'লাকি সেভেন' রোনালদিনহো?

তাঁর আগে গৌরবের এ মুকুট মাথায় উঠেছে মাত্র ছয়জনের। রোনালদিনহো হতে পারেন ভাগ্যবান ৭ নম্বর। শুধু ছোট্ট একটা কাজ করতে হবে ব্রাজিলিয়ান প্লে-মেকারকে। কোপা লিবার্তোদোরেসের ফাইনালের ফিরতি লেগে আজ প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়াকে হারাতে হবে দুই গোলের বেশি ব্যবধানে। তাহলেই কোপা লিবার্তোদোরেসের শিরোপা।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন ২০০৬ সালে। এবার অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিততে পারলে দুটি আলাদা মহাদেশীয় ক্লাব শিরোপা জয়ের কীর্তি গড়ে ফেলবেন রোনালদিনহো। এখন পর্যন্ত যে কীর্তি আছে ব্রাজিলের দিদা, কাফু, রকে জুনিয়র এবং আর্জেন্টিনার কার্লোস তেভেজ, ওয়াল্টার স্যামুয়েল ও হুয়ান পাবলো সরিনের।
তবে এই দলে রোনালদিনহোর নাম লেখানোর কাজটা মোটেই সহজ নয়। নিজেদের মাঠে ২-০ গোলে প্রথম লেগ জিতে চতুর্থ কোপা লিবার্তোদোরেস শিরোপার সুবাস পাচ্ছে অলিম্পিয়া। রোনালদিনহো ও মিনেইরোর জন্য অবশ্য টাটকা একটা অনুপ্রেরণার গল্প আছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগেও তো একই সমীকরণ ছিল। আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের মাঠে প্রথম লেগে ২-০ গোলেই হেরেছিল মিনেইরো। রক্ত ঝরিয়ে হলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করা রোনালদিনহোর দল ঠিকই ফিরতি লেগে ২-০ গোলে জিতে ম্যাচ নিয়ে নিয়ে গিয়েছিল টাইব্রেকারে। ফাইনালেও একই পরিস্থিতিতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, রোনালদিনহোও তাই পুনরাবৃত্তি করলেন আগের কথারই। টুইটারে বললেন, ‘আমরা এখনো আত্মবিশ্বাসী। সবকিছু শেষ হয়ে যায়নি। আমাদের হাতে এখনো একটি ম্যাচ আছে, শিরোপা জেতার জন্য দরকার হলে রক্ত দেব।’ মিনেইরোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার জো তাকিয়ে আছেন রোনালদিনহোর দিকেই, ‘রোনালদিনহো আসার পর দলটা চোখে পড়ার মতো উন্নতি করেছে। এ রকম চূড়ান্ত মুহূর্তে আমাদের সবারই আস্থা আছে ওর ওপর।’
লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা ও বিশ্বকাপজয়ী রোনালদিনহো কি পারবেন সতীর্থদের আস্থার প্রতিদান দিতে? পারবেন নিজের গৌরবের মুকুটে আরও একটি পালক যোগ করতে? ওয়েবসাইট।