‘লজ্জাজনক’ ড্র, বললেন রোরা
অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র। লা লিগায় গত রাতে বার্সার এই ড্রকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন ক্লাবটির সহকারী কোচ জর্ডি রোরা।ম্যাচশেষে রোরা সাংবাদিকদের বলেন, ‘এটা লজ্জাজনক যে আমরা শেষ মুহূর্তে ড্র করেছি। আমরা তৃতীয় গোলের দেখা পাইনি। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারাটা দুঃখজনক।’আগামী বুধবার অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচের কথা ভেবে জাভি-ইনিয়েস্তাকে বদলির তালিকায় রেখেছিলেন বার্সার কোচ টিটো ভিলানোভা। পরে অবশ্য মাঠে নামান দুজনকেই। তবে এর আগেই একটি গোল খেয়ে বসে বার্সেলোনা। ৬৭ মিনিটে বার্সাকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় লিওনেল মেসি। এর দুই মিনিট পর মেসির সহায়তায় বার্সাকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। খেলার ৯০ মিনিটে মিডফিল্ডার হ্যারেরার গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক বিলবাও।জর্ডি রোরা বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে ড্র করেছি আমরা। পিছিয়ে পড়েও আমরা যে হাল ছাড়ি না, এ ম্যাচের মধ্য দিয়ে খেলোয়াড়েরা তা আরেকবার দেখিয়েছে।’ম্যাচের ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে লিওনেল মেসি নিজে একটি গোল করেন। দলের বাকি গোলটিতেও অবদান ছিল তাঁর। ম্যাচশেষে স্বাভাবিকভাবেই বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টারের প্রশংসা করতে ভোলেননি জর্ডি রোরা, ‘লিও (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়। ও ভালো আছে, ভালো অনুশীলন করেছে এবং কঠিন পরিস্থিতিতে আমাদের সহায়তা করেছে। আশা করছি, লিও দ্রুতই পুরো ফিটনেস ফিরে পাবে।’ইনজুরি কাটিয়ে ওঠার পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। এ মাসের গোড়ার দিকে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটিয়ে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ওই খেলায় ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। সূত্র: গোল ডটকম।