‘লঙ্কান ব্যাটিং আর অস্ট্রেলীয় পেসের লড়াই’
গ্রুপ পর্বের আরেকটি ‘হাই ভোল্টেজ’ ম্যাচে আজ কলম্বোতে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জমজমাট, উত্তেজনাপূর্ণ একটা ম্যাচের প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা। চলছে শক্তিমত্তা যাচাই আর দুর্বলতা শনাক্ত করার চেষ্টা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মতে, আজকের ম্যাচে মূল লড়াইটা হবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের সঙ্গে অস্ট্রেলিয়ান পেস আক্রমণের।শুরুতেই টসটা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। কলম্বোর কিছুটা গরম আবহাওয়ায় টস জিতে ব্যাট করতে পারাটা বাড়তি সুবিধা বলে মনে করছেন তিনি।দেশের মাটিতে খেলার যে চাপটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন ওয়াসিম। ১৯৮৭ সালের বিশ্বকাপের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেছেন, ‘১৯৮৭ সালে আমরা বিশ্বকাপ খেলেছিলাম নিজেদের মাটিতে। অধিনায়ক ইমরান খান আমাদের বলেছিলেন, এখন কোনো কিছু না, শুধু আমরা শিরোপাটা জিততে পারব কি না, এটা নিয়েই ভাবতে হবে। এ প্রত্যাশার চাপটা ছিল অনেক বেশি। শ্রীলঙ্কাও এখন একই রকম অবস্থানে আছে। দেশের মানুষের সামনে এত বড় একটা আসরে খেলার চাপটা লঙ্কান খেলোয়াড়দের চোখেমুখে বেশ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। তবে এখন সাঙ্গাকারারা যতটা ভারমুক্ত থাকতে পারবেন, ততই ভালো খেলতে পারবেন।’ গত বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিতে হলে আজকে লঙ্কান ব্যাটসম্যানদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ওয়াসিম।অন্যদিকে অসি পেস আক্রমণ স্বাগতিক লঙ্কানদের একটা বড় ধাক্কা দিতে পারবে বলে ধারণা করছেন কিংবদন্তি এই পেসার। তিনি বলেছেন, ‘রিকি পন্টিংয়ের কাছে অসাধারণ তিনজন পেসার আছে। ব্রেট লি, শন টেইট ও মিচেল জনসন। এঁরা ধীরগতির উইকেটেও অনেক কার্যকরী। তাঁদের বলে রান করা খুব কঠিন। শ্রীলঙ্কাকে এই পেস আক্রমণ সামাল দেওয়ার জন্য আলাদা করেই ভাবতে হবে।’ ওয়েবসাইট।