‘লিখে রেখো আমার নাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্স বোর্ডে নিজের নাম ওঠার মুহূর্তটা সামনে থেকে দেখতে চাইলেন না তামিম ইকবাল, দেখতে চাইলেন কেবল নামটা। টিম ব্রেসনানকে লং অন দিয়ে চার মেরেই শূন্যে লাফিয়ে ওঠা সেঞ্চুরি উদ্যাপনে মিশে থাকল সেই ইচ্ছার কথা। ব্যাট উঁচিয়ে, হাতের ইশারায় ড্রেসিংরুমে জানিয়ে দিলেন, ‘লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম লেখো।’ ড্রেসিংরুমও দেরি করেনি। বাংলাদেশ দলের অ্যাটেন্ডডেন্টকে দিয়ে অনার্স বোর্ডে তখনই লিখিয়ে নেওয়া হলো তামিম ইকবালের নাম। তামিমের জন্য সেই মুহূর্তটা ধরে রাখার জন্য তোলা হলো ছবি।ইনজুরির কারণে ইংল্যান্ড সফর তামিম ইকবালের জন্য হয়ে উঠেছিল বড় একটা চ্যালেঞ্জের নাম। হাতের ব্যথা বেড়ে যাওয়ার শঙ্কায় একটা পর্যায়ে তো তাঁর টেস্ট সিরিজে খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল! কিন্তু লর্ডসে খেলার রোমাঞ্চ কে হারাতে চায়? তামিম তাই বলেছিলেন, ‘লর্ডসে যদি না খেলতে পারি এই সিরিজেই আর খেলব না।’শেষ পর্যন্ত তিনি টেস্টটা খেললেন, খেললেন নতুন একটা স্বপ্ন নিয়ে। সরাসরি না বললেও টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, ‘এখন নতুন একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের কথা পরে জানাব।’ তামিমের জানানোর দরকার হয়নি, লর্ডসে একজন ব্যাটসম্যান কী স্বপ্ন নিয়ে খেলেন, সেটা সবাই জানে। স্বপ্নের নাম সেঞ্চুরি, স্বপ্ন অনার্স বোর্ডের গ্রেটদের তালিকায় নিজেকে দেখা।বল হাতে শাহাদাত হোসেনের পর কাল স্বপ্নটা তামিমেরও পূরণ হলো। তবে এবার আর নতুন কোনো স্বপ্নের দিকে গেলেন না বাংলাদেশ দলের ওপেনার। বেপরোয়া ব্যাট ১০৩ রানেই তাঁকে ফেরত পাঠাল ড্রেসিংরুমে। স্টিভেন ফিনের বাউন্সারে ডিপ ফাইন লেগে ট্রটের ক্যাচ। তামিমের ব্যাট ইংলিশ বোলারদের শাসিয়েছে তারও অনেক আগে থেকে। মাত্র ৪৯ বলে ফিফটি, ৩৭ রান থেকে পরের ১১ বলেই যোগ করেছেন ৩৪ রান। ওই সময় গ্রায়েম সোয়ানের এক ওভারেই দুই ছক্কাসহ নিয়েছেন ১৭! তামিমের ব্যাটে এই ঝড় থাকল আউট হওয়ার আগ পর্যন্ত। ১০০ বলে ১০৩ রানের ইনিংসে সেঞ্চুরি পূর্ণ করেছেন ৯৪ বলে, টেস্টে যেটা কিনা বাংলাদেশের পক্ষেই দ্রুততম। ভারতের বিপক্ষে ১০১ বলের সেঞ্চুরি দিয়ে কৃতিত্বটা এত দিনও তাঁরই ছিল। তবে কালকের সেঞ্চুরি দিয়ে নতুন একটা গৌরবের মুকুট পরেছেন তামিম। ৯৪ বলে ১০০, লর্ডসের গত ২০ বছরের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ১৯৯০ সালে ভারতের আজাহারউদ্দিন সেঞ্চুরি করেছিলেন ৮৭ বলে।ইংল্যান্ডের বিপক্ষে বড় ইনিংস খেলা নতুন কিছু নয় তামিমের জন্য। টেস্টে কালকের আগে এই দলটার বিপক্ষে যে পাঁচ ইনিংস ব্যাট করেছেন, তার চারটাতেই ফিফটি। তবে প্রয়াত বাবা আর মাকে উৎসর্গ করা এবারের ইনিংসটা যে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটা তামিমই জানালেন, ‘আমার ভেতর আসল তাড়নাটা এসেছে কাল (পরশু) রাতে টিভি দেখে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ বয়কট মন্তব্য করেছেন, আমাদের নাকি টেস্টেই থাকা উচিত না! কথাটা শুনে জেদ চেপেছে, খারাপ লেগেছে। রাত একটা পর্যন্ত জেগে থেকে শুধু ভেবেছি সত্যি সত্যি এ রকম কিছু হলে কী হবে? আমরা তরুণ দল, ওনাদের সম্মান করি। আমরা চাই ওনাদের কাছ থেকে ভালো কিছু শুনতে। তাঁরা যদি এ রকম বলেন তাহলে তো আর সম্মানটা থাকবে না। ওনারা বড় খেলোয়াড় ছিলেন। তাঁদের সমর্থন আমাদের উৎসাহ দেয়। বয়কটের কথা শোনার পরই ভাবলাম, জীবনের সেরা খেলাটা খেলতে হবে। প্রথম বলে আউট হতে পারি, কিন্তু যতক্ষণ মাঠে থাকব, সেরা খেলা খেলব।’ বয়কটের কথা তাতিয়ে দিলেও লর্ডসে সেঞ্চুরির ইচ্ছা তামিমের আগে থেকেই ছিল, ‘অনার্স বোর্ড প্রথম দেখার পর এখানে যে নাম লেখে তাঁকে বলেছি, বোর্ডে নাম লিখে তবেই ফিরব, তার আগে কোথাও যাব না। সেঞ্চুরির পর মাঠ থেকে এটাই বলেছি যে, আমার নামটা ওখানে লেখো।’তামিম ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির জন্য আলাদা করে ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ জেমি সিডন্সকে, ‘একটা পর্যায়ে হাতের অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু সাকিব আর কোচ জেমি আমাকে অনুরোধ করেছেন এই টেস্টটা খেলার জন্য। জেমি বলেছেন, আমি কোনো ম্যাচে রান না করলেও কোনো সমস্যা নেই। শুধু একটু চেষ্টা করতে। ওদের কারণেই এখানে একটা ফিফটি আর সেঞ্চুরি।’সাকিব-সিডন্সের সঙ্গে একটা ধন্যবাদ কি বয়কটও পেতে পারেন না?