে হয় এমন উইকেট বানানো উচিত, যাতে চতুর্থ ইনিংসে ব্যাটিংটা একটু কঠিন হয়। আমরা ইংল্যান্ডে খেলতে গেলে ওরা তো বাউন্সি-সিমিং উইকেট বানায়, যেখানে মানিয়ে নিতে আমাদের সমস্যা হয়। আমরা দশ বছর ধরে টেস্ট খেলছি। এই সুবিধাটা নিতে না পারলে আমাদের জন্য তো একটু হতাশাজনকই। টিভি রিপ্লে বলছে, তিনটি আউট দেননি আম্পায়াররা। আপনার কি মনে হয় না যে ওই সিদ্ধান্তগুলো আপনাদের পক্ষে এলে তৃতীয় দিনশেষে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে থাকত?সাকিব: আসলে আপনারা তো দেখেছেনই টেলিভিশনে। আমি কোনো মন্তব্য করলেই তো বোঝেন...(হাসি)। এমনিতেই টাকা-পয়সা কম, আরও কমে যাবে। আপনারা টেলিভিশনে সবই দেখেছেন।্রযা লেখার লেখেন। তবে পক্ষে এলে ভালো হতো। ম্যাট প্রিয়র ৬০-এর বেশি রান করেছে, সে হয়তো তখন ১০-এর নিচে আউট হয়ে যেত। ব্রেসনান আউট হতো ৫-এর নিচে, বেলও ৮২ রানে...। তখন হয়তো তাদের রান দেড়শর মতো কম হতো। আমরা খুবই ভালো অবস্থানে থাকতাম। টেলিভিশনে দেখে মনে হয়েছে কোচ জেমি সিডন্স আম্পায়ারিং নিয়ে খুব অসন্তুষ্ট...সাকিব: হ্যাঁ, উনি একটু অসন্তুষ্টই হয়েছেন। এ রকম উইকেটে কাউকে আউট করা খুবই কঠিন। কাজেই সিদ্ধান্ত যদি উল্টাপাল্টা হয় সেটা খুবই হতাশাজনক। সে কারণেই হয়তো কখনো কখনো উনি তাঁর হতাশা প্রকাশ করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার জয়, নাকি ড্রয়ের কথা ভাবছেন?সাকিব: যেটা বললাম, আশা করে আসলে কিছু হবে না। আমাদের দ্বিতীয় ইনিংসে খুব ভালো ব্যাটিং করতে হবে। কাল (আজ) যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ওদের দুইটা উইকেট নিতে, লিড যেন খুব বেশি না হয়। এখন ওদের লিড ১৫-২০-এর মতো। এটা যদি ৫০-৬০-এর মধ্যে রাখা যায়, এরপর আমরা যদি ভালো ব্যাটিং করি, আমাদের জন্য ভালো হবে। কিন্তু লিডটা যদি বেশি হয়ে যায় তাহলে খুব বেশি ভালো ব্যাটিং করতে হবে। দু দিন ফিল্ডিং করার পর চতুর্থ দিনে এসে সেটা কঠিন। সব মিলিয়ে আমি বলব যেকোনো কিছুই সম্ভব এখন—জয়, পরাজয় অথবা ড্র। টেস্টের তিন দিন পর কোন দল চাপে আছে?সাকিব: আসলে দুই দলেরই চাপে থাকার কথা। ধরেন প্রথম এক ঘণ্টায় আর ৩০ রানের মধ্যে আমরা ওদের তিনটা উইকেট নিয়ে নিলাম, ওরা কিন্তু তখন মাত্র ৫০ রানের লিডে থাকে। তারপর আমাদের ভালো ব্যাটিং করতে হবে, যেটা আমাদের ওপর অনেক বড় চাপ। ওদের ভালো বোলিং করতে হবে, যেটা ওদের ওপর চাপ। আর আমরা যে রানটাই করব, ওটা কিন্তু ওদের তাড়া করতে হবে, পঞ্চম দিনে এটাও কিন্তু বিরাট চাপ হবে। আমাদের ওপর চাপটা হয়তো বেশি থাকবে, কারণ আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি না। তবে কিছু দিন যাবত্ আমরা ভালো খেলছি। এই আত্মবিশ্বাসটা থাকলে দলের জন্য ভালো হবে। আপনি ৪ উইকেট নিয়েছেন, কিন্তু আর কোনো বোলার তেমন সাফল্য পায়নি। এটাও কি ইংল্যান্ডের বড় রান করার একটা কারণ?সাকিব: হতে পারে, কারণ আমাদের বোলাররা খুব বেশি টেস্ট খেলেনি কেউ। তার পরও মনে হয় রুবেল খুব ভালো বল করেছে। স্পিনারদের ব্যাপারে আমি বলব, ক্রিকেটটা খেলতে খেলতে শেখার ব্যাপার। টেস্ট আসলে ধৈর্যের খেলা। যে আগে ধৈর্যহারা হয়ে যাবে তারই ক্ষতি। যে যত বেশি ধৈর্য ধরে থাকতে পারবে সে তত বেশি সফল হবে। বিসিবির কর্মকর্তারা বলেছেন, সব ধরনের প্রযুক্তিগত সুবিধা থাকার পরও এই সিরিজে তাঁরা ইচ্ছে করেই রেফারেল পদ্ধতি নেননি। আপনার কি মনে হয় না, এটা নেওয়া উচিত ছিল?সাকিব: হ্যাঁ... নিলে নাকি টাকা একটু বেশি লাগত। কী একটা সিস্টেম নাকি আছে, ওটার জন্য টাকা একটু বেশি লাগে। তার পরও নেওয়া হয়তো উচিত ছিল। নিউজিল্যান্ডে ছিল, ওখানে সেটা কাজে লাগেনি। এখন একটা টেস্টে লাগেনি বলে যে আরেকটা টেস্টে লাগবে না, এমন কিছু তো না। এই টেস্টে রেফারেল থাকলে তো আমরা খুবই ভালো অবস্থানে থাকতাম। আমাদের বিপক্ষে চারটা এমন সিদ্ধান্ত ছিল যেগুলোর জন্য এক শ ভাগ আত্মবিশ্বাস নিয়ে আমরা রেফারেল চাইতে পারতাম এবং সেগুলোর সিদ্ধান্ত আমাদের দিকেই আসত। সুযোগ থাকা সত্ত্বেও যখন হয়নি সেটা তো আমাদের জন্য একটা খারাপ ব্যাপারই। ভবিষ্যতে আপনি কি বাংলাদেশের হোম টেস্টে রেফারেল পদ্ধতি চাইবেন?সাকিব: আমার তো মনে হয় চাইলেই এখন করা যাবে। এটা এখন শুধু বোর্ডের ব্যাপার। বোর্ড চাইলেই হয়। আমাদের গত সিরিজে নিউজিল্যান্ড বোর্ড চেয়েছে রেফারেল পদ্ধতি থাকবে, ওরা তাই করতে পেরেছে। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই সব দায়িত্ব। ওনারা চাইলেই হবে। বিসিবির ওপরই সবকিছু নির্ভর করছে।