‘রোনালদো মেসির সমকক্ষ হতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবধানটা মাত্র কয়েক দিন। এর মধ্যে পাল্টে গেল ডিয়েগো ম্যারাডোনার সুর। গত মাসে ইউরো চলার সময় আর্জেন্টাইন এই কিংবদন্তি বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে বিশ্বসেরা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগালের হয়ে খেলার সময় এই পর্তুগিজকে হতাশ দেখায়। সেই ম্যারাডোনা এখন বলছেন, রোনালদো কখনোই মেসির সমকক্ষ হতে পারবে না।‘রোনালদো কখনোই মেসির সমকক্ষ হতে পারবে না। গোল করার জন্য ওর মতো জোরালো শটের প্রয়োজন নেই মেসির।’ এক সাক্ষাত্কারে বলেছেন ম্যারাডোনা।এবারের ফিফা ব্যালন ডি অ’র পুরস্কারের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও রিয়ালের পর্তুগিজ উইঙ্গার রোনালদোকে। গোল ডটকমের খবরে বলা হয়েছে, ম্যারাডোনা মনে করেন, বার্সেলোনার হয়ে গত মৌসুমে রেকর্ড ৭৩ গোল করা মেসিকে টপকে এবার পুরস্কার জয়ের আশাটা ছেড়ে দেওয়াই ভালো রোনালদোর! ‘ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি অ’র জয়ের সময় বলেছিল, আর দ্বিতীয় স্থান নয়। তবে এবার ও সর্বোচ্চ রুপা জয় করতে পারে।’ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে অনেকেই লিওনেল মেসিকে তুলনা করে থাকেন। তবে তুলনা ‘পছন্দ নয়’ জানিয়ে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, ‘তুলনা পছন্দ করি না আমি। তবে মেসির সঙ্গে তুলনাটা দারুণ। দুজনেই বাঁ পায়ে খেলি, আর্জেন্টাইন এবং অসাধারণ।’এই মুহূর্তে আপাতত বিশ্রামে আছেন ম্যারাডোনা। দুবাইভিত্তিক আল ওয়াসলের কোচের পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত হন তিনি। ২০১১ সালে দুই বছর মেয়াদি চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু সন্তোষজনক ফল এনে দিতে ব্যর্থ হওয়ায় ১৪ মাস পরই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা ম্যারাডোনা ও তাঁর কোচিং স্টাফদের পারফরম্যান্স পর্যালোচনা করে গত ১০ জুলাই সবাইকে বহিষ্কারের ঘোষণা দেয়।বহিষ্কার হলেও ম্যারাডোনা আরেকটা সুযোগ দিয়েছিলেন। জানিয়েছিলেন, শেষ চেষ্টা করতে চান তিনি। নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ওয়াসলে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ম্যারাডোনা, ‘সব সময়ই আমার ইচ্ছা ছিল সুন্দর এই দেশটাতে থেকে যাওয়ার। আমি শেখের কাছে কৃতজ্ঞ আমাকে বরণ করে নেওয়ার জন্য। আমিরাতের একটি দলের কোচ হিসেবে কাজ করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে ক্লাব এমন একটা বিবৃতি দিয়েছে, যার সঙ্গে আমি একমত নই। কারণ ওয়াসলের কোচ হিসেবে থেকে যাওয়ার ইচ্ছা আমার ছিল, এখনো আছে।’এর আগে ম্যারাডোনা জানিয়েছিলেন, তাঁকে যে খেলোয়াড়দের দেওয়া হয়েছে, তাঁদের নিয়ে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়। দরকার আরও ভালো খেলোয়াড়, আরও বেশি বাজেট। আর তা দেওয়া না হলে পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি। তবে বহিষ্কার হওয়ার পর রাতারাতি সুর পাল্টান ম্যারাডোনা, ‘বাজেট-স্বল্পতার কারণে নতুন খেলোয়াড় কেনা যদি ক্লাবের পক্ষে সম্ভব না-ও হয়, তার পরও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং সমাধান খুঁজে বের করার সুযোগ আছে বলেই আমি মনে করি। আশা করি, শিগগিরই বোর্ডের সঙ্গে বৈঠক হবে আমার। আমি নিশ্চিত, একটা সমাধান বের করে মতৈক্যে পৌঁছাতে পারব আমরা।’বাস্তবতা হলো, ম্যারাডোনাকে আলোচনায় বসার সুযোগ দেয়নি আল ওয়াসল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার নতুন ম্যানেজারের নাম ঘোষণা করে ক্লাবটি।