‘রেফারেল পদ্ধতি আম্পায়ারিংয়ের জন্য ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দশম আসর শুরুর কয়েক দিনের মধ্যেই অন্যতম আলোচিত-সমালোচিত বিষয়ে পরিণত হয়েছে প্রযুক্তিভিত্তিক রেফারেল পদ্ধতি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ‘হাই ভোল্টেজ’ ম্যাচটাতে এই বিতর্কটা পেয়েছে নতুন মাত্রা। ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলের আউট না দেওয়াকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল আইসিসি ও ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক। পরে অবশ্য পরিষ্কার হয়েছে, ঠিক কোন আইনের প্রয়োগে ইয়ান বেল সেদিন আউট ছিলেন না। আইনটি অনেকটা এমন, যদি ব্যাটসম্যানের পায়ে বল লাগার সময় তিনি উইকেট থেকে ২.৫ মিটার সামনে থাকেন, তাহলে তাঁকে এলবিডব্লিউ দেওয়া হবে না। এ নিয়মটা নিয়ে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনেক ক্ষুব্ধ মন্তব্য করেছিলেন। তবে এসব কথাবার্তাকে মোটেও পাত্তা দিচ্ছে না আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘রেফারেল পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক থাকলেও এর ফলে আম্পায়ারিংয়ের যে উন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এতে ক্রিকেটের মৌলিক নিয়ম-নীতির কোনো পরিবর্তন তো হচ্ছে না, উল্টা খেলাটা অনেকটাই নির্ভুলভাবে পরিচালনা করছেন আম্পায়াররা।’জানা গেছে, আইসিসি এক হিসাবে দেখেছে, রেফারেল পদ্ধতির প্রয়োগে আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতার পরিমাণ ৯০.১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮২ শতাংশে। টাইমস নিউজ নেটওয়ার্ক।