
দুই মৌসুম পর হ্যাটট্রিক। সপ্তম পেশাদার লিগ শুরুর দিনেই কাল তাঁর হ্যাটট্রিকে গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ৪-০ গোলে হারাল নবাগত উত্তর বারিধারাকে। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর বুক থেকে যেন পাথর নেমে গেল
কত দিন পর হ্যাটট্রিক করলেন, মনে করতে পারেন?
মিঠুন চৌধুরী: (খানিক ভেবে) দুই মৌসুম পর আজ হ্যাটট্রিক করলাম। পেশাদার লিগের তৃতীয় আসরে (আসলে দ্বিতীয়) চট্টগ্রাম আবাহনীর হয়ে এবং পরের লিগে মুক্তিযোদ্ধার জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলাম। তারপর আজ।
তার মানে, প্রায় ৫০ ম্যাচ পর আপনার এই হ্যাটট্রিক। এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন?
মিঠুন: আমি সব সময়ই চেষ্টা করেছি। হয়নি, কী আর করব। তবে বিদেশি খেলোয়াড়দের দাপটের কাছে অনেক সময় আমাদের লোকাল স্ট্রাইকারদের অসহায় থাকতে হয়, এটাও সত্য।
কিন্তু তার পরও কথা থাকে। আপনি গত লিগে করেছেন মাত্র তিন গোল, তার আগের লিগে ছয় গোল। এত খারাপ যাবে নিশ্চয়ই ভাবেননি?
মিঠুন: অনেক সময়ই বদলি হিসেবে খেলতে হয়েছে। ভাগ্যও পাশে ছিল না। আমাদের ফুটবলে বিদেশিরাই মূল স্ট্রাইকারের ভূমিকায় থাকে। ক্লাবগুলো ওদেরই বেশি সুযোগ দেয়। এসবও একটা কারণ।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশিদের জয়জয়কার। এটা সবাই জানেন। তো আপনার এই হ্যাটট্রিক স্থানীয় খেলোয়াড়দের জন্য কতটা অনুপ্রেরণা হতে পারে?
মিঠুন: অবশ্যই অনুপ্রেরণা হতে পারে। আমরাও যে পারি, সেটা প্রমাণ করলাম। চতুর্থ পেশাদার লিগে মুক্তিযোদ্ধার হয়ে আমার ১৭ গোল ছিল, সেই লিগে আমাদের দলের জেমস মগা ১৯ গোল করে। এ থেকেই বোঝা যায়, আমরাও গোল করতে পারি। গত মৌসুমের প্রায় পুরোটা তো মাঝমাঠে খেলেছি। মাঝমাঠে খেলেও আমার গোল আছে।
আপনার কোচের যে ফর্মেশন, তাতে তিন স্ট্রাইকারের নিচে খেলছেন আপনি...
মিঠুন: আসলে গোল করার জন্য পজিশনে থাকাই বেশি গুরত্বপূর্ণ। আমি পজিশনে থেকেছি, কোচ যেভাবে বলছেন, সেভাবে খেলছি। আমাদের টিমওয়ার্ক যদি ভালো হয়, তাহলে সামনে আরও গোল পাবই। গোল করার সুযোগ কাজে লাগানোই আসলে বড় ব্যাপার।
এই লিগে কত গোল করতে চান?
মিঠুন: আমার লক্ষ্য থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়া। জানি না কত দূর যেতে পারব। আগে আমার পজিশন জ্ঞানটা তত ভালো ছিল না। কোচ মারুফ ভাই একটা কথাই বলেছেন, আমি গোল করব এমন পণ করলে গোল না-ও আসতে পারে। ওটা নিজের ওপর চাপ তৈরি করে। তিনি আমাকে নিয়ে আলাদা করে কাজ করেছেন, যেটার ফল পেলাম।
জাতীয় দলে ভালো স্ট্রাইকার না থাকায় একটা হাহাকার আছে। ঘরোয়া ফুটবলে স্ট্রাইকিংয়ে বিদেশিরা খেলায় স্ট্রাইকার উঠে আসছে না। এটাকে কীভাবে দেখছেন?
মিঠুন: আমাদের আসলে বিদেশি স্ট্রাইকারের ওপর নির্ভরতা কমানো উচিত। স্থানীয় খেলোয়াড়েরা আরও বেশি সুযোগ পেলে ভালো করবে। জাতীয় দলের কোচ ডি ক্রুইফ তো হল্যান্ডে বড়দিন পালন করতে গেছেন। তিনি আজ ম্যাচটা দেখলে আমাকে স্ট্রাইকিংয়ে হয়তো সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করতেন।
হ্যাটট্রিকবিহীন মাঝের এই দীর্ঘ সময়টা আপনার কেমন কেটেছে?
মিঠুন: খুব খারাপ। সব সময়ই মনে হতো, হ্যাটট্রিকের খরা যদি দূর করতে পারতাম! অনেক রাতে ঘুমাতে পারিনি। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিনের দেখা পেয়ে ভীষণ ভালো লাগছে। এই হ্যাটট্রিকের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল আমার।