'লাইমলাইটে আসা নিয়ে কখনো ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ঘোচালেন আগের ম্যাচে। সেটিই যেন উদ্‌যাপন করলেন নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করে। কাল রাত সাড়ে ১১টার দিকে মাঠ থেকে হোটেলে ফেরার পর মাহমুদউল্লাহর সঙ্গে এই কথোপকথন:

মাঠের চারপাশে শট খেলেছেন মাহমুদউল্লাহ। এই শটে গ্রান্ট এলিয়টকে পাঠিয়েছেন লং অন গ্যালারিতে l শামসুল হক
মাঠের চারপাশে শট খেলেছেন মাহমুদউল্লাহ। এই শটে গ্রান্ট এলিয়টকে পাঠিয়েছেন লং অন গ্যালারিতে l শামসুল হক

l ওয়ানডেতে যেখানে সেঞ্চুরিই ছিল না, সেখানে টানা দুই ইনিংসে সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপে...ব্যাটে জাদুর কাঠির ছোঁয়া লাগল নাকি?

মাহমুদউল্লাহ: (হাসি) আলহামদুলিল্লাহ... কাল রাতেই চিন্তা করছিলাম, ভালো সময় যেহেতু এসেছে এটাকে কাজে লাগাতে হবে। খারাপ সময়ও তো দেখেছি। তা কি আর যেমন-তেমন খারাপ! এ কারণেই চেষ্টা করছি, ভালো সময়টা নিজের ও দলের জন্য যত বেশি কাজে লাগানো যায়।

l যখন ব্যাটিংয়ে নেমেছেন, পরিস্থিতিটা তো এর চেয়ে কঠিন হতে পারত না...

মাহমুদউল্লাহ: আজকের কন্ডিশনটা সত্যিই খুব কঠিন ছিল। বাউন্সটাও একটু অন্য রকম ছিল, বল খুব সুইংও করছিল, বেশ গতিতে। আমি আর সৌম্য যখন ব্যাটিং করছিলাম, দুজনই পজিটিভ ছিলাম। চিন্তাটা ছিল, ভালো বলগুলো কোনোমতে সামলে বাজে বলের জন্য অপেক্ষা করা। আজকের দিনে আমি একটু লাকিও ছিলাম।

l সকালে প্রথম কয়েক ওভারে বল যখন ইচ্ছামতো সুইং করছে, প্যাড পরে বসে থাকা আপনার মনের অবস্থাটা জানতে চাইছি...

মাহমুদউল্লাহ: আমি এত কিছু চিন্তা করছিলাম না। বুঝতে পারছিলাম, কন্ডিশনটা খুব কঠিন। তবে এটাও ভাবছিলাম, নতুন বলে এমন হচ্ছে, বলটা ১০ ওভার-১২ ওভার পুরোনো হয়ে গেলে ওরা বাজে বল অবশ্যই দেবে। সেসব কাজে লাগাতে হবে। ভালো বল মারতে গেলে হয়তো আউট হয়ে যাব, দল আরও চাপে পড়বে। সৌম্যও খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের পার্টনারশিপটা...

l এই পার্টনারশিপটা নিয়ে পরের প্রশ্ন...সৌম্য তো নতুন ছেলে, কী বলেছেন ওকে?

মাহমুদউল্লাহ: ও তো বাচ্চা ছেলে, অনেক সময় একটু বেশি মারার নেশা হতেই পারে। কারণ ও এমনিতেই খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান। আমি শুধু ওকে বলেছি, স্বাভাবিকভাবে ব্যাট কর। অন্য কিছু চিন্তা করার দরকার নাই। তোর যেটা শক্তির জায়গা, সেখানে বল পাওয়ার জন্য অপেক্ষা কর। মাশাআল্লাহ, ও ভালো ব্যাটিং করেছে।

l বাংলাদেশ দলে তো অনেক খেলোয়াড়কে আসতে-যেতে দেখেছেন। সৌম্যকে কেমন দেখছেন?

মাহমুদউল্লাহ: গত মৌসুমে প্রাইম ব্যাংকে একসঙ্গে খেলার আগে আমি ওর খেলা তেমন দেখিনি। খালি শুনতাম, সৌম্য-সৌম্য। একসঙ্গে খেলে দেখলাম, ওর খেলাটা খুব সাবলীল। গত কিছুদিনে অনেক উন্নতিও করেছে। ও যদি আরও কষ্ট করে আর মানসিকভাবে নিজেকে একটু গুছিয়ে নিতে পারে, তাহলে বাংলাদেশকে ও অনেক কিছু দিতে পারবে। মাত্রই তো শুরু করল...

l যখন বুঝলেন, টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হয়ে যাচ্ছে, নার্ভাসনেস কাজ করছিল, না এক্সাইটমেন্ট?

মাহমুদউল্লাহ: আজকে নার্ভাসনেসও ছিল না, এক্সাইটমেন্টও ছিল না। আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারছি কি না এটাই শুধু ভাবছিলাম। নব্বইয়ের ঘরে যাওয়ার পর মনে হলো সুযোগ যখন এসেছে, কাজে লাগাতে হবে। ওই সময়টায় থাকাও দরকার ছিল। কারণ মুশফিক তখন আউট হয়ে গেছে, সাব্বির মাত্র এসেছে। আমি তাই একটু সময় নিয়ে বাজে বলের জন্য অপেক্ষা করছিলাম। আর সাব্বিরও খুব অ্যাগ্রেসিভ খেলছিল। আমার এক শ হওয়ার পর মনে করেছি, এখন আমাকে কাভার করতে হবে। সাব্বির দারুণ ব্যাটিং করছে। একটা সময় আমি ওই জায়গাটায় ব্যাটিং করেছি বলে জানি, ওখানে ব্যাটিং করাটা কত কঠিন। গিয়েই মারতে হয়। এই কন্ডিশনে ওই পজিশনে সাব্বিরের এমন ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করাটা দারুণ।

l সেঞ্চুরি হওয়ার পরপরই যে তিনটি চার, সেটি কি চাপমুক্তির আনন্দে?

মাহমুদউল্লাহ: না, না, তেমন কিছু নয়। বাইরে বল দিয়েছে, মেরেছি। গ্যাপেও মারতে পেরেছি।

l রিচার্ড হ্যাডলি আজ আমাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার খুব প্রশংসা করছিলেন। বলছিলেন, এই বিশ্বকাপে অন্য যেকোনো সেঞ্চুরির সঙ্গে তুলনীয় আপনার আজকের ইনিংস...

মাহমুদউল্লাহ: ওনাকে অনেক ধন্যবাদ। উনি এত বড় প্লেয়ার ছিলেন, রীতিমতো কিংবদন্তি। ওনার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া খুবই ভালো লাগার বিষয়। এটা আমাকে আরও অনুপ্রাণিত করছে। সামনে আমাদের বড় একটা ম্যাচ। চেষ্টা করব, তাতেও ভালো কিছু করতে।

l বাংলাদেশ দলে আপনি তো সব সময়ই পার্শ্বনায়ক। কখনো সাকিব লাইমলাইটে, কখনো বা তামিম-মুশফিক, কখনো মাশরাফি...এখন এই বিশ্বকাপে আপনিই বাংলাদেশের মুখ। এটা কেমন লাগছে?

মাহমুদউল্লাহ: (লাজুক হাসি) আমি কখনোই লাইমলাইটে আসা না-আসা নিয়ে ভাবিনি। সাকিব আমাদের টিমের বেস্ট প্লেয়ার। মুশফিক অনেক দিন ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে। তামিম কত ভালো ইনিংস খেলেছে! ম্যাশ কত বছর ধরে আমাদের পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছে...

l তা না হয় বুঝলাম, কিন্তু আপনার কখনো ইচ্ছা হতো না, আপনিও দলের তারকা হবেন?

মাহমুদউল্লাহ: ইচ্ছা হতো। ইচ্ছা হতো যদি কখনো হতে পারি...এখন আল্লাহর রহমতে আমি ভালো ব্যাটিং করছি। টিমও ভালো করছে, ইংল্যান্ডকে হারিয়ে আমরা আমাদের বড় একটা লক্ষ্যও পূরণ করেছি।

l বাংলাদেশ দলের অনেকের মুখেই শুনলাম, আপনার এত ভালো খেলার রহস্য পরিবার সঙ্গে থাকা...

মাহমুদউল্লাহ: হ্যাঁ, এটা অবশ্যই একটা কারণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাকে এর অনুমতি দেওয়ার জন্য। আমার ফ্যামিলি সঙ্গে থাকার কারণে আমি খুব ভালো ফিল করছি।

l পরিবারকে ছাড়া কত দিন পর খারাপ লাগতে শুরু করে?

মাহমুদউল্লাহ: ফ্যামিলি ছাড়া সব সময়ই আমার পাগল-পাগল লাগে। বিশেষ করে ট্যুরে, আমার হোম সিকনেসটা একটু বেশিই। এবার আমার স্ত্রী প্রথমে আসতে চাচ্ছিল না। পরে আমি বললাম, প্লিজ আসো, তা হলে আমার জন্য ভালো হবে। তাকেও ধন্যবাদ।

l বাংলাদেশের এক খেলোয়াড় বলছিলেন, আপনি এবার ট্যুরের শুরু থেকেই খুব হাসিখুশি ছিলেন, কারণ জানতেন এক মাস পর বউ-বাচ্চা আসবে...

মাহমুদউল্লাহ: (হাসি) ঠিক। বিশেষ করে বাচ্চা হওয়ার পর ওকে আরও বেশি মিস করি। ও এখানে সঙ্গে থাকার কারণে খুব ভালো লাগছে।

l সেঞ্চুরির উদ্‌যাপন তো সেই একই...প্রথমে বউ, পরে বাচ্চা...ঠিক বুঝেছি তো?

মাহমুদউল্লাহ: (শুধু হাসি)।

l এখন তো সামনে ভারত। সেটি কি আরেকটি আনন্দের উপলক্ষ হবে?

মাহমুদউল্লাহ: হতেই পারে। যদিও ওরা খুব ভালো দল, কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে হয়ে যাবে। যে লক্ষ্যটা আমরা এখন স্বপ্নে চিন্তা করছি, সেটি হয়তো বাস্তব হবে।

l শোনা যাচ্ছে, এমসিজিতে তো ৮০ হাজার ভারতীয় দর্শক থাকবে...

মাহমুদউল্লাহ: কোনো অসুবিধা নাই। আমাদের দর্শকও থাকবে। আর আমরা যখনই খেলি, অনুভব করি ১৬ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। তাদের দোয়া সঙ্গে আছে...এর চেয়ে ভালো আর কী হতে পারে?

l সাকিব সংবাদ সম্মেলনে বললেন, সাঙ্গাকারা যদি টানা চারটি সেঞ্চুরি করতে পারে, আপনি কেন নন? পরের ম্যাচেও সেঞ্চুরি কি সম্ভব?

মাহমুদউল্লাহ: এ মুহূর্তে কিছু বলতে পারছি না। সাঙ্গাকারা ক্লাস প্লেয়ার। কী করছে! টানা চারটি সেঞ্চুরি, ভাবা যায়!

l প্রথম শ্রেণীর ক্রিকেটে তো আপনারও টানা চারটি সেঞ্চুরি আছে....

মাহমুদউল্লাহ: তা আছে। তবে ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি কঠিন।

l শেষ প্রশ্ন, এই হ্যামিল্টনেই আপনার প্রথম টেস্ট সেঞ্চুরি। সেটির সঙ্গে যদি আজকের সেঞ্চুরিটাকে তুলনা করতে বলি...

মাহমুদউল্লাহ: এ মুহূর্তে আজকের সেঞ্চুরিটাকেই এগিয়ে রাখব। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা বেশি স্পেশাল।