‘রোনালদো মেসির চেয়ে ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে রীতিমতো অন্ধ। তিনি কোনোভাবেই আরেক সুপার স্টার লিওনেল মেসিকে রোনালদোর ওপরে দেখতে চান না। কাল বায়ার্ন মিউনিখের কাছে টাইব্রেকারে হেরে রিয়াল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পরেও মরিনহো জোর গলায় বলেছেন, ‘রোনালদো মেসির চেয়ে ভালো।’কালকের দিনটি হতে পারত ক্রিস্টিয়ানো রোনালদোর। দুটি গোল করে দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথেই রেখেছিলেন। জয়ের নায়ক হতেন তিনিই। কিন্তু টাইব্রেকারের এসে তিনিই মিস করে বসলেন গুরুত্বপূর্ণ স্পট কিক। তবে সেটাও তাঁর প্রতি হোসে মরিনহোর ‘প্রেম’ খুব একটা আলগা হতে দিচ্ছে না।‘ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত ফুটবলার। আমি তাঁর সঙ্গে কারও তুলনায় যেতে চাই না। বিশেষ করে মেসির সঙ্গে যদি তুলনায় আসেন তাহলে বলব, এই দুই সেরা ফুটবলারের মধ্যে এই মৌসুমে রোনালদো অনেক ভালো ফুটবল খেলেছেন। তাই এ মুহূর্তে মেসির চেয়ে রোনালদোই সেরা।’ মরিনহোর মন্তব্য।রোনালদো, কাকা ও সার্জিও র্যামোসের মতো খেলোয়াড়দের পেনাল্টি মিস নিয়ে তিনি ভাবছেন না। বরং তিনি তাঁর দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বই প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘পৃথিবীর অনেক সেরা ফুটবলারেরই পেনাল্টি মিসের রেকর্ড আছে। এটা ফুটবলেরই অংশ।’ মরিনহো আরও বলেন, ‘আমার খেলোয়াড়েরা কেউ সুপারম্যান নয়। সুপারম্যান চলচ্চিত্রের একটি কাল্পনিক চরিত্র। তারা মানুষ এবং মানুষের সব দিন সমান যায় না।’তিনি রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সকে ‘দলগত’ ও ‘সাহসী’ মন্তব্য করে বলেন, ‘রিয়ালের খেলোয়াড়দের জন্য আমি গর্ব অনুভব করছি।’হোসে মরিনহো কোনো অজুহাত দেননি, তবে গত শনিবার স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে বুধবারই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাঠে নামার ব্যাপারে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। সমালোচনা করেছেন এই সূচির। তিনি বলেন, যেখানে আমরা লা লিগায় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছি। সেখানে বায়ার্ন ভ্রেদার ব্রেমনের বিপক্ষে ম্যাচটি খেলেছে গুরুত্বপূর্ণ আট খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে।আরও একটি ব্যাপারে একটু খেদই ঝরেছে মরিনহোর কণ্ঠে। আকারে-ইঙ্গিতে তিনি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের লাইনআপ নিয়ে অসন্তুষ্টিই প্রকাশ করেছেন। বলেছেন, কাদের মধ্যে খেলা হচ্ছে দেখুন, একটি হচ্ছে ইংলিশ লিগে এই মুহূর্তে পঞ্চম স্থানে থাকা দল। আরেকটি বুন্দেস লিগার দ্বিতীয় দল। শীর্ষ স্থানে থাকা দলের চেয়ে যারা পিছিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।’চ্যাম্পিয়ন লিগ ভাগ্য আবারও বিড়ম্বিতই করল হোসে মরিনহোকে। ওয়েবসাইট।