‘লজ্জাজনক শিক্ষা!’
কাল স্পেনের প্রায় সব পত্রিকার শিরোনামে ছিল একটি ‘শোক’ সংবাদ, সুইজারল্যান্ডের কাছে শিরোপা-স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া স্পেনের হার। অন্যতম শীর্ষ দৈনিক এল মুন্ডোর শিরোনাম, ‘একটি দুঃস্বপ্নের শুরু’। আরেক শীর্ষস্থানীয় দৈনিক এল পাইস লিখেছে, ‘ডারবানে চরম হতাশাজনক ফল। সুইজারল্যান্ডের লৌহকঠিন ডিফেন্সের কাছে স্পেন পাত্তা পায়নি।’ ক্রীড়া দৈনিক এএস-এর শিরোনাম, ‘সতর্কসংকেত!’ পুরো খেলা নিয়ন্ত্রণ করেও গোল না পাওয়াকে পরবর্তী ম্যাচগুলোর জন্য সতর্কসংকেত বলেছে পত্রিকাটি। তবে আর দুটো পত্রিকার শিরোনামের কাছে অন্যদের শিরোনাম বা লেখাগুলোকে মামুলি বলেই মনে হবে। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা ও কাতালান দৈনিক মুন্ডো ডেপোর্টিভোর শিরোনাম ছিল, ‘লজ্জাজনক শিক্ষা!’ মার্কা লিখেছে, ‘আমাদের ফুটবলাররা নিজেদের স্টাইলেই খেলেছে কিন্তু প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলেছে।’ ওয়েবসাইট।