‘লজ্জাজনক ও অগ্রহণযোগ্য’
প্রথম ইনিংসে নিজে খেলেছেন বীরোচিত এক ইনিংস। এরপর দক্ষিণ আফ্রিকাকে ৯৬ রানে গুটিয়ে তার দল পেয়েছিল ১৮৮ রানের লিড। গত পরশু দিন শেষে মাইকেল ক্লার্কের মুখে তবুও রাজ্যের অন্ধকার। ‘৪৭’-এর লজ্জার আড়ালে যে চাপা পড়েছে আগের সবকিছুই! উইকেটকে ঢাল বানাতে চাননি অস্ট্রেলীয় অধিনায়ক, দায় দিয়েছেন নিজেদের বাজে ব্যাটিংকেই। ভুতুড়ে ইনিংসটার বর্ণনায় বলেছেন, ‘লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।’লজ্জাটা আরও বড় হতে পারত। ২১ রানে ৯ উইকেট হারানো দলকে চোখ রাঙাচ্ছিল টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জা। শেষ জুটির কল্যাণে সেই লজ্জা পেতে হয়নি। তবে নিজেদের ইতিহাসে চতুর্থবার পঞ্চাশের নিচে গুটিয়ে যাওয়া, ১০৯ বছরের মধ্যে নিজেদের সর্বনিম্ন স্কোর আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোনো দলের পঞ্চাশের নিচে গুটিয়ে যাওয়া—এই লজ্জাগুলোও তো কম নয়!সতীর্থদের তো বটেই, ক্লার্ক কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিজেকেও, ‘এই ব্যর্থতার পুরো দায়িত্ব নিতে হবে প্রথম সাত ব্যাটসম্যানকে। বিশেষ করে প্রথম ইনিংসে অমন সেঞ্চুরির পর অধিনায়ক হিসেবে আমারও দায় আছে। আমাদের শট নির্বাচন ছিল ভয়াবহ। দুর্দান্ত বোলিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকেও কৃতিত্ব দিতে হবে, তবে আমাদের ব্যাটিং ছিল অগ্রহণযোগ্য।’ক্লার্ক জানালেন, উইকেটে গিয়ে প্রথম ২০টি বল কীভাবে খেলতে হবে, এ নিয়ে নেটে আলাদা করে অনুশীলন করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২০ বলের বেশি খেলতেই পেরেছে অস্ট্রেলিয়ার দুজন মাত্র ব্যাটসম্যান, এঁদের একজন আবার ১১ নম্বর। অস্ট্রেলীয় অধিনায়কের কণ্ঠে ঝরল এই আক্ষেপ, ‘১০ আর ১১ নম্বর ব্যাটসম্যান ছাড়া আর কে-ই বা ২০ বল টিকতে পারল! নেটে এ নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, কিন্তু উইকেটে গিয়ে সবাই সব ভুলে গেছে।’৯৬, ৪৭—এক দিনেই দুই দলের দুবার করে ব্যাটিংয়ে নামা—খেলা না দেখে থাকলে অনেকের মনে হতে পারে, এটি বুঝি ছিল ব্যাটিং অসম্ভব এক উইকেট। আদতে উইকেট মোটেও এতটা ভয়াবহ ছিল না। ক্লার্ক নিজেও এমন হুড়মুড় করে ভেঙে পড়ায় উইকেটের ভূমিকা খুব একটা দেখছেন না, ‘আগের দিনের চেয়ে উইকেট আরেকটু গতিময় হয়েছিল এবং ওদের বোলাররা সেটাকে কাজেও লাগিয়েছে। কিন্তু উইকেটকে দোষ দেওয়ার কিছু নেই। আমাদের শট নির্বাচন ছিল লজ্জাজনক। ৪৭ রানে গুটিয়ে যাওয়ার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। আমরা নিজেদের স্কিল প্রয়োগ করতে পারিনি। ভুল সময়ে উচ্চাভিলাষী শট খেলতে চেয়েছি।’উইকেট নিয়ে ক্লার্কের সঙ্গে একমত দক্ষিণ আফ্রিকান ওপেনার জ্যাক রুডলফও, ‘পিচ আরেকটু গতিময় হয়েছিল, কিন্তু আমার মনে হয় মূল কারণ ছিল অতি ইতিবাচকতা আর অতি দ্বিধাদ্বন্দ্বের ভারসাম্য রাখতে না পারা।’ এই টেস্ট দিয়েই পাঁচ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ফিরেই এমন অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার বিস্ময় তাঁর কাটছেই না, ‘অদ্ভুত একটা দিন, দু-তিন ঘণ্টার মধ্যে এতগুলো উইকেট পড়ে গেল! একসময় স্কোরকার্ডে তাকিয়ে দেখি ২১ রানে ৯ উইকেট, আমার বিশ্বাসই হচ্ছিল না। একপর্যায়ে তো টানা ১৫ ব্যাটসম্যান আউট হলো দশের নিচে! দুই দিনের মধ্যে আমার দুই ইনিংসের ব্যাটিং-ফিল্ডিং শেষ হয়ে গেল, এর মধ্যে এক দিন আবার অনেকক্ষণ বৃষ্টিও হয়েছে। নিশ্চয়ই এটা কোনো এক ধরনের রেকর্ড!ভুতুড়ে দিনটার দিকে ফিরে তাকিয়ে এখন মজাটাই বেশি পাবেন রুডলফ আর তাঁর সতীর্থরা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয়টা তো পেয়েছেন তাঁরাই! আর ক্লার্ক? পরশুই বলেছিলেন, ‘ক্যারিয়ারে এমন দিন আগে কখনো আসেনি, আশা করি, আর আসবেও না।’ জিতলে হয়তো ৪৭-এর লজ্জায় সান্ত্বনার প্রলেপ পড়ত। কিন্তু হারতে হলো বড় ব্যবধানে। ক্লার্কের নিশ্চয়ই এখন আরও বেশি করে মনে হচ্ছে, ‘এমন অভিজ্ঞতা যেন আর না হয়!’ এএফপি, ওয়েবসাইট।