'লঙ্কাওয়াশ'ই হলো বাংলাদেশ
সিরিজ বিসর্জন আগেই হয়ে গেছে। আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ জিতে ‘লঙ্কাওয়াশ’ এড়ানোই ছিল লক্ষ্য। টানা হারের পর এশিয়া কাপের আগে তাতে একটু আত্মবিশ্বাসও পাওয়া যেত। কিন্তু পূরণ হলো না শেষ আশাটাও। হার দিয়েই শেষ বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা বাদ দিলে মিরপুরের উইকেট যে এখন রানপ্রসবা, ১৫ বল বাকি থাকতে ২৪০ রান অতিক্রম করে আবারও তা জানিয়ে দিল শ্রীলঙ্কা।
এবারের বাংলাদেশ সফর যেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের প্রথম সেঞ্চুরি করার উপলক্ষ! এই সিরিজেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন কৌশল সিলভা ও কিথুরুয়ান ভিতানাগে। কাল ক্যারিয়ারের ২২তম ওয়ানডে খেলতে নেমে শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরাও করে নিলেন নিজের প্রথম সেঞ্চুরি।
ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছে। তবে বল হাতে কাল শ্রীলঙ্কার ৬০ রানের মধ্যে লাহিরু থিরিমান্নে আর ভিতানাগের উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। পরে সেঞ্চুরিয়ান পেরেরারটিসহ রুবেলও নিয়েছেন ২ উইকেট। কিন্তু ওই পর্যন্তই। তৃতীয় উইকেটে পেরেরা ও চান্ডিমালের ১৩৮ রানের জুটিতেই জয় দেখা শুরু করে শ্রীলঙ্কা। বাকিটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে সিরিজে অবশ্য বাংলাদেশের ব্যাটিংটাও আনুষ্ঠানিকতা রক্ষার ব্যাপারই হলো। কাল বাংলাদেশের পুরো ইনিংসে ফিফটি বলতে মুমিনুলের ৬০ রান, সর্বোচ্চ জুটি পঞ্চম উইকেটে নাঈম ইসলাম-নাসির হোসেনের ৫৪। তার পরও বাংলাদেশ দলের রান ২৪০ হওয়ার অর্থ, আর একটা বড় জুটি হলে লড়াই করার জায়গায় যাওয়া যেত হয়তো। কিন্তু বড় জুটি গড়া বা বড় ইনিংস খেলা যেন ‘নিষিদ্ধ’ বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে! নইলে ছয় ব্যাটসম্যান উইকেটে থিতু হওয়ার পরও ফিফটি পেরোনো ইনিংস কেন মাত্র একটা?
শ্রীলঙ্কা সিরিজজুড়েই শুধু ভুল আর ভুল। কখনো ক্যাচ ছাড়ার ভুল, কখনো বাজে শট খেলে আউট হওয়ার ভুল। কালও সেই ধারাবাহিকতা বজায় থাকল। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই সফল শ্রীলঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। অফ স্টাম্পের অনেক বাইরে ছিল শেষ বলটা। জায়গায় দাঁড়িয়ে ব্যাট বাড়িয়ে দিয়ে কট বিহাইন্ড হয়ে গেলেন এনামুল।
ভুল থেকে শেখার কথা প্রতি ম্যাচ শেষেই শোনা গেছে। তবু প্রতি ম্যাচেই ফিরে ফিরে এসেছে একই ভুল। সঙ্গে ভাগ্যও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছে। বলতে পারেন, বাংলাদেশ দলের সময়টাই আসলে পড়েছে শনির কোপে। নইলে ধাম্মিকা প্রসাদের শর্ট বলে ঠিক শটই তো খেলেছিলেন শামসুর রহমান! তবু কেন তাঁর হুক ডিপ স্কয়ার লেগের ফিল্ডার অ্যাঞ্জেলো পেরেরার হাতে জমা পড়তে হবে? ওয়ানডেতে মুমিনুলের প্রথম ফিফটির ইনিংসটির কথাই ধরুন। আট বাউন্ডারিসহ ৬০ বলে ৬০ রানের নিখুঁত ইনিংস কি না শেষ হলো রানআউটে! মুশফিকের সঙ্গে দুই রান নিতে গিয়ে একটু গতি হারিয়েছিল মুমিনুলের দৌড়। সেই সুযোগে ডিপ স্কয়ার লেগ থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিলেন ভিতানাগে। প্রসাদের বলে পয়েন্টে সেনানায়েকের ক্যাচ হওয়া মুশফিকের দারুণ কাটটাও তো পারত একটু এদিক-সেদিক হয়ে যেতে! গেল না সময়টাই বাংলাদেশের নয় বলেই।
হাঁটুর পুরোনো চোটে অস্বস্তি বোধ করায় মাশরাফিকে বিশ্রাম দেওয়া হয়েছে এ ম্যাচে। ঘাড়ের চোটের কারণে শেষ ম্যাচেও নামেননি তামিম। পেসার আল আমিনকে বসিয়ে খেলানো হয়েছে শফিউলকে। আর টেলিভিশন ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি করে সাকিব তো তিন ম্যাচের জন্য বহিষ্কৃতই। তাঁর জায়গা নিয়ে কাল সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেও সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারেননি নাঈম। বেশ কয়েকটা ফুলটস পেয়েছিলেন, তার পরও ৩২ রানের ইনিংসে বাউন্ডারি মাত্র একটা। শেষ দিকে একটু ছটফট হয়তো করছিলেন সে কারণেই। পরিণতি—পাওয়ার প্লের শেষ বলে সেনানায়েকেকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে মিড অফে ক্যাচ।
১৩০ রানে ৪ উইকেট পড়ার পর নাঈম-নাসিরের পঞ্চম উইকেট জুটিতে কিছুটা থিতু হয়েছিল বাংলাদেশের ইনিংস। সুযোগ ছিল শেষ ১০ ওভারে রানটা বাড়িয়ে নেওয়ার। কিন্তু নাসির-মাহমুদউল্লাহ পারলেন কই? লাকমলের ৪৫তম ওভারে ফিরে গেলেন দুজনই। পরের ওভারে সেনানায়েকেকে সোহাগ দু-দুটি ছক্কা মারার পরও হাতে ২ উইকেট রেখে শেষ ১০ ওভারে বাংলাদেশের রান মাত্র ৫৬!
শ্রীলঙ্কা সিরিজের ভুল থেকে শিখলে ভালো। নয়তো গতবারের রানার্সআপদের জন্য এবারের এশিয়া কাপ হয়তো বিষাদময়ই হবে।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮; শ্রীলঙ্কা: ৪৭.৩ ওভারে ২৪৬/৪; ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী