'লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটমার হিজফেল্ড
ওটমার হিজফেল্ড

দুটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মাত্র চার কোচের একজন তিনি। বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ ২০০৮ থেকেই সুইজারল্যান্ডের দায়িত্বে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাত্কারে ওটমার হিজফেল্ড কথা বললেন দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে।
:এই গ্রীষ্মে আপনাদের বাস্তবসম্মত লক্ষ্য কী?
ওটমার হিজফেল্ড: আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। এরপর আসলে লক্ষ্যের কোনো সীমানা নেই। আমরা বলছি না আমাদের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যেতেই হবে। ব্রাজিলে শেষ ষোলোতে যেতে পারাটা হবে বিরাট অর্জন। এখন আমরা টেকনিক্যালি অনেক ভালো দল। আত্মবিশ্বাসী কিছু তরুণ খেলোয়াড় পেয়েছি আমরা। তাদের বিশ্বাস, তারা চমক দেখাতে পারবে।
:প্রতিপক্ষদের কীভাবে দেখছেন?
হিজফেল্ড: ইকুয়েডর শারীরিকভাবে শক্ত, লড়াকু একটা দল। টেকনিক্যালিও তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। আমার মতে, গ্রুপে ফ্রান্সই ফেবারিট। গত দুই বা তিন বছরে ওরা ভালো করছে। বাছাই করার মতো একগুচ্ছ খেলোয়াড় আছে তাদের। আমরা হন্ডুরাসের সঙ্গে চার বছর আগেই খেলেছিলাম। মানাউসে ৩০ ডিগ্রি তাপমাত্রা ও ৯৫ শতাংশ আর্দ্রতায় ওদের সঙ্গে খেলতে হবে। এটা ওদের বাড়তি সুবিধা দেবে।
:নিরক্ষীয় অঞ্চলে খেলা কতটা কঠিন হবে?
হিজফেল্ড: দক্ষিণ আমেরিকায় কখনোই কোনো ইউরোপিয়ান দল জিততে পারেনি। এটা কাকতালীয় নয়। আমাদের নিজেদের বদলাতে হবে, ধৈর্য ধরতে হবে, স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্রাসিলিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ২০০ মিটার উচ্চতায় শুষ্ক আবহাওয়ায় আমাদের খেলতে হবে। এটাও আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। মানাউসে খেলতে গিয়ে সবাই ট্যাকটিকস নিয়ে ভাববে। সেখানে আপনি প্রেসিং ফুটবল খেলতে পারবেন না। ৯০ মিনিট ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কারা উদ্যম ধরে রাখতে পারছে, সেটাও একটা প্রশ্ন।
:আপনি কি মনে করেন আয়োজকেরা ম্যাচগুলো কোথায় ও কখন খেলাবে সে ব্যাপারে কোচদের মতামত নেওয়া উচিত?
হিজফেল্ড: না, এটা ফিফার টেকনিক্যাল কমিটিরই কাজ। শেষ পর্যন্ত আর্থিক বিষয় ও স্বাগতিক দেশের ওপরেই সবকিছু নির্ভর করে। আমরা তো শুধু অংশগ্রহণকারী।
:৪৫ বছর ধরে খেলোয়াড় বা কোচ হিসেবে ফুটবলে আছেন। এই সময়ে পরিবর্তনগুলো ভালো না খারাপ হয়েছে?
হিজফেল্ড: বিশ্বজুড়েই ফুটবলের বিশাল প্রভাব। অসংখ্য মানুষ খেলাটা খেলে, এর মাধ্যমে আপনি সম্মান ও খেলোয়াড়ি মূল্যবোধের শিক্ষা দিতে পারেন। ফুটবলের ইতিবাচক দিক অনেক। এটা আগের মতোই আছে, কিন্তু আগের চেয়ে অর্থের ভূমিকা এখন বড়।
:বিশ্বকাপের পর আরও দুই বছর চুক্তি নবায়নের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন কেন?
হিজফেল্ড: আমার বয়স ৬৫। ছয় বছর ধরে সুইজারল্যান্ডের কোচ ছিলাম। আমি চাপমুক্ত থাকতে চাই। অনেক দিন ধরেই চাপ নিয়েছি, ব্যাপারটা উপভোগও করেছি। কিন্তু যথেষ্ট হয়েছে। এই বিশ্বকাপই শেষ।
:অভিবাসীদের এক করার কাজটা সুইস ফুটবল ভালোই করেছে...
হিজফেল্ড: সুইস জনসংখ্যার শতকরা ২০ ভাগই অভিবাসী। আমাদের দলে অর্ধেকের বেশি। ওদের ছাড়া আমাদের দল হতো না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান। সবাই গুরুত্বপূর্ণ, তবে দল সবার আগে। আমি অভিবাসীদের সঙ্গে নৈকট্য বাড়াতে তুর্কি বংশোদ্ভূত গোখান ইনলারকে অধিনায়ক করেছি। কোচ হিসেবে আপনার তো কিছু প্রভাব রাখতেই হবে।
:অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন দলের (২০০৯ সালে) মাত্র তিনজন এই দলে কেন?
হিজফেল্ড: সবচেয়ে বড় সমস্যা, সবাই খুব দ্রুত বিদেশে চলে যায়। এরপর সেভাবে ভালো করতে পারে না। সেখানে রিজার্ভ দলের সদস্য হয়ে নিজেদের খেলার ধার বাড়াতে পারে না। যেটা যুক্তিসংগত, খেলোয়াড়েরা সুইজারল্যান্ডের সুপার লিগে খেলবে, এরপর জাতীয় দলের খেলার পর বিদেশে পাড়ি জমাবে। আমরা ওদের সঙ্গে কথা বলে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এখানকার চেয়ে পাঁচ বা ১০ গুণ বেতনের প্রস্তাব পেলে আপনি ওদের ধরে রাখতে পারবেন না।