‘রোনালদোই সেরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনি যাঁদের সঙ্গে খেলেছেন এমন ফুটবলারদের মধ্যে সেরা কে?লুইস ফিগো: রোনালদো (ব্রাজিলের সাবেক স্ট্রাইকার)। রোনালদো ওই সময় বিশ্বসেরা ছিল। অজস্র পুরস্কারও সে জিতেছে। এখনকার তুলনায় তখন ভালো মানের খেলোয়াড়ের সংখ্যাও অনেক বেশি ছিল। তাকে আলাদা করে তুলেছিল তার প্রচণ্ড শারীরিক সক্ষমতা। যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে রোনালদোই সেরা। আপনি তো সেই সোনালি প্রজন্মের প্রতিনিধি ছিলেন, যারা পর্তুগালের ফুটবল পাল্টে দিয়েছিল।ফিগো: শুধু সোনালি প্রজন্মের ফুটবলাররাই সব পাল্টে দিয়েছে ব্যাপারটা এমন নয়। ক্লাবগুলো, একাডেমি, সমর্থক এবং ফেডারেশনেরও এতে অনেক বড় ভূমিকা আছে যারা আমাদের শীর্ষ পর্যায়ে লড়াই করতে সাহায্য করেছে। আমি ১০ বছর পর্তুগাল স্পোর্টিং ক্লাবে ছিলাম। তারা আমাকে বিকশিত হতে সাহায্য করেছে আমার চারপাশে সেরা একটি পরিবেশ দিয়ে।  রোনালদো, নাকি মেসি?ফিগো: আমার জন্য প্রশ্নটার উত্তর দেওয়া সহজ। কারণ যতবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি, ততবার একই কথাই বলেছি। আপনি এই দুজনকে তুলনা করতে পারেন না। তারা দুজনই গ্রেট খেলোয়াড়। দুজনকে তুলনা করা মানে অবধারিতভাবে একজনের পরাজয়, যেটা তার প্রাপ্য নয়। তারা দুজনই মানের দিক দিয়ে আকাশছোঁয়া। দুজনই আমাদের বিনোদন জোগায়। প্রচুর গোল করে, দলের মানও বাড়িয়ে দেয়। কিন্তু ধরনের দিক দিয়ে তারা দুজনই একেবারেই আলাদা, খেলেও ভিন্ন ভিন্ন পজিশনে। আসলে শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে সেরা বেছে নেওয়াটা স্রেফ কল্পিত একটা ব্যাপার। এবারে ফিফা-ব্যালন ডি’অর কাকে দিতেন?ফিগো: এটাও বিতর্কযোগ্য একটা প্রসঙ্গ। অবশ্য স্বীকার করতে হবে, আমার হাতে বেছে নেওয়ার মতো খেলোয়াড়ের সংখ্যা খুব কমই। আমাদের সময় এমন ১০-১৫ জন খেলোয়াড় যারা প্রত্যেকে গ্রেট ফুটবলার, এদের যে কেউই বর্ষসেরা হওয়ার যোগ্য ছিল। এটা কিন্তু এই দুই সময়ের বড় পার্থক্য। আপনি সেই বিরল খেলোয়াড়দের একজন যাঁরা রিয়াল-বার্সা দুই ক্লাবেই খেলেছেন। বার্সা সমর্থকেরা অবশ্য আপনাকে বেশি ঘৃণা করে, কারণ তারা বেশি ভালোও বাসত। বার্সা ছেড়েছিলেন কেন?ফিগো: আমার মনে হচ্ছিল, বার্সেলোনায় যে কারণে ছিলাম, আমাকে আর সেই গুরুত্বটা দেওয়া হচ্ছিল না। আসলে এটা তার পরও অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ বার্সায় সবকিছুই পাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি যখন দেখি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক শিরোপা আর সম্মান জিতেছি, মনে হয় সিদ্ধান্তটি সঠিকই ছিল। এ নিয়ে আমার মধ্যে কোনো অনুতাপ নেই। রিয়ালের জার্সি গায়ে ন্যু ক্যাম্পে ফেরার পর তো আপনার গায়ে শূকরের মাথা ছুড়ে মেরেছিল ক্ষুব্ধ সমর্থকেরা। আপনি কি মনে করেন এল ক্লাসিকোই সবচেয়ে তীব্রতাপূর্ণ লড়াই? এল ক্লাসিকো কেন এত স্পেশাল?ফিগো: ক্লাসিকো বিস্ময়কর। আসলে প্রতিটি দেশেরই একটি নিজস্ব ফুটবলীয় সংস্কৃতি আছে। প্রতিটি দ্বৈরথই আলাদা। কিন্তু তার পরও ক্লাসিকো এখনো স্পেশাল। স্পেনে এই দুই দলে সেরা খেলোয়াড়েরা খেলে। মানটাও তাই সেই রকম। বিষয়টি আরও কৌতূহল জাগিয়ে তোলে রিয়াল-বার্সার ফুটবলের গণ্ডির বাইরেও যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটি। হোসে মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর কি ক্লাসিকো আরও স্পেশাল হয়ে উঠেছে?ফিগো: দায়িত্বে মরিনহোই থাকুন বা অন্য কেউ, ক্লাসিকো সব সময় এক রকমই থাকবে। দ্বৈরথটা হলো দুটি সেরা দলের, তাতে দুই দলের কোচ কে থাকলেন সেটি কোনো ব্যাপার না।