পেশায় দন্তচিকিৎসক। পেশার খাতিরেই খেলা ছেড়ে দিয়েছিলেন। তবে সাত বছর পর ফিরে দুবার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গেলেন। এক মৌসুম পর কাল জাতীয় টিটির এককে শিরোপা পুনরুদ্ধার করে মানস চৌধুরী বললেন প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে এক মৌসুম পর আবার জাতীয় টিটির শিরোপা পেলেন। নিশ্চয়ই খুব খুশি?মানস চৌধুরী: ভীষণ খুশি। মজার ব্যাপার, ২০০৭ সালে টিটিতে ফিরেই ২০০৯ সালে মাহবুবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। গতবার মাহবুবের কাছে হেরে রানার্সআপ, এবার আবার সেই মাহবুবকে হারিয়েই চ্যাম্পিয়ন। পাশাপাশি বাগেরহাটের হয়ে আমরা দলগত চ্যাম্পিয়নও। মাঝখানে খেলা ছেড়ে দিয়েছিলেন কেন?মানস: আমি পেশায় ডেন্টিস্ট সার্জন। প্রতিদিনই রোগী দেখি। তাই পেশার কারণে টিটিতে সময় দিতে পারছিলাম না। সেজন্য ২০০১-০৭ পর্যন্ত খেলিনি। পরে দেখলাম, ওজন বেড়ে যাচ্ছে। ফিটনেস নেই। তাই আবার শুরু করলাম। ফিরে এসে দেখালেন, খেলা ছাড়াটা ঠিক হয়নি। আপনি এই ৩৬-এ পা রেখেও দাপটে খেলছেন...মানস: একটা আত্মবিশ্বাস সব সময়ই ছিল, মনোযোগ দিয়ে খেললে ভালো করব। এখন পুরোপুরি মনঃসংযোগ করছি। এটাই আসলে মূল রহস্য। ২০০৭ সালে ফিরে এসেই জাতীয় দলে ঢুকেছি। এখন নিয়মিতই খেলছি জাতীয় দলে। অনুশীলন করেন কোথায়?মানস: চট্টগ্রামের রহমতগঞ্জে আমার বাড়ি। আমার বাবা প্রয়াত সংগীতশিল্পী প্রবাল চৌধুরীর কথা তো নতুন করে বলার নেই। বাবার নামে একটা রাস্তার নামকরণও করা হয়েছে। চট্টগ্রামেই থাকি, চেম্বারে রোগী দেখা শেষ করে চট্টগ্রাম স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাতে অনুশীলন করি। আসিফ-রিগানরাও আমার সঙ্গে অনুশীলন করে। চট্টগ্রামের টিটির অবস্থা এখন কেমন?মানস: আস্তে আস্তে ভালো হচ্ছে। আমি জুনিয়দের অনুশীলন করিয়েছি, তাদের অনেকে এখন বিমানে খেলে। তা ছাড়া এবারের প্রতিযোগিতায় সেরা আটে ঢুকেছে জুনিয়রদের কেউ কেউ। এদের মধ্যে হাসিব-হিমেলদের কথা বলব। জুনিয়রদের উঠে আসা টিটির জন্য ভালো খবর। টিটিতে কীভাবে এলেন?মানস: আমার কাকারা খেলতেন। বাসার পাশে ক্লাবে যাওয়া-আসা করতাম ছোটবেলায়। ক্লাবে টিটির একটা টেবিলও ছিল। সেখানে খেলতে খেলতেই চলে আসা। খেলা শুরু করি ১৯৮৮ সালে। ’৯১-তে জুনিয়রে চ্যাম্পিয়ন হই। এবারের জাতীয় টিটি কেমন হলো?মানস: ভালোই। তবে খেলাটার বিকেন্দ্রীকরণের জন্য এটিকে বাইরেই নিয়ে যেতে হবে। এটা খুব দরকার। ঢাকার বাইরে যেখানেই হোক, লোকে আগ্রহ নিয়ে হয়তো জানতে চাইবে খেলাটা নিয়ে। ঢাকায় উডেনফ্লোর জিমনেসিয়ামটা এমন জায়গায়, এদিকটায় কেউ আসে না। অনেকে জানেও না। খেলা না থাকলে আজেবাজে লোকজনের আড্ডা বসে। তার ওপর প্রচার-প্রচারণাও তো সেভাবে নেই...মানস: এটা তো আজকের সমস্যা নয়। তবে একটা ব্যাপার, খেলাটা মনে হয় আরও আকর্ষণীয় করা যেত। আঞ্চলিক পর্ব খেলে দলগুলোকে চলে যেতে হয়েছে। চূড়ান্ত খেলাগুলো জেলার খেলোয়াড়েরা ভেন্যুতে বসে দেখতে পারলে ওরা অনেক উদ্বুদ্ধ হতো। এমনিতে দেশের টিটির সামগ্রিক অবস্থা এখন কেমন?মানস: ভালোর দিকে যাচ্ছে। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে দলগত সেরা ১৬-তে ছিলাম আমরা। এটা কিন্তু কম নয়। তবে আরও ভালো কিছু করতে অনেক দূর যেতে হবে। পৃষ্ঠপোষক দরকার। নতুন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার বিকল্প নেই।