‘লক্ষ্মণের বিদায় নির্বাচকদের জন্য সতর্কবার্তা’
আন্তর্জাতিক ক্রিকেটকে গতকাল বিদায় বলে দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে ‘আর এক মুহূর্তও নয়’ বলে জানিয়ে দিয়েছেন তিনি। লক্ষ্মণের অবসর অনেককে অবাক করলেও তাঁর এই সিদ্ধান্তকে যথার্থই মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে লক্ষ্মণের অবসর যে ভারতীয় নির্বাচকদের জন্য এক ধরনের সতর্কবার্তা, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।গত ১৬ বছরে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান এই লক্ষ্মণ। ১৩৪টি টেস্ট খেলে আট হাজারের ওপর রান রয়েছে তাঁর ঝুলিতে। বয়সের কারণেই হোক আর যে কারণেই হোক গত এক বছর সময়টা একেবারেই ভালো কাটেনি তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিপর্যয়ের শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া—কারও বিপক্ষেই স্বনামে ছিলেন না এই হায়দরাবাদি। তার পরও টুকটাক রান করছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বহু পরিশ্রম করেই দলে ফিরেছিলেন তিনি। আর এই ব্যাপারই তাঁকে অভিমানী করে তোলে। এই অভিমান তাঁকে ক্রিকেটকে বিদায় জানাতে ক্রীড়নক হিসেবেও কাজ করেছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেছেন, ‘মাত্র দুটি টেস্ট খেলার জন্য লক্ষ্মণের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে কঠোর অনুশীলন করতে হবে, এমনটা আশা করা যায় না। নির্বাচকেরা এই মাসেই তাঁকে দলে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন। এতে আমি খুবই অবাক হয়েছি। আর হয়তো এতে লক্ষ্মণ খুবই আহত হয়েছেন।’অনেক বিপর্যয়পূর্ণ মুহূর্তে লড়াকু ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পেয়েছিলেন ‘ভেরি ভেরি স্পেশাল’ অভিধা। তাঁর অনুপস্থিতিতে ভারত যে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব বোধ করবে, তা মেনে নিয়েছেন অনেক সাবেক ক্রিকেটারই। আর লক্ষ্মণের বিদায়টা যদি নির্বাচকদের অবহেলার কারণেই হয়ে থাকে, তাহলে এই বিদায় নির্বাচকদের জন্য যে একটা সতর্কবার্তা, সেটা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘লক্ষ্মণ নির্বাচকদের একটা স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। এই সিরিজকে বিদায়ী সিরিজ বানানোর কোনো মানে হয় না। তবে এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’ টাইমস অব ইন্ডিয়া