‘লাপাজ-ফাঁড়া’ কাটাল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ম্যাচে খুব সতর্ক ছিল আর্জেন্টিনা। লাপাজের প্রতিকূল পরিবেশে এমন সতর্কতা অস্বাভাবিক কিছু ছিল না। ২০০৯ সালে এই মাঠেই বলিভিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃসহ স্মৃতি যে আর্জেন্টাইনদের মন থেকে একেবারেই হাওয়া হয়ে যায়নি। কালও মার্সেলো মরেনোর গোলে বলিভিয়া প্রথমে এগিয়ে গিয়েছিল ১-০ গোলে। কিন্তু ইভার বানেগার গোল বলিভিয়ার বিপক্ষে আরও একটি বাজে স্মৃতির হাত থেকে বাঁচিয়েছে আর্জেন্টিনাকে। লাপাজের মাত্রাতিরিক্ত উচ্চতার এই ভৌগোলিক পরিবেশ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেই এখন বেজায় খুশি আর্জেন্টিনা। লাপাজের এ পয়েন্টটি যে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়ার লড়াইয়ে বেশ ভালো শক্ত অবস্থানই গড়ে দিল আর্জেন্টাইন দলকে।২০০৯ সালে আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারানোর ম্যাচে বলিভিয়ার পক্ষে গোল পেয়েছিলেন মার্সেলো মরেনো। কালও লাপাজের ম্যাচে গোল পেয়ে গোল করার নিজের দক্ষতাকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করলেন তিনি। ২৫ মিনিটে আলেজান্দ্রো চুমারেরোর কাছ থেকে বল পেয়ে ডানপ্রান্ত থেকে বক্সের ভেতর দারুণ এক ক্রস ভাসান ক্লেমেন্তে রদ্রিগুয়েজ। রদ্রিগুয়েজের ক্রসটি দারুণ হেডে গোলে পরিণত করেন মার্সেলো মরেনো।গোল খাওয়ার আগে অবশ্য লিওনেল মেসি, রদ্রিগো পালাসিও, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাচেরানোর সমন্বয়ে গড়া আর্জেন্টিনা ছিল অনেকটাই এলোমেলো। চার বছর আগে এই বলিভিয়ার কাছেই ৬-১ গোলে হারের স্মৃতি যেন ফিরে আসছিল তাদের মননে। খুব কাছ থেকে একটি হেডের সুযোগ মিস করেন রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া। বাজে মিসের পর নিজেকে ফিরে পেতে মারিয়া অবশ্য বেশি সময় নেননি। গিনো পেরুজ্জির সঙ্গে পাস খেলে প্রায় ৪০ মিটার ছুটে বলিভিয়ার বক্সের বাইরে থেকে আরও প্রচেষ্টা চালান মারিয়া। তবে মারিয়ার সেই শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।প্রথমার্ধের ৪৪ মিনিটে খেলায় ফেরে আর্জেন্টিনা। হাভিয়ের মাচেরানোর একটি পাস থেকে বল পেয়ে লিওনেল মেসি বল তোলেন ইভার বানেগার মাথায়। বানেগার হেড বলিভিয়ার গোলরক্ষক গালারজাকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় বলিভিয়ার জালে।দ্বিতীয়ার্ধে আরও বেশি দৃঢ়তা ছিল বলিভিয়ার খেলায়। লাপাজের মাঠ থেকে আর্জেন্টিনাকে হার উপহার দিয়েই বিদায় করতে হবে—এমন একটি প্রতিজ্ঞা ছিল বলিভিয়ানদের চোখে-মুখে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই মার্টিনের ফ্রি-কিক কোনোমতে রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। আর্জেন্টিনাও এ সময় বসে ছিল না। ডি মারিয়া ও বানেগার সমন্বয়ে গড়ে ওঠা এক আক্রমণ থেকে বানেগার শট রক্ষা করেন বলিভিয়ান গোলরক্ষক গালারজা। গালারজার হাত থেকে ছুটে আসা বলে অবশ্য পা লাগিয়েছিলেন মেসি, কিন্তু তা গোলপোস্টের ঠিকানা খুঁজে পায়নি। এর কিছু পরে মেসির ফ্রি-কিক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গালারজা। খেলা শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন লিওনেল মেসি। তিনি গোলরক্ষক গালারজাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে পয়েন্ট তালিকায় কোনো হেরফের অবশ্য হলো না। লাপাজ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরে ব্রাজিল যাত্রায় অনেকটা পথই এগিয়ে গেলেন আলেজান্দ্রো সাবেলার ছেলেরা। আর বলিভিয়া থেকে গেল শেষের দিক দিয়ে দ্বিতীয় স্থানেই। রয়টার্স।