'রোনালদিনহোয়' ভ্যাবাচেকা মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রানিং-স্ট্রেিচংয়ের পর ছোট ছোট দলে ভাগ হয়ে হালকা অনুশীলন করছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা৷ একপাশে দু-তিনজন সতীর্থর সঙ্গে বল নিয়ে মজা করে কারিকুরি করছিলেন লিওনেল মেসি৷ হঠাৎ হইচই শুনে মেসি তাকিয়ে দেখেন, তাঁর দিকে ছুটে আসছেন রোনালদিনহো৷ মুহূর্তেই মুখোমুখি দুজন৷ অবাক চোখ আর মুখে মৃদু হাসিতে এগিয়ে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থর হাত ধরলেন মেসি, ‘হয়েছে কী? এভাবে দৌড়ে এলে কেন? আমাকে দেখতে তোমার নিশ্চয়ই ছুটে আসতে হবে না!’
রোনালদিনহোর সেদিকে কান নেই৷ আচমকাই হাঁটু গেড়ে বসে কুর্নিশ করে বসলেন মেসিকে! মেসি তো পুরোই হতভম্ব, আরও ভ্যাবাচেকা খেলেন রোনালদিনহোর মুখে আকর্ণবিস্তৃত সেই চিরচেনা হাসি দেখে৷ ততক্ষণে ছুটে আসছে নিরাপত্তাকর্মীরা৷ সবকিছু বুঝে উঠতে মেসির সময় লাগল আরও কিছুক্ষণ৷ এই রোনালদিনহো তাঁর চেনা রোনালদিনহো নন, পেশাদার রোনালদিনহো! নাম রবিনসন অলিভেইরা, চেহারা-হাসি সবকিছু মিলিয়ে রোনালদিনহোর ‘লুক-এ-লাইক’! তাঁর পেশাই রোনালদিনহো, মানে রোনালদিনহো সেজে মজা দেন নানা অনুষ্ঠান-আয়োজনে!

‘রোনালদিনহো’কে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ l এএফপি
‘রোনালদিনহো’কে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ l এএফপি


একেবারে যেন নিখুঁত যমজ৷ চেহারা-হাসি তো বটেই, সেই একই চুল, হেডব্যান্ড, কানে দুল! মেসির ধন্দে পড়ে যাওয়ার কারণ ছিল আরও৷ তাঁরা অনুশীলন করছিলেন রোনালদিনহোর ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর মাঠ এস্তাদিও ইনডিপেনডেন্সিয়ায়৷ রোনালদিনহোর হঠাৎ আগমনটাকে শুরুতে নিয়েছিলেন তাই স্বাভাবিকভাবেই৷ নিরাপত্তাকর্মীরা যখন টেনে নিচ্ছেন নকল রোনালদিনহোকে, তখন ‘শিকার’ আর ‘শিকারি’, দুজনের মুখেই হাসি! স্বপ্নের ফুটবলারের ওই অতটুকুন ছোঁয়াতেই আকাশ ছুঁয়েছে নকল রোনালদিনহোর উচ্ছ্বাস, ‘পরিকল্পনা করে এমনটা করিনি৷ মাঠের দেয়াল টপকে অনেকেই ছুটল আর্জেন্টিনার ফুটবলারদের দিকে৷ আমিও ছুটলাম মেসির দিকে৷ শুধু ভেবেছি একবার ওর হাত ধরতেই হবে৷ এত কাছে তো আর কখনো পাব না!’ ওয়েবসাইট৷