'রোনালদো না জিতলে অন্যায়'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা ১৩ জানুয়ারি পর্যন্ত। স্পেনের এজেন্সিয়া নিউজ যদিও এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে এবারও ব্যালন ডি’অর পাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত এটিকে শুধু ‘গুঞ্জন’ ছাড়া আর কিছু বলার উপায় নেই। আর এসব গুঞ্জন কানে তুলতে একেবারেই রাজি নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁর বিশ্বাস, এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই।

ব্যক্তিগত পারফরম্যান্সও সমর্থন দিচ্ছে পেরেজের দাবিকেই। গতকাল লিগের ম্যাচগুলোর আগ পর্যন্ত এ বছর ক্লাব ও দেশের হয়ে ৬৮ গোল করা রোনালদো বেশ এগিয়ে তাঁর বাকি দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৪৫) ও ফ্রাঙ্ক রিবেরির (২২) চেয়ে। পর্তুগিজ অধিনায়ককেই তাই এবার ব্যালন ডি’অরের সবচেয়ে সবচেয়ে যোগ্য মনে করছেন রিয়াল সভাপতি, ‘আমি নিশ্চিত, রোনালদোই পুরস্কারটা জিতবে। ও না জিতলে সেটা অন্যায় হবে, কারণ সবাই জানে সে-ই বিশ্বসেরা ফুটবলার।’

পেরেজের ধারণা সত্যি হয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আর মাস খানেক। তবে রোনালদো সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদৌ যাবেন কি না, তা নিয়েও চলছে নানা জল্পনা। বিশেষ করে ফিফা সভাপতির সঙ্গে সাম্প্রতিককালে তাঁর শীতল সম্পর্কের কারণে সে জল্পনা ডালপালা মেলেছে আরও। তবে পেরেজ আশাবাদী, অন্য কোনো ঝামেলা না থাকলে ১৩ জানুয়ারি রোনালদো থাকবেন জুরিখে, ‘সে তো সব সময়ই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যায়। তবে ভালো হয় কথাটা ওকে সরাসরি জিজ্ঞেস করলে।’ এএফপি।