‘লা ডেসিমা’র সন্ধানে মরিয়া রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস তো ইতিহাসই। তবে সেটি যদি এমন টাটকা থাকে, ঘুরেফিরে সেই প্রসঙ্গ তো আসবেই। এই ডর্টমুন্ডের সঙ্গেই গ্রুপ পর্বে খেলে এসেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারার পর ফিরতি লেগে বার্নাব্যুতে ড্র করতে হয়েছে ২-২ গোলে। তা ছাড়া গতবার এই সেমিফাইনালেই জার্মান গেরোটা খুলতে পারেননি মরিনহো। বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। স্বাভাবিকভাবেই সেমিফাইনালে দুই দল আবার মুখোমুখি হওয়ার আগে ঘুরেফিরে আসছে এসব প্রসঙ্গ।গ্রুপ পর্বের সেই ফিরতি লেগে রিয়াল কিন্তু হারতেই বসেছিল। ৮৯ মিনিটে গোল করে ড্র এনে দেন মেসুত ওজিল। রিয়ালের এই জার্মান তারকা সেমিফাইনাল সম্পর্কে বলেছেন, ‘প্রতিপক্ষের ব্যাপারে আমাদের সমীহ আছে। কিন্তু আমরা কাউকে ভয় পাই না। নিজেদের সামর্থ্য সম্পর্কে আমরা ভালো করেই জানি। যেকোনো দলকেই আমরা হারাতে পারি।’লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়াও চ্যাম্পিয়নস লিগে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন ওজিল, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা আমাদের লক্ষ্য। এটা সামনে রেখেই সারা বছর আমরা প্রস্তুতি নিয়েছি। দুই লেগেই ডর্টমুন্ডকে হারানোর জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করব। গ্রুপ পর্বের পর এই দুই দলের মধ্যে আর কোনো গোপনীয়তাও নেই।’আবার জার্মানিতে ফিরছেন ওজিল। এবারের ফেরাটা অবশ্য হবে অন্য রকম। কারণ, ডর্টমুন্ডের মাঠের খুব কাছেই পোঁতা আছে তাঁর নাড়ি। ওজিল রোমাঞ্চিত সেই কথা ভেবেও, ‘আমি রুর অঞ্চল থেকে উঠে এসেছি। এ কারণে নিজের বাড়ির এত কাছাকাছি সেমিফাইনালটি খেলতে পারায় আমি খুব খুশি। তা ছাড়া জার্মানিতে খেলাটা সব সময়ই উপভোগ করি।’২৪ এপ্রিল সেই জন্মস্থানের কাছাকাছি খেলবেন ওজিল। ফিরতি লেগ ছয় দিন পর, বার্নাব্যুতে। ওজিল-সতীর্থ মার্সেলো মনে করেন, এই লড়াই জমবে খুব। কারণ, খেলার ধরনে রিয়ালের সঙ্গে অনেক মিল আছে ডর্টমুন্ডের, ‘আমরা অনেকটা ডর্টমুন্ডের মতোই। কারণ, আমরাও আক্রমণ করতে ভয় পাই না। খেলার এ ধরনের দিক দিয়ে আমরা একই রকম।’ দুই দলের মিল আছে আরেক জায়গায়। দুই দলই ফাইনালে উঠতে মরিয়া। মার্সেলো বলছেন, ‘আমরা সত্যিই মনেপ্রাণে ফাইনালে উঠতে চাইছি। এর জন্য আমরা ভালোমতো প্রস্তুতিও নিয়েছি। ড্রেসিংরুমেও এখন আমরা একে অন্যের খুব কাছে। মাঠের খেলাতেও এর ছায়া দেখা যাচ্ছে।’রিয়ালের মরিয়া হওয়ার কারণটি বোঝাই যায়। সেই ২০০২ সালে নবম শিরোপা জেতার পর এই এতগুলো বছর দশম ইউরোপসেরার শিরোপা-সন্ধানে মাথা কুটে মরছে তারা। এই দশম শিরোপা, অর্থাৎ লা ডেসিমার কথা মাদ্রিদের পথেঘাটেও শুনতে পাচ্ছেন মার্সেলো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মন বলছে, অপেক্ষা ঘুচবে এবারই। ওয়েবসাইট।