'রোনালদোহীন' জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ দৈনিক মার্কার বড় হরফের শিরোনাম, ‘রোনালদোই পাচ্ছেন ব্যালন ডি’অর।’ ফুটবলের অস্কারে বিজয়ীর নামটা যাতে কোনোভাবেই ফাঁস না হয় সেটা নিশ্চিত করতে ফিফা নিশ্চয়ই সবকিছুই করেছে। এই প্রতিবেদন পড়ার সময় মার্কার দাবিটা সত্যি কি না, সেটা নিশ্চয়ই জেনে গেছেন। এসপানিওলের সঙ্গে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদো মার্কার প্রতিবেদনটা কি পড়েছিলেন? পড়ুন আর না-ই পড়ুন, রোনালদোর মন যেন পড়ে ছিল সুইজারল্যান্ডের জুরিখে। পরশু যেমন খেলেছেন, সেটা রোনালদোর সঙ্গে একদমই যায় না! ভাগ্য ভালো আফসোস করতে হয়নি, এসপানিওলকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সা-অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধানটা ৩ পয়েন্টে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ।
অন্তত দুবার পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমার্ধে বেনজেমার দুর্দান্ত একটা ক্রস থেকে শট করতে ব্যর্থ হয়েছেন। আর ৮৯ মিনিটে যে মিসটা করেছেন, সেটা তো অবিশ্বাস্য। বেনজেমার শট ফিরিয়ে দিয়েছিলেন এসপানিওল গোলরক্ষক কিকো ক্যাসিয়া। ফিরতি বলটা যেখানে পেয়েছিলেন, সেখান থেকে ১০০ বারের মধ্যে ৯৯ বারই গোল করবেন রোনালদো। কিন্তু সবাই অবিশ্বাসে তাকিয়ে দেখলেন, রোনালদোর শট চলে যাচ্ছে পোস্টের বাইরে! রোনালদো নিজে তো অনুজ্জ্বল ছিলেনই, কৃতিত্ব দিতে হবে ক্যাসিয়াকেও। অন্তত তিনবার পর্তুগিজ ফরোয়ার্ডকে হতাশ করেছেন এই গোলরক্ষক।
তাহলে রিয়ালকে এ-যাত্রা পার করালেন কে? এমন একজন, গোল করা যাঁর আসল কাজ নয়। ৫৫ মিনিটে লুকা মডরিচের ফ্রি-কিক থেকে হেড করে আনচেলত্তিকে চিন্তামুক্ত করেন পেপে। ওসাসুনার সঙ্গে এর আগে এক গোল করে একটি পয়েন্ট এনে দিয়েছিলেন ক্লাবকে। কালকে তো জিতিয়েই দিলেন!
মহামূল্য এই জয়ে মাদ্রিদ এখন ভালোমতোই ফিরল শিরোপা লড়াইয়ে। আনচেলত্তি অবশ্য বলছেন শিরোপা এখনো দূরের পথ, ‘সাধারণত লিগ জেতার জন্য ১০০ পয়েন্ট দরকার হয় না। কিন্তু এটা স্প্যানিশ লিগ ও এখানে তিনটি শক্তিশালী ক্লাব আছে। এই লিগ জেতার জন্য আপনার ১০০ পয়েন্টই লাগবে। আমাদের এখন সেটাই করতে হবে। আমরা জানি কাজটা সহজ নয়। কিন্তু ক্ষুধাটা আমাদের আছে। আমরা সেটা পারব।’ এএফপি, ওয়েবসাইট।