'রোড ব্যাক' থেকে 'আর্মস্ট্রং লাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যান্স আর্মস্ট্রং
ল্যান্স আর্মস্ট্রং

তাঁকে নিয়ে সিনেমা হতেই পারে। ল্যান্স আর্মস্ট্রংয়ের জীবনের গল্প তো সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। টেক্সাসের এক সাধারণ পরিবারের ছেলে, বয়স ২৫ পেরোনোর আগেই যাঁর শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। মরণব্যাধিকে হারিয়ে ওই ছেলেই হয়ে ওঠেন বিশ্বজয়ী সাইক্লিস্ট!৩৪ বছর বয়সেই রেকর্ড সাতবার ট্যুর ডি ফ্রান্স জিতে নিয়েছিলেন আর্মস্ট্রং। খ্যাতি আর সাফল্যের চূড়ায় থেকে অবসর নিয়েছিলেন ২০০৫ সালে। কিন্তু সাইক্লিং যে তাঁর রক্তে! সেই একই রক্তে থাকা ক্যানসারের জীবাণুকে হারিয়ে চার বছর পর তাই অবসর ভেঙে প্রত্যাবর্তন।২০০৯ সালে অস্কারজয়ী পরিচালক আলেক্স গিবনি যখন আর্মস্ট্রংকে নিয়ে প্রামাণ্যচিত্র বানানোর সিদ্ধান্ত নিলেন, তখন গল্পটা এটুকুই ছিল। আর্মস্ট্রংয়ের স্মরণীয় প্রত্যাবর্তনে এসেই শেষ হওয়ার কথা ছিল তাঁর সিনেমা দ্য রোড ব্যাক।কিন্তু হলো না। সিনেমা মুক্তি পাওয়ার আগেই বদলে গেল আর্মস্ট্রংয়ের জীবনের চিত্রনাট্য। ডোপিংয়ের অভিযোগ আগেও টুকটাক উঠেছিল। কিন্তু কোনো প্রমাণ ছিল না। আর্মস্ট্রং নিজেই অস্বীকার করে আসছিলেন শুরু থেকেই। কিন্তু ২০১০ ও ২০১১ সালে বেশ কয়েকবার তাঁর কয়েকজন সতীর্থ আবারও সেই অভিযোগ তুললেন তাঁর বিরুদ্ধে। শুরু হলো নতুন করে তদন্ত। সেই তদন্তে বেরিয়ে এল আর্মস্ট্রং ও তাঁর দলবল ইতিহাসের ‘আধুনিকতম’ ডোপিংয়ের সঙ্গে জড়িত। এ বছরের জানুয়ারিতে মার্কিন সাইক্লিস্টও শেষ পর্যন্ত সব স্বীকার করতে বাধ্য হলেন। কেড়ে নেওয়া হলো সব শিরোপা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ফেরত চাইল সিডনি অলিম্পিকে জেতা ব্রোঞ্জপদক। যদিও এখনো সেটি ফেরত দেননি আর্মস্ট্রং। সিদ্ধান্ত হলো সাইক্লিংয়ের রেকর্ড থেকে তাঁর নাম মুছে দেওয়ার।

নাম বদলে গেল গিবনির সিনেমারও। দ্য রোড ব্যাক থেকে এখন তা দ্য আর্মস্ট্রং লাই!

দ্য রোড ব্যাক-এর কাজ শেষ হয়েছিল অনেক আগেই। কিন্তু তত দিনে আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে ডোপ কেলেঙ্কারির অভিযোগ ভেসে বেড়াচ্ছে বাতাসে। নায়ক হিসেবে আর্মস্ট্রংকে মানুষের সামনে দেখাতে চেয়েছিলেন গিবনি। সেই ভাবমূর্তি তত দিনে ম্লান হয়ে গেছে বলে আর ছবিটা মুক্তি দেননি। কিন্তু পরে আর্মস্ট্রংয়ের স্বীকারোক্তির পর শ্যুট করা পুরোনো ফুটেজগুলো দেখতে গিয়ে উপলব্ধি করলেন, আর্মস্ট্রংয়ের কুকীর্তির আভাস তো ওসবেই আছে। ফুটেজগুলো দেখে বিস্মিত হয়েছিলেন ছবির প্রযোজক ফ্রাঙ্ক মার্শালও, ‘আমরা বুঝতে পারলাম, আমাদের কাছে অনেক কিছু আছে, যেগুলোর গুরুত্ব তখন বুঝতে পারিনি। এখন পারছি।’

প্রযোজক আর পরিচালক মিলে তাই সিদ্ধান্ত নিলেন ছবিটা নতুন করে বানানোর। এবার আর আর্মস্ট্রংকে নায়ক করে নয়, প্রতিপাদ্য তাঁর মিথ্যা আর প্রতারণার গল্প। আর্মস্ট্রং শুধু স্বীকার করেছেন ডোপ কেলেঙ্কারির কথা। কিন্তু পরিচালক বলছেন এর বিস্তারিত জানা যাবে এই সিনেমাটা দেখে, ‘ছবিতে আপনারা দেখবেন এই মিথ্যার সামগ্রিক চেহারাটা। দেখবেন এর প্রক্রিয়া-ব্যবচ্ছেদ সবকিছু।’ তথ্যসূত্র: এএফপি।

নতুন করে বানাতে গিয়ে গিবনি সাক্ষাৎকার নিয়েছেন আর্মস্ট্রংয়ের সতীর্থদের, তাঁর চিকিৎসকের, এমনকি খোদ ল্যান্স আর্মস্ট্রংয়েরও!

কেমন হলো সিনেমাটা? জবাবটা দিলেন প্রযোজক স্বয়ং, ‘আমরা চেয়েছিলাম ওর প্রত্যাবর্তন নিয়ে একটা সিনেমা করতে। শেষ পর্যন্ত এটা হয়ে গেল আমাদের সময়ের এক মহানায়ক আর কিংবদন্তির পতনের ছবি।’

শুধু আর্মস্ট্রংয়ের জীবনের চিত্রনাট্য নয়, তাঁকে নিয়ে ছবি বানানোর গল্পেও এত উত্থান-পতন!