‘রোনালদো স্বার্থপর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোনালদো স্বার্থপর’ কথাটা নতুন নয়। নতুন হলো তাঁকে পুরোনো এই বিশেষণটি যিনি নতুন করে দিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে স্বার্থপর বলেছেন সারা কারবোনেরো!কারবোনেরোকে ভুলে যাননি নিশ্চয়ই। নিজে পেশায় সাংবাদিক। কিন্তু বিশ্বকাপে তিনিই হয়ে গিয়েছিলেন খবর। স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের প্রেমিকা প্রথমে খবরে এসেছিলেন ‘মনোযোগে ব্যাঘাত’ ঘটিয়ে। গোলরক্ষক ক্যাসিয়াসের বিশ্বকাপের প্রথম ম্যাচে নড়বড়ে পারফরম্যান্সের পর কথা উঠল, গোলপোস্টের পাশে যদি সুন্দরী প্রেমিকা দাঁড়িয়ে থাকেন, প্রেমিকপ্রবর খেলায় মন দেবেন কী করে! পরে অবশ্য খল থেকে কারবোনেরো সত্যিকারের নায়িকা হয়ে ওঠেন। এরপর তো ক্যাসিয়াসের বিশ্বকাপ জয়ের পর সেই সিক্ত চুম্বন।কারবোনেরো আবার খবরে এলেন। এবার রোনালদোর সমালোচনা করে। এই মৌসুমের শুরুতে রোনালদোর সমালোচনা অবশ্য করছিল অনেকেই। গোলের জন্য মরিয়া রোনালদো পাশের সতীর্থকে বল বাড়িয়ে না দিয়ে নিজেই নিচ্ছিলেন একের পর এক নিষ্ফল শট। অন্যের গোল-উদ্যাপনেও তাঁকে দেখা যায়নি খুব একটা। ঘরে-বাইরে গ্যালারি থেকে উড়ে আসছিল বিদ্রূপ-ধ্বনি।রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করে সেই বিদ্রূপ আপাতত রোনালদো যেই থামিয়ে দিলেন, ওমনি ‘টেলেসিনকো’ চ্যানেলের সাংবাদিক কারবোনেরো একটা টক শোতে এসে বললেন, ‘রোনালদো সব সময়ই এ রকম। স্বার্থপর, মাঠেও আত্মকেন্দ্রিক। রিয়াল মাদ্রিদ এসব মাথায় রেখেই ওকে কিনেছে। কিন্তু ওকে কিনতে যেহেতু ৯৬ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে, তাই ও কোনো ভুল করলে সেটা সহজ চোখে দেখা সম্ভব নয়।’রিয়ালের হয়ে গত মৌসুমে লিগে ২৬ গোল করেছিলেন। ইনজুরির জন্য মাসখানেক মাঠের বাইরে থাকার পরও সব প্রতিযোগিতা মিলে ওই মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। এবার রোনালদোর সেই ঔজ্জ্বল্য খুঁজে না পাওয়ায় কথা উঠল, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েছেন বলেই হয়তো মনোযোগ দিতে পারছেন না।কিন্তু কারবোনেরো বলছেন, ‘ওর কিছুই হয়নি। ও মোটেও হতাশাচ্ছন্ন নয়। কোনো মনোবিদের সঙ্গে ওর কথাও হয়নি।’ এএফপি।