'লাকি গ্রাউন্ডে' ভালো কিছুর প্রত্যাশা
l এ মাঠে আগের টেস্টে সেঞ্চুরি করেছিলেন। আরেকটা টেস্টের আগে সেটা নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে...
মুমিনুল হক: আগে কী হয়েছে তা মাথায় আনতে চাচ্ছি না।
ছোট্ট উত্তরে অতৃপ্ত সাংবাদিকেরা যেন আরও কিছু শুনতে চাইলেন। তাঁদের সেই জিজ্ঞাসু দৃষ্টির সামনে দারুণ এক রসিকতা করে চলে গেলেন মুমিনুল, ‘মজা পান নাই, তাই না...।’ এবার আর মজা না পেয়ে উপায় ছিল না সাংবাদিকদের। হাসির রোল উঠল ড্রেসিংরুমের সিঁড়ির গোড়ায়।
মুমিনুল যদি সত্যি সত্যিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বশেষ টেস্টটাকে মনে না আনতে চান, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তবু ঘুরেফিরে আসছে গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করা সেই টেস্ট। মুমিনুলের ১৮১ আর সোহাগ গাজীর অপরাজিত ১০১ রানে প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তো সোহাগ বল হাতেও নিলেন হ্যাটট্রিকসহ ৬ উইকেট। মাথায় না আনতে চাইলেও এমন একটা সুখস্মৃতি মাত্র তিন মাসের মধ্যে পুরোনো হয়ে যাওয়ার কথা নয়।
শুধু সর্বশেষ টেস্ট ড্র করাতেই নয়, চট্টগ্রাম বাংলাদেশ দলের জন্য ‘লাকি গ্রাউন্ড’। প্রথম টেস্টে বাজে হারের পরও দ্বিতীয় টেস্টের আগে শুধু এ কারণেই নিজেদের এগিয়ে রাখার একটা উপলক্ষ পাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ভালো কিছুর আশা আছে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও। এই স্টেডিয়ামে এর আগে আটটি টেস্ট খেলে ৫০.২১ গড়ে রান করেছেন ৭০৩। ২০১০ সালে ভারতের বিপক্ষে করেছেন সেঞ্চুরিও। মুশফিক সেসব মাথায় রেখেই বললেন, ‘এটা আমার জন্যও লাকি গ্রাউন্ড। চেষ্টা থাকবে সে অনুযায়ী পারফর্ম করতে।’ এ ছাড়া দলের অধিনায়ক তিনি, অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়ও। ভালো খেলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার তাড়নাটা সে কারণেও মনে আসছে বেশি করে।
তবে মুশফিক মানেন, ‘লাকি গ্রাউন্ড’ই সব নয়। সবচেয়ে জরুরি ভালো খেলা, ব্যক্তিগত পারফরম্যান্সের যোগফলে বড় কিছু পাওয়ার চেষ্টা করা। অতীতের সুখস্মৃতি ওই ভালো খেলার চেষ্টায় কেবল প্রভাবকই হতে পারে, ‘শুধু মাঠ ভালো হলেই যে আপনি ভালো খেলবেন বা জিতে যাবেন, তা নয়। গাজী (সোহাগ) হয়তো চিন্তা করবে গতবার এ মাঠে হ্যাটট্রিকসহ ৬ উইকেট পেয়েছিল। এ ধরনের ছোট ছোট ব্যাপার সাহায্য করে। তবে খেলতে তো হবে আমাদেরই।’
ঢাকা টেস্টে শ্রীলঙ্কান বোলাররা শর্ট বলে সাফল্য পেলেও বাংলাদেশ দলের মধ্যে ছড়িয়ে থাকা সাধারণ ধারণা, চট্টগ্রামের অপেক্ষাকৃত নিচু বাউন্সের উইকেটে সে অস্ত্র কাজে লাগবে না। এই উইকেটে তারা নতুন কোনো অস্ত্রই প্রয়োগ করতে চাইবে এবং সেটির জন্য নিজেদের প্রস্তুত দাবি করলেন অধিনায়ক। সঙ্গে ব্যাটসম্যানদের মনে করিয়ে দিলেন, ‘ব্যাটসম্যানদেরই এই টেস্ট নিয়ন্ত্রণ করতে হবে, আশা করি আমরা সেটা পারব।’
বোলারদের হাতে কখনো ম্যাচের নিয়ন্ত্রণ এলেও এই উইকেটে সেটা থাকার কথা স্পিনারদের হাতে। সেদিক থেকেও মুশফিক আছেন স্বস্তিতে। হাতে যে আছে সাকিব আল হাসান আর সোহাগের মতো স্পিনার! ব্যাটিং প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবের বলে যাওয়া কথা অধিনায়কের স্বস্তি বাড়িয়ে দিতে পারে আরও, ‘অনেক দিন পর টেস্টে ফিরলেও প্রথম টেস্টে মনে হয়নি যে আমি ছন্দে নেই। একটা টেস্ট খেলে ফেলার পর চট্টগ্রামে আরও ভালো ছন্দ থাকার কথা।’
সাকিবের কথাটা সত্যি প্রমাণ হোক দলের ক্ষেত্রেও, ‘লাকি গ্রাউন্ডে’ সেটাই চায় সবাই।