‘লা মেসিয়া’ এবার ভারতে
বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা ‘লা মেসিয়া’ ফুটবল-বিশ্বে রেখেছে অবিস্মরণীয় অবদান। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজসহ আরও অনেক ফুটবল-তারকা গড়ে উঠেছেন এই লা মেসিয়াতে। এবার ভারতেও সে রকম একটা ফুটবল-স্কুল গড়ে তোলার কথা জানিয়েছে এই স্প্যানিশ জায়ান্ট। এ ছাড়া আগামী তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার ফুটবলারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইউরোপের শীর্ষ এই ক্লাবটির।বার্সেলোনার প্রশিক্ষণ প্রতিষ্ঠান এফসিবিইস্কোলা এই বছরের শেষ থেকেই ভারতে প্রশিক্ষণের কাজটি শুরু করার কথা জানিয়েছে। প্রাথমিকভাবে দেশটির রাজধানী দিল্লিতে ছয় থেকে ১৪ বছরের ৩০০ শিশু-বালককে নিয়ে শুরু হবে এই ফুটবল-স্কুল। তবে পরে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, পুনে ও আহমেদাবাদেও এ রকম স্কুল চালুর পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। এফসিবিইস্কোলার পরিচালক জাভি মারকে গতকাল বুধবার বলেছেন, ‘এটা আমাদের খুবই উচ্চাকাঙ্ক্ষী একটা প্রকল্প। আমরা আগামী তিন বছরে প্রায় ১০ হাজার তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার আশা করছি। এর মাধ্যমে আমরা খুব তরুণ বয়স থেকেই কোচ ও খেলোয়াড় হয়ে ওঠার জন্য যে দক্ষতা প্রয়োজন হয়, সেইটা গড়ে তোলার চেষ্টা করব।’ক্রীড়াঙ্গনে ক্রিকেট-পাগল দেশ হিসেবেই পরিচিত ভারত। তার পরও সম্প্রতি ফুটবলের ব্যাপক জনপ্রিয়তাও লক্ষ করা গেছে দেশটিতে। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে এই ফুটবল-স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করে বার্সেলোনা। ক্লাবটির এক কর্মকর্তা ভারতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, ‘ভারতে বার্সার এই প্রকল্প চালু করতে গিয়ে কাজ করাটা আমার জন্য একটা চমত্কার অভিজ্ঞতা। আশা করছি, এখানকার তরুণ মেধাবী ফুটবলারদের সঙ্গে বেশ ভালোমতোই এগিয়ে যাওয়া যাবে।’