‘রোমানের’ বিরুদ্ধে পর্তুগিজ গোলা
ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক হোঁচট খাওয়ার মূল্য চুকিয়েছেন বরখাস্ত হয়ে। স্টামফোর্ড ব্রিজে ছিলেন মাত্র আট মাস। থিতু হওয়ার আগেই বিদায় নিতে হয়েছিল বলে বুকের ভেতরের আগুনকে হয়তো ছাইচাপা দিয়েই রেখেছিলেন। সেটাই তীব্র হয়ে জ্বলে উঠল টটেনহামের দায়িত্ব নেওয়ার পর। চেলসিকে, বিশেষ করে ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচকে একহাতই নিলেন আন্দ্রেস ভিলাস বোয়াস। টটেনহামকে নগর প্রতিদ্বন্দ্বী চেলসির চেয়ে সম্ভাবনাময় মনে করছেন। নতুন দলকে শিরোপা জেতানোর ব্যাপারেও তিনি আশাবাদী। টটেনহামের সঙ্গে চুক্তির পরই পুরোনো ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তবে দুটি দলের তুলনামূলক বিশ্লেষণে টটেনহামকে এগিয়ে রেখেছেন তিনি, ‘দলটা বেশ স্থিতিশীল। এই ক্লাবের (টটেনহাম) সুদীর্ঘ একটা ঐতিহ্য আছে, যেটিকে আমি সম্মান করি। চেলসিরও নিজস্ব ঐতিহ্য ছিল, কিন্তু ২০০৩ সালে মালিকানা বদলের পর সেটা নাটকীয়ভাবে পাল্টে যায়।’ এত দিন সেভাবে মুখ খোলেননি। টটেনহামকে নিয়ে নতুন মৌসুম শুরুর এই সময়টায় অবশেষে তীব্র শ্লেষে বিঁধছেন চেলসিকে। এখন বলছেন, চেলসিতে ব্যর্থতার জন্য তাঁকে স্রেফ বলির পাঁঠা বানানো হয়েছিল। আর ব্যর্থতার দায়ে কাউকে বলির পাঁঠা বানাতে আব্রামোভিচের জুড়ি নেই। কিন্তু টটেনহামে এসে তাঁর মনে হচ্ছে এখানে ও রকম কিছু ঘটবে না, কারণ প্রজ্ঞায়, আত্মনিবেদনে আব্রামোভিচের চেয়ে টটেনহামের মালিক ড্যানিয়েল লেভি ও জো লেউইস অনেক এগিয়ে। লেভির জন্যই তাঁর টটেনহামে আসা, ‘চেয়ারম্যান (লেভি) জানেন তিনি কী করছেন, বাজারটা অন্যভাবে দেখার চোখ আছে তাঁর, ফুটবলটাও ভালোই বোঝেন। জো লুইস একজন উষ্ণ মনের মানুষ। দলের জন্য উচ্চাভিলাষের অভাব নেই তাঁদের, আমিও সে রকমই স্বপ্ন দেখি।’ ওয়েবসাইট।