‘লর্ডসের’ সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তামিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা তথ্য তামিম ইকবাল নিজেই দিলেন। আরেকটা তথ্য তাঁরও জানা ছিল না। দিন শেষের সংবাদ সম্মেলনে তামিম বললেন, ‘জীবনে এই প্রথম ৪৯ রানে গিয়ে আউট হলাম।’ কিন্তু তিনি জানতেন না, কাল যেভাবে আউট হলেন, সেই রানআউট টেস্টে এর আগে মাত্র একবারই হয়েছেন। ২০১০ সালে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে।কাল দিনের শেষে সেই স্মৃতি মনে করিয়ে দিতেই ধন্যবাদ দিলেন তামিম, ‘খুব ভালো একটা স্মৃতি মনে করিয়ে দিলেন...।’ ভালো স্মৃতি তো বটেই। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রানআউট হওয়ার পর যে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম! হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসেও যদি তা-ই হয়, তামিম বড় গলায় বলতে পারবেন, ‘টেস্টে প্রথম ইনিংসে রানআউট হলেই আমি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করি।’এটা অনেক বড় স্বপ্ন। আপাতত ৪৯ রানে রানআউট হয়ে যাওয়ায় আক্ষেপই করছেন তামিম। তবে একটা দিক দিয়ে ৪৯ রানের এই প্রত্যাবর্তন ইনিংসে সন্তুষ্টও, ‘এ রকম আউট হলে কেউই খুশি হয় না। আসলে ইনজুরি থেকে ফিরলে পেটে বুদবুদের মতো উঠতে থাকে। সবকিছু তাড়াতাড়ি করে ফেলতে ইচ্ছে করে। যেভাবে আউট হয়েছি, সেটার কোনো অজুহাতই নেই। কোনোভাবেই এটা রান ছিল না। তবে আউটটা ছাড়া আমি ৪৯ রান পর্যন্ত খুবই ভালো ব্যাটিং করেছি। ভুল যা করার ৪৯ রানে গিয়ে করেছি।’ প্রথম টেস্টে দর্শকের ভূমিকায় থেকে হারারের উইকেটের জন্য মনে মনে একটা গেম প্ল্যান ঠিক করেছিলেন তামিম। কাল ব্যাটিং করেছেন সেটা মাথায় রেখেই, ‘গত ম্যাচের পর আমার মনে হয়েছিল এই উইকেটে যেকোনো এক ধরনের মানসিকতা নিয়ে খেলতে হবে। আপনি যদি ঠিক করেন শুরুতে উইকেটে থেকে পরে রান করবেন, সেটা যেমন ঠিক, তেমনি বাজে বলে মারার চিন্তাও ঠিক। আগের টেস্টে টেলর যেমন এক ইনিংসেও বাজে বল ছাড়েনি।’শুধু তামিম নন, এক মুশফিকুর রহিমের আউটটা ছাড়া কাল বাকি সব ব্যাটসম্যানই আউট হয়েছেন তাড়াহুড়ার মাশুল দিয়ে। দিনের শেষে সেটা ড্রেসিংরুমেরও আলোচনার বিষয়। ‘এ নিয়ে ড্রেসিংরুমে কথা হয়েছে। এখন পর্যন্ত মুশফিক ভাইয়ের আউটটাই আউট হওয়ার মতো। এ ছাড়া আমার আউট বা অমি ভাই (জহুরুল) বা সাকিব, আশরাফুল ভাই, মমিনুলের আউট দেখেন—সবই ব্যাটসম্যানের ভুলে। আমাদের এ জায়গাতেই সবার আগে উন্নতি দরকার’—বলছিলেন তামিম। তবে প্রথম ম্যাচের তুলনায় কাল ব্যাটসম্যানদের চিন্তাভাবনাটা অন্তত ইতিবাচক ছিল বলে মনে হয়েছে তামিমের, ‘দিনের শেষে চার উইকেট পড়লে বলতাম দিনটা আমাদেরই ছিল। অবশ্য আউটফিল্ড স্লো থাকায় এ মাঠে ৩০০ রান মানে অন্য মাঠে ৩৫০-৩৭০ রান। তার পরও কাল (আজ) যদি ১০০ রানের মতো করতে পারি, তাহলে ভালো অবস্থানে চলে যাব। জিয়া-নাসির দুজনেরই সেই সামর্থ্য আছে।’কাল নাসির যেভাবে ব্যাট করেছেন, তাতে অবশ্য দুই রকম ঘটনাই ঘটতে পারে। হয় তামিমের ইচ্ছা পূরণ করে দেবেন দ্রুতই অথবা বরণ করে নিতে পারেন প্রথম দিনে আউট হওয়া ব্যাটসম্যানদের পরিণতিও। কাল মাঠ ছাড়ার আগে নাসির আভাস দিয়ে গেলেন প্রথমটারই, ‘সারা দিন ব্যাট করে ৩০ রান করার চেয়ে ১৫ বলে ৩০ করা অনেক ভালো। আর উইকেট এই ম্যাচে অনেক ভালো। ব্যাটিং করে মজা পাচ্ছি।’ মজাটা সম্ভবত সাকিব আল হাসানও পেয়েছেন। ব্যাটিং কেমন উপভোগ করেছেন জানতে চাইলে এক শব্দে বললেন, ‘ভালো।’ কিন্তু এত ভালো ব্যাটিংয়ের মধ্যে ওরকম একটা শট কি না খেললেই হতো না? এবার নিশ্চুপ থেকে যেন নিজের অনুশোচনাটাই প্রকাশ করতে চাইলেন টেস্ট ক্রিকেটের দুই নম্বর অলরাউন্ডার।