‘রোমিও-জুলিয়েটের’ রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের দিকে নিশ্চয়ই আশীর্বাদের হাত তুলে রেখেছিলেন প্রেমদেবী ভেনাস। কিউপিও হয়তো ছিলেন প্রার্থনারত। আর তাতেই চীনের ঝ্যাং নান আর ঝাও ইয়ুনলেই জুটি এমন একটা রেকর্ড করলেন, যে রেকর্ড আর কারও নেই। অলিম্পিকে তাঁরাই প্রথম প্রেমিক-প্রেমিকা জুটি যাঁরা কোনো খেলাতেও জুটি বেঁধে জিতলেন সোনা। স্বদেশি জু চেন আর মা জিন জুটিকে ২১-১১, ২১-১৭ ব্যবধানে হারিয়ে ব্যাডমিন্ডনের মিশ্রদ্বৈতে এই সোনা জিতেছেন ঝ্যাং আর ঝাও। তাঁদের এই সাফল্য আরেকটি সম্ভাবনার সূর্যোদয়ও ঘটিয়েছে। ব্যাডমিন্টনে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ চীনের সামনে এখন খোলা পাঁচটি ইভেন্টেই জেতার সুযোগ। এর আগে আর কোনো দেশই এই কীর্তি করে দেখাতে পারেনি।চীনের ব্যাডমিন্টন দলে কপোত-কপোতীর দেখা এই প্রথম নয়। আর আগেও অলিম্পিক চ্যাম্পিয়ন লিড ড্যান আর জাই জিনফ্যাং চুটিয়ে প্রেম করেছেন। এখন তাঁরা সংসারও পেতেছেন। এমনিতে প্রেমের ব্যাপারে চীনা কর্তাব্যক্তিরা কঠোর। উটকো এসব ঝামেলা করে মনোযোগ হারানোর দরকার কী! এটাই হচ্ছে তাঁদের যুক্তি। কিন্তু ব্যাডমিন্টন এদিক দিয়ে ব্যতিক্রম। কারণ ব্যাডমিন্টন কোচ লি ইয়ংবো প্রেমের পূজারি। লি নিজেও প্রেম করে বিয়ে করেছেন সতীর্থ এক অ্যাথলেটকে। না, ব্যাটমিন্টন থেকে নয়; তাঁর প্রেমিকা ছিলেন জিমন্যাস্ট জাই ইং।ভালোবাসার প্রবল স্রোতে বাঁধ তুলে দেওয়ার মতো বেরসিক তিনি নন। আর ভালোবাসা যে খেলাধুলার জন্য বাধা হতে পারে না, সেটাই প্রমাণ করে দিচ্ছে চীনের ব্যাডমিন্টন দল। এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া সাতটি পদকের চারটিই জিতেছে তারা। দুটি সোনা, দুটি রুপা।ঝ্যাং আর ঝাও গোপনে হূদয়ের লেনাদেনা করে যাচ্ছিলেন। কিন্তু প্রেমের আকাশের চাঁদটাকে নাকি লুকিয়ে রাখা যায় না। দুই বছর আগে জাপান সুপার সিরিজে জেতার পর দুজন দুজনকে পরম আবেগে জড়িয়ে ধরেন। সিক্ত চুম্বন এঁকে দেন ঠোঁটে। এর থেকেই চীনের সবাই জেনে যায় ব্যাপারটি। এএফপি।