‘লাপাজ’ আতঙ্ক এড়াল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাতে হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে আছেন। যেন হাঁপিয়ে উঠেছেন। অথচ ম্যাচের ঘড়িতে তখন মাত্র ৩৫ মিনিট। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দশেক আগেই লিওনেল মেসিকে মনে হলো ক্লান্ত, দিশাহীন এক নাবিক! লাপাজ, বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত স্টেডিয়াম কেন বড় দলগুলোর জন্য মৃত্যুকূপ, সেটা প্রমাণ করে স্বাগতিক বলিভিয়া ২৫ মিনিটের মধ্যেই এক গোলে এগিয়ে গেছে। এই সময়ের মধ্যে দিতে পারত আরও ২ গোল। ২০০৯ সালের ৬-১ গোলে এই মাঠে আর্জেন্টিনার পরাজয়ের বিভীষিকার কথাও মনে করিয়ে দিলেন ভাষ্যকার।না, আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত সেই লজ্জায় পড়তে হয়নি। হারও নয়, আর্জেন্টিনা এবার লাপাজ থেকে ড্র নিয়ে ফিরেছে। প্রথমার্ধের শেষে এভার বানেগার হেডে পেয়েছে মূল্যবান ১ পয়েন্ট। অবশ্য আর্জেন্টিনা জিততেও পারত। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বলিভিয়ার রক্ষণের ভুলে বল পেয়ে গিয়েছিলেন মেসি। সামনে শুধুই গোলরক্ষক। গোল করাটা জলবৎ তরলং বানিয়ে ফেলা সেই মেসিই পারলেন না নিশ্চিত গোলটা করতে! কারণ? ওই যে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচু স্টেডিয়ামে খেলার ক্লান্তি! ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়কও এই সহজতম গোলটি করতে না-পারার ব্যাখ্যায় বলেছেন, ‘হ্যাঁ, আমি নিজে কিছুটা দ্বিধান্বিত ছিলাম, তবে এই উচ্চতায় খেলাটা আসলেই ভয়াবহ। অনেক দ্রুতগতিতে বল নিয়ে ছুটে যাওয়ার পর আসলে আর দম থাকে না।’আর্জেন্টিনা দলের অ্যাঙ্গেল ডি মারিয়াকেই কেবল মনে হচ্ছিল খেলতে কোনো সমস্যা হচ্ছে না তাঁর। বেশ কয়েকবার দ্রুতগতিতে বল নিয়ে বলিভিয়ার রক্ষণে ঢুকেছেন। পোস্ট ঘেঁষে গোটা দুই শটও নিয়েছেন। বানেগা ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারতেন। কিন্তু তাঁর দুর্দান্ত বাঁকানো শট বাঁয়ে লাফিয়ে দারুণভাবে রুখে দিয়েছেন বলিভিয়ান গোলরক্ষক সার্জিও গালার্জা। শেষ পর্যন্ত বলিভিয়ার বিপক্ষে ৬-১ লজ্জার পরে আরও টানা চার ম্যাচে জিততে পারল না আর্জেন্টিনা।আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জেতা একাদশ থেকে আটজনকে বসিয়ে দল সাজিয়েছিলেন আলেজান্দ্রে সাবেলা। জয় নিয়ে ফিরতে না পারলেও আর্জেন্টিনার কোচ তৃপ্ত, ‘দল দুর্দান্ত খেলেছে। শুরুর দিকে একটু ঝামেলা হচ্ছিল। তবে শেষ ২০-২৫ মিনিটে আমাদের আরও গোল করা উচিত ছিল।’ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। ওদিকে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে তিনে নেমে গেছে কলম্বিয়া। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং গত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে ২-০ গোলে হেরেছে চিলির কাছে। ১১ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ছয়ে। এই অঞ্চল থেকে থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। সেই প্লে-অফের জায়গা থেকেই ২ পয়েন্ট দূরে উরুগুয়ে। এএফপি, রয়টার্স।