'রোনালদো একটা মেশিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকে-রোনালদোর বল দখলের লড়াই
পিকে-রোনালদোর বল দখলের লড়াই

ক্রিস্টিয়ানো রোনালদো একটা মেশিন! মানে কিনা যন্ত্র! কে বলেছেন এই কথা? জেরার্ড পিকে!

এটুকু শুনেই অনেকে হয়তো ভাববেন, রিয়াল মাদ্রিদের উইঙ্গারকে নিয়ে নেতিবাচক কথাই বলেছেন বার্সেলোনা ডিফেন্ডার। আসলে তা কিন্তু নয়। রোনালদোর প্রশংসা করতে গিয়েই এই মন্তব্য করেছেন পিকে। কঠোর পরিশ্রম করার মানসিকতা আর লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় সংকল্পের জন্য রোনালদোকে শ্রদ্ধা করেন বলেই জানিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।

আগামী শনিবার রোনালদোর মুখোমুখিও নামতে হবে পিকেকে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো এদিন। রোনালদোর গোল প্রচেষ্টাগুলো রুখে দেওয়ার ভার অনেকাংশেই থাকবে পিকের ওপর। কাজটা যে কঠিনই হবে, সেটা অতীত অভিজ্ঞতা থেকেই ভালো বুঝতে পারছেন পিকে। টানা ছয়টি এল ক্লাসিকোতে গোল করার রেকর্ডটি রোনালদোর দখলেই। সব মিলিয়ে রিয়াল-বার্সার এই দ্বৈরথে রোনালদোর গোল ১২টি।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে পিকে তাই বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো পরিবর্তন হয়নি। সে কঠোর পরিশ্রম করতে পারে আর সব সময়ই আরও ভালো করতে চায়। সে একটা সত্যিকারের মেশিন আর খুবই উচ্চাকাঙ্ক্ষী। নিজেকে আরও ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলতে নিরন্তর চেষ্টা করে যায় সে। কোনো কোনো দিন সে-ই সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখায়। তার পরও সে আরও ভালো করতে চায়। এ কারণেই আমি তাকে শ্রদ্ধা করি।’

দীর্ঘদিন বার্সা রিয়ালের ছায়ায় পড়ে থাকলেও ১৫ বছর ধরে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করেন পিকে। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ৯০ বছর ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বজায় রেখেছিল। আর আমাদের চেয়েও তারা অনেক এগিয়ে ছিল। কিন্তু গত ১০ বা ১৫ বছরে আমরা অনেক বদল এনেছি।’ আর এর পুরো কৃতিত্বই পিকে দিয়েছেন বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মেসিয়াকে, ‘এক বছর শিরোপাহীন থাকার পরই তারা ১৬০ মিলিয়ন ইউরো খরচ করে আসিয়ের ইরামেন্ডি, ইসকো ও গ্যারেথ বেলকে দলে ভিড়িয়েছে। বার্সেলোনা ৬০ বা ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে একজন নেইমারকে কিনতে পারে কিন্তু তিনজনকে নয়। আমাদের লা মেসিয়া না থাকলে চিত্রটা একই রকম থাকত না।’