‘লক্ষ্যই ম্যাচ জেতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বোলিংয়ের প্রাণভোমরা হয়ে আছেন অনেক দিন ধরেই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা বাদ দিলে বিশ্বকাপেও আবদুর রাজ্জাক আছেন সেই ভূমিকাতে। কাল হল্যান্ডের বিপক্ষে ২৯ রানে ৩ উইকেট নেওয়ার পর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এই বাঁহাতি স্পিনারও বলেছেন নিজের সন্তুষ্টির কথা— টানা দুই ম্যাচে জয়! ৫৮-র ধাক্কা থেকে নিশ্চয়ই অনেকটাই সরে এসেছে দল?আবদুর রাজ্জাক: কিছুটা তো কাটিয়ে উঠেছিই। তার পরও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা আরেকটু ভালো হলে আমাদের জন্য সুবিধা হতো...। আসলে ওই ম্যাচটাকে ধরে রাখার আর সুযোগ নেই। সামনে তো একটার পর একটা ম্যাচ আসছে! তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ওটা ভালো হয়নি আমাদের জন্য। কোনোভাবেই ওটা ভালো ফলাফল নয়। হল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৬ ওভারে ৫০ রান দিয়ে আপনিই ছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে খরুচে। এই ম্যাচ নিশ্চয়ই সেই দুঃখ ভোলাবে?রাজ্জাক: অবশ্যই। ওই ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে ওভার কমে গেল। উইকেট-আউটফিল্ড ভালো ছিল না। সবকিছু মিলিয়েই আসলে ভালো হয়নি, একটা বাজে অভিজ্ঞতা ছিল। বিশ্বকাপের ম্যাচের আগে কি ওই ম্যাচের কথা মনে পড়েছিল?রাজ্জাক: ওই ম্যাচের কথা মনে করে কিছু করিনি। এমনিতেই টার্গেট ছিল ভালো করতে হবে। নইলে সমস্যা হয়ে যেত। বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেকে ফিরে পেলেন। বাড়তি কিছু করছেন এর জন্য?রাজ্জাক: বিশ্বকাপ নিয়ে আশা করে রেখেছিলাম অনেক বেশি। উপমহাদেশে খেলা। স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার কথাই। অথচ এখনো সে রকম কিছু হয়নি। তবে ভারতের বিপক্ষে বোলিং নিয়ে তেমন কিছু বলব না। আমার মনে হয়েছে, ঠিক জায়গায় বল করেছি। কিছু বল হয়তো এদিক-ওদিক হয়েছে। আর ভালো বলেও যখন মারে, তখন তো অন্য কিছু চেষ্টা করে দেখতেই হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও বোলিং ভালো হয়েছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ম্যাচের পারফরম্যান্স এগিয়ে রাখবেন?রাজ্জাক: হল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেহেতু বড়, ওটাকেই এগিয়ে রাখব। ম্যাচটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনি দলের সবচেয়ে সিনিয়র। পেসাররা সবাই অনভিজ্ঞ। বোলারদের অভিভাবকের দায়িত্বটাও কি পালন করছেন?রাজ্জাক: আমি ওভাবে দেখি না বিষয়টা। যতটুকু পারি চেষ্টা করি। যখন যাকে যেটা বলা দরকার মনে করি বলি সেটা বলি। কেউ কোনো সমস্যায় পড়লে হয়তো কাছে গিয়ে বললাম, এভাবে যখন হচ্ছে না ওভাবে চেষ্টা করে দেখ। বিশ্বকাপে সাকিবের বোলিং কেমন হচ্ছে?রাজ্জাক: খারাপ হচ্ছে না। খারাপ হচ্ছে বললে ভুলই হবে। খুব ভালো কিছু হচ্ছে না এটাও সত্যি। আর উইকেট না পেলেই আমরা মনে করি বল হয়তো খারাপ হচ্ছে। ব্যাপারটা সে রকম নয়। এটা নিজের কাছে। ও যদি মনে করে বোলিং যেটা করছে ঠিক আছে, তাহলেই ধরে নিতে হবে ঠিক আছে। আপনি উইকেটের জন্য বল করছেন নাকি রান কম দেওয়ার জন্য, সেটাও এখানে একটা ব্যাপার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কতটুকু সম্ভাবনা দেখছেন? অধিনায়ক তো বললেন জেতার জন্যই খেলবেন...রাজ্জাক: অবশ্যই জেতার জন্য খেলব। এই পর্যায়ে আসার পর ‘খেলে দেখি কী হয়’জাতীয় খেলা খেলে আর লাভ নেই। আমাদের লক্ষ্যই থাকবে ম্যাচ জেতা। তারপর যা হওয়ার হবে।